শিক্ষা ও গবেষণায় সহযোগিতার আহ্বান
ইউএফটিবিতে বিশ্ব শিক্ষক দিবসের মতবিনিময়
- বিশ্ব শিক্ষক দিবসে ইউএফটিবিতে শিক্ষকদের নিয়ে মতবিনিময় সভা অনুষ্ঠিত
- শিক্ষার মানোন্নয়নে উদ্ভাবনী চিন্তা ও সহযোগিতার গুরুত্ব তুলে ধরা
- সভা শেষে শিক্ষকদের উপহারসামগ্রী দিয়ে শুভেচ্ছা জানান উপাচার্য
পরিবর্তনশীল প্রযুক্তিনির্ভর বিশ্বের চাহিদার সঙ্গে শিক্ষার মান ও শিক্ষার্থীদের দক্ষতা উন্নয়নে শিক্ষকদের উদ্ভাবনী চিন্তা, নিষ্ঠা ও পারস্পরিক সহযোগিতার ওপর গুরুত্ব দিয়েছেন ইউনিভার্সিটি অব ফ্রন্টিয়ার টেকনোলজি, বাংলাদেশের (ইউএফটিবি) উপাচার্য অধ্যাপক ড. মো. মোক্তার আলী। বিশ্ব শিক্ষক দিবস উপলক্ষে আয়োজিত এক মতবিনিময় সভায় তিনি বলেন, জ্ঞান বিতরণের পাশাপাশি শিক্ষার্থীদের চিন্তাশীল, মানবিক ও দায়িত্বশীল নাগরিক হিসেবে গড়ে তুলতেও শিক্ষকদের গুরুত্বপূর্ণ ভূমিকা রয়েছে।
৫ অক্টোবর, সোমবার বিকেলে গাজীপুরের কালিয়াকৈরে ইউএফটিবির প্রশাসনিক ভবনের সভাকক্ষে এ মতবিনিময় সভা অনুষ্ঠিত হয়। সভায় প্রধান অতিথি ছিলেন বিশ্ববিদ্যালয়ের উপাচার্য অধ্যাপক ড. মো. মোক্তার আলী। এ সময় বিশ্ববিদ্যালয়ের বিভিন্ন বিভাগের শিক্ষকরা উপস্থিত ছিলেন।
প্রধান অতিথির বক্তব্যে অধ্যাপক ড. মো. মোক্তার আলী বলেন, পরিবর্তনশীল বিশ্বের চাহিদার সঙ্গে তাল মিলিয়ে শিক্ষার মান উন্নয়ন এবং শিক্ষার্থীদের দক্ষতা ও মূল্যবোধ বিকাশে শিক্ষকদের নিষ্ঠা, উদ্ভাবনী চিন্তা ও পারস্পরিক সহযোগিতা অপরিহার্য।
তিনি আরও বলেন, শিক্ষক-শিক্ষার্থী ও বিশ্ববিদ্যালয় প্রশাসনের মধ্যে কার্যকর যোগাযোগ এবং সহযোগিতামূলক পরিবেশ গড়ে উঠলে শিক্ষার মানোন্নয়নের পথ আরও সুগম হয়। বিশ্ব শিক্ষক দিবসের এই আয়োজন শিক্ষকদের অবদানকে স্মরণ করার পাশাপাশি শিক্ষা ও গবেষণার উন্নয়নে সম্মিলিতভাবে কাজ করার প্রেরণা জোগাবে।
সভায় বিশ্ব শিক্ষক দিবসের তাৎপর্য, উচ্চশিক্ষার গুণগত মানোন্নয়ন এবং শিক্ষকদের পেশাগত দায়িত্ব ও ভূমিকা নিয়ে মতবিনিময় হয়। উপস্থিত শিক্ষকরা শিক্ষা ও গবেষণার পরিবেশ উন্নয়নে তাঁদের মতামত ও অভিজ্ঞতা তুলে ধরেন।
সভা শেষে উপাচার্য অধ্যাপক ড. মো. মোক্তার আলী উপস্থিত শিক্ষকদের মধ্যে উপহারসামগ্রী বিতরণ করেন। তিনি বিশ্ব শিক্ষক দিবস উপলক্ষে শিক্ষকদের শুভেচ্ছা জানান এবং বিশ্ববিদ্যালয়ের শিক্ষা ও গবেষণার অগ্রযাত্রায় তাঁদের অবদানের প্রশংসা করেন।
//ডিবিটেক/এসএইচবি/এসএমপি/বিপিও//





