ভারতীয় নাগরিক রবিউলকে ফের ৭ দিনের রিমান্ডে নিতে আবেদন
ঢাকা: গুপ্তচরবৃত্তির অভিযোগে রাজধানীর উত্তরা পশ্চিম থানায় করা মামলায় ভারতীয় নাগরিক রবিউল ইসলামকে ফের সাতদিনের রিমান্ডে নিতে আবেদন করেছে পুলিশ। সাতদিনের রিমান্ড শেষে বৃহস্পতিবার (৮ অক্টোবর) ঢাকার মেট্রোপলিটন ম্যাজিস্ট্রেট হাসিবুল্লাহ পিয়াসের আদালতে এ আবেদন করেন মামলার তদন্ত কর্মকর্তা রমনা গোয়েন্দা বিভাগের পুলিশ পরিদর্শক মো. নূর আলম। রাষ্ট্রপক্ষের আইনজীবী শামসুদ্দোহা সুমন বিষয়টি নিশ্চিত করেছেন। আদালত এ […] The post ভারতীয় নাগরিক রবিউলকে ফের ৭ দিনের রিমান্ডে নিতে আবেদন first appeared on Sarabangla

ঢাকা: গুপ্তচরবৃত্তির অভিযোগে রাজধানীর উত্তরা পশ্চিম থানায় করা মামলায় ভারতীয় নাগরিক রবিউল ইসলামকে ফের সাতদিনের রিমান্ডে নিতে আবেদন করেছে পুলিশ। সাতদিনের রিমান্ড শেষে বৃহস্পতিবার (৮ অক্টোবর) ঢাকার মেট্রোপলিটন ম্যাজিস্ট্রেট হাসিবুল্লাহ পিয়াসের আদালতে এ আবেদন করেন মামলার তদন্ত কর্মকর্তা রমনা গোয়েন্দা বিভাগের পুলিশ পরিদর্শক মো. নূর আলম। রাষ্ট্রপক্ষের আইনজীবী শামসুদ্দোহা সুমন বিষয়টি নিশ্চিত করেছেন। আদালত এ বিষয়ে শুনানি করবেন।
এর আগে গত ১ অক্টোবর রবিউলকে সাতদিনের রিমান্ডে পাঠিয়েছিলেন আদালত। এর আগে ২৩ সেপ্টেম্বর তাকে প্রথম দফায় রিমান্ডে নেওয়া হয়। সব মিলিয়ে এ মামলায় এখন পর্যন্ত তিন দফায় ১৫ দিনের রিমান্ডে নেওয়া হয়েছে তাকে।
বৃহস্পতিবারের রিমান্ড আবেদনে পুলিশ দাবি করেছে, রবিউলকে জিজ্ঞাসাবাদে গত ১০ থেকে ১২ বছরে ১৫ বারের বেশি বাংলাদেশে আসা-যাওয়ার বিষয়ে প্রশ্ন করা হয়। তিনি কখনো পর্যটন, আবার কখনো ব্যবসায়িক ভিসায় বাংলাদেশে আসার কথা বলেছেন। তবে এসব সফরের প্রকৃত কারণ সম্পর্কে তিনি স্পষ্ট কোনো ব্যাখ্যা দিতে পারেননি বলে আবেদনে উল্লেখ করা হয়েছে।
পুলিশের দাবি, জিজ্ঞাসাবাদে রবিউলের দেওয়া তথ্যের মধ্যে অসংগতি পাওয়া গেছে। তার বক্তব্য ছিল ভাঙা ও অস্পষ্ট। এ কারণে তার বাংলাদেশে আসা-যাওয়ার প্রকৃত উদ্দেশ্য এবং সংশ্লিষ্ট ব্যক্তিদের বিষয়ে আরও তথ্য জানতে তাকে জিজ্ঞাসাবাদ করা প্রয়োজন বলে জানিয়েছে পুলিশ।
রিমান্ড আবেদনে আরও দাবি করা হয়েছে, রবিউল ভারতীয় নাগরিক এবং একটি দেশের গোয়েন্দা সংস্থার হয়ে কাজ করেন। তিনি বাংলাদেশে পাচার নিষিদ্ধ গুরুত্বপূর্ণ সরকারি নথি বা তথ্য পাচারের সঙ্গে জড়িত বলে পুলিশের অভিযোগ। এসব কর্মকাণ্ডের পৃষ্ঠপোষক, অর্থদাতা ও সহযোগীদের শনাক্ত করতে তাকে ফের রিমান্ডে নেওয়া প্রয়োজন বলে আবেদনে উল্লেখ করা হয়েছে।
মামলার অভিযোগে বলা হয়েছে, ভারতীয় নাগরিক হলেও রবিউলের পাসপোর্টে জন্মস্থান সৌদি আরবের রিয়াদ উল্লেখ রয়েছে। জিজ্ঞাসাবাদে তিনি ১০ থেকে ১২ বছর ধরে বিভিন্ন সময়ে বাংলাদেশে আসা-যাওয়া করার কথা জানিয়েছেন বলে পুলিশ দাবি করেছে।
পুলিশের ভাষ্য অনুযায়ী, ব্যবসার কথা বলে বাংলাদেশে এসে রবিউল গুপ্তচরবৃত্তির সঙ্গে জড়িত ছিলেন এবং বিদেশি সংস্থার কাছে তথ্য পাচার করেছেন। বাংলাদেশে অবস্থানকালে তিনি গুরুত্বপূর্ণ সরকারি স্থাপনা ও সংরক্ষিত এলাকার ছবি এবং সরকারি নথি বা তথ্য বিদেশি গোয়েন্দা সংস্থার কাছে পাঠানোর চেষ্টা করেছেন বলেও অভিযোগ করা হয়েছে। পাশাপাশি বিদেশি গোয়েন্দা সংস্থার এজেন্টদের সহযোগিতা করার অভিযোগও রয়েছে তার বিরুদ্ধে।
পুলিশের দাবি, সাম্প্রতিক সময়ে দেশে ঘটে যাওয়া নাশকতামূলক কর্মকাণ্ডে রবিউলের সম্পৃক্ততা এবং গুপ্তচরবৃত্তির বিষয়ে সন্দেহ তৈরি হয়। এর পরিপ্রেক্ষিতে গত ২৩ সেপ্টেম্বর তাকে প্রথমে ফৌজদারি কার্যবিধির ৫৪ ধারায় গ্রেফতার দেখানো হয়। রিমান্ডে জিজ্ঞাসাবাদের পর পাওয়া তথ্যের ভিত্তিতে তার বিরুদ্ধে ‘অফিশিয়াল সিক্রেটস অ্যাক্ট, ১৯২৩’-এর আওতায় নিয়মিত মামলা করা হয় বলে পুলিশ জানিয়েছে।
মামলার বিবরণ অনুযায়ী, ভারতের পশ্চিমবঙ্গের উত্তর ২৪ পরগনা জেলার মাটিয়া থানার গৌড়িভোজ গ্রামের বাসিন্দা শহীদুল ইসলামের ছেলে রবিউল ইসলাম গত ১৪ সেপ্টেম্বর বাংলাদেশে আসেন। পরে উত্তরা পশ্চিম থানার ১১ নম্বর সেক্টরের একটি বাসা থেকে তাকে আটক করা হয়। প্রাথমিক জিজ্ঞাসাবাদের সময় রবিউল তার পাসপোর্ট দেখান। পরে তার পাসপোর্ট, ড্রাইভিং লাইসেন্স ও ভারতীয় জাতীয় পরিচয়পত্রের তথ্য যাচাই করে জন্মতারিখে বড়ো ধরনের অসংগতি পাওয়া গেছে বলে জানিয়েছে পুলিশ।
এ ছাড়া বাংলাদেশে তার একাধিকবার যাতায়াত ও অবস্থানের বিষয়ে জিজ্ঞাসাবাদে রবিউল অসংলগ্ন তথ্য দিয়ে তদন্তকে বিভ্রান্ত করার চেষ্টা করেছেন বলেও পুলিশের পক্ষ থেকে অভিযোগ করা হয়েছে।
The post ভারতীয় নাগরিক রবিউলকে ফের ৭ দিনের রিমান্ডে নিতে আবেদন first appeared on Sarabangla | Breaking News | Sports | Entertainment.





