পার্সোনাল কম্পিউটারে এআই: মাইক্রোসফটের নতুন বাজিমাত

পার্সোনাল কম্পিউটারে এআই: মাইক্রোসফটের নতুন বাজিমাত
৮ অক্টোবর, ২০২৬ ১৩:৫৮  

স্মার্টফোনের পর এবার ব্যক্তিগত কম্পিউটারে (পিসি) কৃত্রিম বুদ্ধিমত্তা বা এআই প্রযুক্তিকে সরাসরি যুক্ত করার দৌড়ে অ্যাপলকে টেক্কা দিতে নেমেছে মাইক্রোসফট। সম্প্রতি সান ফ্রান্সিসকোতে আয়োজিত এক বিশেষ অনুষ্ঠানে প্রতিষ্ঠানটি পিসিতে সরাসরি কাজ করতে সক্ষম নতুন এআই মডেল এবং এআই এজেন্টদের নিরাপত্তা দেওয়ার বিশেষ প্রযুক্তি উন্মোচন করেছে। 

এর পাশাপাশি মার্কিন চিপ প্রস্তুতকারক প্রতিষ্ঠান এনভিডিয়ার শক্তিশালী 'আরটিএক্স স্পার্ক' চিপচালিত নতুন 'সারফেস ল্যাপটপ আল্ট্রা' উন্মোচন করেছে ওয়াশিংটনভিত্তিক এই প্রযুক্তি জায়ান্ট। 

সংশ্লিষ্টদের মতে, এখন পর্যন্ত ক্লাউড বা দূরবর্তী অনলাইন সার্ভারভিত্তিক যে এআই কাজগুলো করা হতো, তার একটি বড় অংশ ব্যবহারকারীদের নিজস্ব পিসিতে স্থানীয়ভাবে সম্পন্ন করার সুযোগ তৈরি করাই মাইক্রোসফটের মূল লক্ষ্য।

নিরাপত্তা ও এআই এজেন্টের সুশাসন
এআই এজেন্টগুলোর অনিয়ন্ত্রিত কার্যক্রম ও সম্ভাব্য নিরাপত্তা ঝুঁকি এড়াতে 'মাইক্রোসফট এক্সিকিউশন কন্টেইনার্স' নামের একটি বিশেষ প্রযুক্তির ঘোষণা দিয়েছেন মাইক্রোসফটের প্রধান নির্বাহী কর্মকর্তা সত্য নাদেলা। 

নতুন এই টুলের ফলে এআই এজেন্টগুলো ব্যবহারকারীর অনুমতি ছাড়া পিসির ভেতরের কোনো গোপন তথ্য দেখতে পারবে না বা অনাকাঙ্ক্ষিত কাজ পরিচালনা করতে পারবে না। 

ওপেনএআই, অ্যানথ্রোপিক এবং এনভিডিয়ার মতো শীর্ষ প্রযুক্তি সংস্থাগুলোও এই নিরাপত্তা কাঠামো ব্যবহার করতে সম্মত হয়েছে। নতুন এই ব্যবস্থার ফলে যেকোনো প্রতিষ্ঠানের আইটি বিভাগ সহজেই কর্মীদের পিসিতে এআই এজেন্টের কাজের সীমারেখা নির্দিষ্ট করে দিতে পারবে। 

এর পাশাপাশি মাইক্রোসফটের নিজস্ব 'কোপাইলট' সহকারীও এখন জটিল কাজগুলো ক্লাউডে পাঠালেও সাধারণ ও গোপনীয় কাজগুলো সরাসরি পিসিতেই সম্পন্ন করবে।

চড়া দাম ও মেমোরি সংকট
পিসিতে সরাসরি এআই চালানোর সুযোগ তৈরি হলেও এর প্রধান প্রতিবন্ধকতা হয়ে দাঁড়িয়েছে যন্ত্রাংশের চড়া দাম। বিশ্বজুড়ে মেমোরি চিপের চলমান ঘাটতির কারণে এআই সমর্থিত পিসি ও ডেসটপগুলোর উৎপাদন খরচ আগের চেয়ে অনেক বেড়ে গেছে। 

নতুন উন্মোচিত সারফেস ল্যাপটপ আল্ট্রার প্রাথমিক সংস্করণটির দাম শুরু হয়েছে ২ হাজার ৫৯৯ মার্কিন ডলার থেকে, যা সর্বোচ্চ শক্তিমত্তার সংস্করণে প্রায় ৫ হাজার ৮৯৯ ডলার পর্যন্ত পৌঁছাবে। 

প্রযুক্তি বিশ্লেষকদের মতে, পিসিতে স্থানীয়ভাবে এআই চালনার সফটওয়্যার প্রস্তুত হলেও যন্ত্রাংশের অতিরিক্ত মূল্যের কারণে সাধারণ গ্রাহকদের কাছে পৌঁছাতে আরও কিছুটা সময় লাগবে। ফলে প্রাথমিকভাবে কেবল বড় বাজেট ও প্রাতিষ্ঠানিক ব্যবহারের ক্ষেত্রগুলোতেই পিসিভিত্তিক এই এআই প্রযুক্তি সীমাবদ্ধ থাকবে।

ডিবিটেক/বিএমটি   ।   সূত্র: রয়টার্স