স্বাস্থ্য খাতে বাজেট বরাদ্দ বৃদ্ধি করেছে বর্তমান সরকার: চীফ হুইপ

ঢাকা: স্বাস্থ্য খাতের উন্নয়নে বর্তমান সরকার বিশেষ গুরুত্ব দিয়েছে উল্লেখ করে জাতীয় সংসদের চীফ হুইপ নূরুল ইসলাম মনি বলেছেন, এ খাতে বাজেট বরাদ্দ পূর্বের তুলনায় করা হয়েছে। এ উদ্যোগের জন্য তিনি প্রধানমন্ত্রী তারেক রহমান ও ডা. জুবাইদা রহমানকে ধন্যবাদ জানান। আজ শুক্রবার (৯ অক্টোবর) রাজধানীর প্যান প্যাসিফিক সোনারগাঁও হোটেলে বাংলাদেশ থাইরয়েড সোসাইটির (বিটিএস) ৮ম জাতীয় […] The post স্বাস্থ্য খাতে বাজেট বরাদ্দ বৃদ্ধি করেছে বর্তমান সরকার: চীফ হুইপ first appeared on Sarabangla | Breaking News | Sports | Ente

স্বাস্থ্য খাতে বাজেট বরাদ্দ বৃদ্ধি করেছে বর্তমান সরকার: চীফ হুইপ
৯ অক্টোবর, ২০২৬ ১৯:০০  

ঢাকা: স্বাস্থ্য খাতের উন্নয়নে বর্তমান সরকার বিশেষ গুরুত্ব দিয়েছে উল্লেখ করে জাতীয় সংসদের চীফ হুইপ নূরুল ইসলাম মনি বলেছেন, এ খাতে বাজেট বরাদ্দ পূর্বের তুলনায় করা হয়েছে। এ উদ্যোগের জন্য তিনি প্রধানমন্ত্রী তারেক রহমান ও ডা. জুবাইদা রহমানকে ধন্যবাদ জানান।

আজ শুক্রবার (৯ অক্টোবর) রাজধানীর প্যান প্যাসিফিক সোনারগাঁও হোটেলে বাংলাদেশ থাইরয়েড সোসাইটির (বিটিএস) ৮ম জাতীয় সম্মেলন ও বার্ষিক সাধারণ সভা ২০২৬-এর উদ্বোধনী অধিবেশনে প্রধান অতিথির বক্তব্যে তিনি এসব কথা বলেন।

চীফ হুইপ বলেন, দেশে গত দুই বছর হামের টিকাদানে ঘাটতি থাকায় এর নেতিবাচক প্রভাব পড়েছে। পূর্ববর্তী সময়ে সৃষ্ট এ পরিস্থিতির চাপ বর্তমান সরকারকে সামাল দিতে হচ্ছে। তবে স্বাস্থ্য খাতের বিদ্যমান সমস্যা মোকাবিলা এবং জনগণের চিকিৎসাসেবা নিশ্চিত করতে সরকার কাজ করে যাচ্ছে।

তিনি বলেন, পতিত সরকার দেশের বিভিন্ন খাতের ব্যাপক ক্ষতি করেছে। স্বাস্থ্য খাতকে ঢেলে সাজাতে ডা. জুবাইদা রহমানের পরামর্শ ও সহযোগিতায় প্রধানমন্ত্রী তারেক রহমান এ খাতে বাজেট বরাদ্দ প্রায় দ্বিগুণ করেছেন। স্বাস্থ্য খাতের পাশাপাশি বিদ্যুৎ ও জ্বালানি খাতের উন্নয়নেও সরকার নিরলসভাবে কাজ করছে।

থাইরয়েড রোগ সম্পর্কে জনসচেতনতা বৃদ্ধি ও গবেষণার ওপর গুরুত্বারোপ করে চীফ হুইপ বলেন, মানবদেহের বৃদ্ধি, বুদ্ধিবৃত্তিক বিকাশ এবং শরীরের বিভিন্ন কার্যক্রম নিয়ন্ত্রণে থাইরয়েড গ্রন্থির গুরুত্বপূর্ণ ভূমিকা রয়েছে। এ রোগের প্রতিরোধ, দ্রুত নির্ণয় ও উন্নত চিকিৎসা নিশ্চিত করতে চিকিৎসকদের পাশাপাশি সংশ্লিষ্ট সবাইকে এগিয়ে আসতে হবে।

তিনি বলেন, থাইরয়েড বিষয়ে সচেতনতা সৃষ্টি ও গবেষণায় সহযোগিতার জন্য তিনি ব্যক্তিগতভাবে উদ্যোগ নেবেন। এ ক্ষেত্রে সংসদে প্রয়োজনীয় উদ্যোগ গ্রহণের সুযোগ থাকলে তা বাস্তবায়নেরও চেষ্টা করবেন। শিক্ষা, উদ্ভাবন ও কার্যকর উদ্যোগের সমন্বয়ের মাধ্যমে থাইরয়েড রোগে আক্রান্ত মানুষের জীবনমান উন্নয়ন সম্ভব বলে তিনি আশাবাদ ব্যক্ত করেন।

সম্মেলনের সাফল্য কামনা করে চীফ হুইপ বলেন, এ সম্মেলনে অর্জিত জ্ঞান, অভিজ্ঞতা ও সুপারিশ দেশের স্বাস্থ্যসেবার মানোন্নয়নে গুরুত্বপূর্ণ ভূমিকা রাখবে বলে তিনি আশা করেন।

অনুষ্ঠানে সভাপতিত্ব করেন বাংলাদেশ থাইরয়েড সোসাইটির সভাপতি ও ন্যাশনাল ইনস্টিটিউট অব নিউক্লিয়ার মেডিসিন অ্যান্ড অ্যালায়েড সায়েন্সেসের (নিনমাস) পরিচালক অধ্যাপক ডা. এ কে এম ফজলুল বারী। বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন ডক্টরস অ্যাসোসিয়েশন অব বাংলাদেশের সভাপতি অধ্যাপক ডা. হারুন আল রশীদ, বাংলাদেশ থাইরয়েড সোসাইটির প্রধান উপদেষ্টা অধ্যাপক ডা. এম এ করিম এবং ডায়াবেটিক অ্যাসোসিয়েশন অব বাংলাদেশের সভাপতি অধ্যাপক ডা. এ কে আজাদ খান। স্বাগত বক্তব্য দেন সোসাইটির মহাসচিব অধ্যাপক ডা. নাসরীন সুলতানা। অনুষ্ঠানে সোসাইটির প্রতিষ্ঠাতা সভাপতি অধ্যাপক ফৌজিয়া মোসলেম উপস্থিত ছিলেন।

দিনব্যাপী সম্মেলনে থাইরয়েড রোগ নির্ণয় ও চিকিৎসার আধুনিক পদ্ধতি, থাইরয়েড ক্যান্সার, গর্ভাবস্থায় থাইরয়েড সমস্যা, আয়োডিনের ঘাটতিজনিত রোগ এবং থাইরয়েড রোগের সঙ্গে হৃদযন্ত্রের সম্পর্ক নিয়ে বৈজ্ঞানিক আলোচনা অনুষ্ঠিত হয়। সম্মেলনে ১২টি মৌখিক গবেষণাপত্র ও ১০টি পোস্টার উপস্থাপন করা হয়।

The post স্বাস্থ্য খাতে বাজেট বরাদ্দ বৃদ্ধি করেছে বর্তমান সরকার: চীফ হুইপ first appeared on Sarabangla | Breaking News | Sports | Entertainment.