আমেরিকান ফিজিক্যাল সোসাইটির ফেলো নির্বাচিত ড. অরুণ কুমার

রাবি: যুক্তরাষ্ট্রভিত্তিক বিশ্বের অন্যতম মর্যাদাপূর্ণ বৈজ্ঞানিক সংগঠন আমেরিকান ফিজিক্যাল সোসাইটির (এপিএস) ২০২৬ সালের ফেলো নির্বাচিত হয়েছেন রাজশাহী বিশ্ববিদ্যালয়ের (রাবি) প্রফেসর ইমেরিটাস অধ্যাপক ড. অরুণ কুমার বসাক। শুক্রবার (৯ অক্টোবর) বাংলাদেশ সময় রাত ১০টায় এ ঘোষণা দেওয়া হয়। এ বছর বিশ্বের বিভিন্ন দেশের পদার্থবিজ্ঞানীদের মধ্য থেকে মাত্র ১৫৩ জন এই সম্মাননা অর্জন করেছেন। নিউক্লিয়াস-নিউক্লিয়াস বিভবের প্রয়োগের […] The post আমেরিকান ফিজিক্যাল সোসাইটির ফেলো নির্বাচিত ড. অরুণ কুমার first appeared on Sa

আমেরিকান ফিজিক্যাল সোসাইটির ফেলো নির্বাচিত ড. অরুণ কুমার
১০ অক্টোবর, ২০২৬ ১৯:০০  

রাবি: যুক্তরাষ্ট্রভিত্তিক বিশ্বের অন্যতম মর্যাদাপূর্ণ বৈজ্ঞানিক সংগঠন আমেরিকান ফিজিক্যাল সোসাইটির (এপিএস) ২০২৬ সালের ফেলো নির্বাচিত হয়েছেন রাজশাহী বিশ্ববিদ্যালয়ের (রাবি) প্রফেসর ইমেরিটাস অধ্যাপক ড. অরুণ কুমার বসাক।

শুক্রবার (৯ অক্টোবর) বাংলাদেশ সময় রাত ১০টায় এ ঘোষণা দেওয়া হয়। এ বছর বিশ্বের বিভিন্ন দেশের পদার্থবিজ্ঞানীদের মধ্য থেকে মাত্র ১৫৩ জন এই সম্মাননা অর্জন করেছেন।

নিউক্লিয়াস-নিউক্লিয়াস বিভবের প্রয়োগের মাধ্যমে নিউক্লীয় পদার্থবিজ্ঞান ও জ্যোতির্পদার্থবিজ্ঞানের দীর্ঘদিনের সমস্যার সমাধানে গুরুত্বপূর্ণ অবদান এবং বাংলাদেশে কম্পিউটার সচেতনতা ও বিজ্ঞানশিক্ষার প্রসারে ড. অরুণ কুমার বসাকের ভূমিকার স্বীকৃতিস্বরূপ তাকে এই সম্মাননায় ভূষিত করা হয়েছে।

বিশেষ তাৎপর্যের বিষয় হলো- ড. অরুণ কুমার বসাক বাংলাদেশের বিশ্ববিদ্যালয়ে কর্মরত একমাত্র পদার্থবিদ হিসেবে এ সম্মান অর্জন করেছেন।

এদিকে গত ৫ অক্টোবর তিনি প্রধানমন্ত্রী তারেক রহমানের হাত থেকে ২০২৬ সালের গুণী শ্রেষ্ঠ শিক্ষকের সম্মাননা লাভ করেন।

৮৬ বছর বয়সেও গবেষণা, শিক্ষকতা ও বিজ্ঞানশিক্ষায় তার অবদান নতুন প্রজন্মের জন্য অনুপ্রেরণার উৎস। তার এই অর্জন বাংলাদেশের উচ্চশিক্ষা ও গবেষণার অঙ্গনে এক গর্বের সংযোজন।

আমেরিকান ফিজিক্যাল সোসাইটির ফেলো নির্বাচিত হওয়ার অনুভূতি প্রকাশ করে অধ্যাপক ড. অরুণ কুমার বসাক বলেন, ‘এই স্বীকৃতি আমার দীর্ঘদিনের গবেষণা, শিক্ষকতা ও বিজ্ঞানচর্চার প্রতি এক ধরনের সম্মান। আমি মনে করি, এটি শুধু আমার ব্যক্তিগত অর্জন নয়, বাংলাদেশের বিজ্ঞানশিক্ষা ও গবেষণার জন্যও গর্বের বিষয়।’

তিনি আরও বলেন, ‘দেশের তরুণ শিক্ষার্থীরা যেন বিজ্ঞানচর্চা ও মৌলিক গবেষণায় আরও বেশি আগ্রহী হয়, সেটিই আমার প্রত্যাশা। সীমিত সুযোগ-সুবিধার মধ্যেও নিষ্ঠা ও অধ্যবসায়ের মাধ্যমে আন্তর্জাতিক পর্যায়ে অবদান রাখা সম্ভব। আমি চাই, বাংলাদেশের বিশ্ববিদ্যালয়গুলোতে গবেষণার পরিবেশ আরও সমৃদ্ধ হোক এবং নতুন প্রজন্ম বিশ্বমানের বিজ্ঞানী হিসেবে গড়ে উঠুক।’

অভিনন্দন জানিয়ে রাজশাহী বিশ্ববিদ্যালয়ের উপাচার্য অধ্যাপক ড. মো. ফরিদুল ইসলাম বলেন, ‘আমেরিকান ফিজিক্যাল সোসাইটির মতো আন্তর্জাতিকভাবে মর্যাদাপূর্ণ সংগঠনের ফেলো নির্বাচিত হওয়া অধ্যাপক ড. অরুণ কুমার বসাকের দীর্ঘদিনের গবেষণা, শিক্ষকতা ও বিজ্ঞানচর্চার এক অসাধারণ স্বীকৃতি। তার এই অর্জনে রাজশাহী বিশ্ববিদ্যালয়সহ পুরো বাংলাদেশ গর্বিত। তার সাফল্য দেশের তরুণ শিক্ষার্থীদের বিজ্ঞানচর্চা ও মৌলিক গবেষণায় আগ্রহী করে তুলবে এবং আন্তর্জাতিক অঙ্গনে বাংলাদেশের উচ্চশিক্ষা ও গবেষণার ভাবমূর্তি আরও উজ্জ্বল করবে
বলে আমরা আশাবাদী।’

The post আমেরিকান ফিজিক্যাল সোসাইটির ফেলো নির্বাচিত ড. অরুণ কুমার first appeared on Sarabangla | Breaking News | Sports | Entertainment.