এআই ছবি দিয়ে মেট্রোরেল নিয়ে বিভ্রান্তি ছড়ানো হচ্ছে: ডিএনসিসি প্রশাসক

এআই ছবি দিয়ে মেট্রোরেল নিয়ে বিভ্রান্তি ছড়ানো হচ্ছে: ডিএনসিসি প্রশাসক
৩০ মে, ২০২৬ ১৮:১২  

সামাজিক যোগাযোগমাধ্যমে মেট্রোরেল ঘিরে ছড়িয়ে পড়া বিভিন্ন ছবি ও তথ্যকে ‘সম্পূর্ণ অসত্য’ ও ‘বিভ্রান্তিকর’ বলে দাবি করেছেন ঢাকা উত্তর সিটি করপোরেশনের (ডিএনসিসি) প্রশাসক মো. শফিকুল ইসলাম খান। তিনি বলেছেন, কৃত্রিম বুদ্ধিমত্তা (এআই) দিয়ে তৈরি ছবি ব্যবহার করে সরকার ও ডিএনসিসির ভাবমূর্তি ক্ষুণ্নের চেষ্টা চলছে।

৩০ মে, শনিবার কোরবানির বর্জ্য অপসারণ কার্যক্রমের অগ্রগতি জানাতে আয়োজিত সংবাদ সম্মেলনে তিনি এসব কথা বলেন।

ডিএনসিসি প্রশাসক বলেন, মেট্রোরেল নিয়ে বিভিন্ন ধরনের গুজব ছড়ানো হয়েছে। তিনি নিজে উপস্থিত থেকে পরিস্থিতি পর্যবেক্ষণ করেছেন উল্লেখ করে বলেন, সামাজিক যোগাযোগমাধ্যমে মেট্রোরেলের পাশের গ্রিল ভেঙে যাওয়া কিংবা যাত্রীদের ব্যবহৃত লিফট অচল করে দেওয়ার যে পোস্ট ছড়ানো হয়েছে, সেগুলো সম্পূর্ণ মিথ্যা ও বিভ্রান্তিকর।

তিনি বলেন, “সরকার ও ঢাকা উত্তর সিটি করপোরেশনের ভাবমূর্তি নষ্ট করতে এআই দিয়ে তৈরি ছবি ব্যবহার করা হচ্ছে। বাস্তবে মেট্রোরেলের বর্তমান অবস্থা সম্পূর্ণ স্বাভাবিক।”

সংবাদ সম্মেলনে ঈদুল আজহা উপলক্ষে কোরবানির বর্জ্য অপসারণ কার্যক্রম সম্পর্কেও তথ্য তুলে ধরেন ডিএনসিসি প্রশাসক। তিনি জানান, ঈদের তিন দিনে শনিবার সন্ধ্যা ৬টা পর্যন্ত মোট ১৮ হাজার ৩৪৪ টন কোরবানির বর্জ্য ল্যান্ডফিলে অপসারণ করা হয়েছে।

দুই কর্মকর্তাকে সাময়িক বরখাস্তের বিষয়ে এক প্রশ্নের জবাবে শফিকুল ইসলাম খান বলেন, প্রধানমন্ত্রীর যাতায়াতের পথে কিছু গৃহস্থালি বর্জ্য পড়ে থাকতে দেখা যায়। যদিও সেটি কোরবানির বর্জ্য ছিল না, তারপরও দায় সংশ্লিষ্টতার কারণে দুই কর্মকর্তাকে সাময়িক বরখাস্ত করা হয়েছে। এ বিষয়ে পরবর্তীতে চূড়ান্ত সিদ্ধান্ত নেওয়া হবে বলেও জানান তিনি।

এ ছাড়া নগরকে পরিচ্ছন্ন রাখতে ডিএনসিসির কার্যক্রম অব্যাহত থাকবে উল্লেখ করে প্রশাসক বলেন, ডেঙ্গু প্রতিরোধে আগামীকাল থেকে মশকবিরোধী অভিযানও শুরু করা হবে।

/ডিবিটেক/জেএনও/ইকে/