৫৬ শিক্ষা প্রতিষ্ঠানের বিতার্কিকদের যুক্তিযুদ্ধ উদ্বোধন

চট্টগ্রামে শুরু হলো রবি-দৃষ্টি ডিবেট চ্যাম্পিয়নশিপ ২০২৬

  • চট্টগ্রামে ৩২ স্কুল ও ২৪ বিশ্ববিদ্যালয় নিয়ে শুরু রবি-দৃষ্টি ডিবেট চ্যাম্পিয়নশিপ ২০২৬।
  • সিটি মেয়র শাহাদাত হোসেন প্রধান অতিথি হিসেবে প্রতিযোগিতাটির আনুষ্ঠানিক উদ্বোধন করেন।
  • আগামী ৯ অক্টোবর চূড়ান্ত পর্ব ও সমাপনী অনুষ্ঠানের মধ্য দিয়ে উৎসবটি শেষ হবে।

চট্টগ্রামে শুরু হলো রবি-দৃষ্টি ডিবেট চ্যাম্পিয়নশিপ ২০২৬
২ অক্টোবর, ২০২৬ ১৬:৪৯  
২ অক্টোবর, ২০২৬ ১৭:৫৫  

প্রযুক্তিনির্ভর মেধা ও মুক্তচিন্তার বিজ্ঞানভিত্তিক বিকাশ ঘটাতে তরুণ প্রজন্মকে এক মঞ্চে এনে বন্দরনগরীতে পর্দা উঠেছে দেশের অন্যতম শীর্ষ বিতর্ক উৎসবের। শুক্রবার (২ অক্টোবর) থিয়েটার ইনস্টিটিউট মিলনায়তনে আয়োজিত এক বর্ণাঢ্য অনুষ্ঠানের মাধ্যমে আনুষ্ঠানিকভাবে পর্দা উঠল ‘রবি-দৃষ্টি ডিবেট চ্যাম্পিয়নশিপ ২০২৬’-এর।

রবি আজিয়াটা পিএলসির পৃষ্ঠপোষকতায় আয়োজিত এ প্রতিযোগিতায় চট্টগ্রাম মহানগরীর ৩২টি স্কুল এবং দেশের ২৪টি বিশ্ববিদ্যালয় ও ডিবেটিং ক্লাবসহ মোট ৫৬টি শিক্ষা প্রতিষ্ঠান অংশ নিচ্ছে। আগামী ৯ অক্টোবর সমাপনী ও চূড়ান্ত প্রতিযোগিতার মধ্য দিয়ে শেষ হবে এই আয়োজন। এবারের আসরটি দৃষ্টি চট্টগ্রামের ৩১তম আন্তঃস্কুল এবং ২০তম আন্তঃবিশ্ববিদ্যালয় বিতর্ক প্রতিযোগিতা হিসেবে অনুষ্ঠিত হচ্ছে।

চট্টগ্রাম সিটি করপোরেশনের মেয়র ডা. শাহাদাত হোসেন প্রধান অতিথি হিসেবে উপস্থিত থেকে প্রতিযোগিতার উদ্বোধন করেন। অনুষ্ঠানে বিশেষ অতিথি ছিলেন রবি আজিয়াটা পিএলসির প্রধান করপোরেট ও নিয়ন্ত্রক কর্মকর্তা ব্যারিস্টার সাহেদ আলম, করপোরেট ব্যক্তিত্ব ও গীতিকার আসিফ ইকবাল, রবি আজিয়াটার জ্যেষ্ঠ ক্লাস্টার মার্কেট পরিচালক শেখ মাইনুল ইসলাম এবং টেকসই উন্নয়ন বিভাগের মহাব্যবস্থাপক মাহফুজ সোবহান রনি।

দৃষ্টি চট্টগ্রামের প্রতিষ্ঠাতা মাসুদ বকুলের সভাপতিত্বে অনুষ্ঠানে বক্তব্য দেন টুর্নামেন্ট কমিটির সভাপতি কাশসাফুল হক শেহজাদ, আহ্বায়ক সাইফুদ্দীন মুন্না, টুর্নামেন্ট পরিচালক সাবের শাহ এবং দৃষ্টি চট্টগ্রামের সাবেক সভাপতি সাইফ চৌধুরী।

উদ্বোধনী বক্তব্যে মেয়র ডা. শাহাদাত হোসেন শিক্ষার্থীদের যুক্তিনির্ভর চিন্তা ও জ্ঞানভিত্তিক গবেষণার ওপর জোর দিয়ে জানান, বিতর্ক নিছক প্রতিযোগিতা নয়, বরং বস্তুনিষ্ঠ যুক্তি, সহনশীলতা ও মানবিক নেতৃত্বের গুণাবলি তৈরির কার্যকর ক্ষেত্র।

টানা ১৬ বছর ধরে সহ-পৃষ্ঠপোষক থাকার কথা তুলে ধরে ব্যারিস্টার সাহেদ আলম জানান, মানুষের অন্তর্জগতে বিদ্যমান উদ্ভাবনী কল্পনাশক্তিকে সঠিকভাবে পরিচর্যা করতে পারলে তা দেশের তথ্যপ্রযুক্তি ও সার্বিক উন্নয়নে মূল্যবান অবদান রাখতে পারে। আসিফ ইকবাল তরুণদের সুসংগঠিত যুক্তিচর্চা, সাংস্কৃতিক সম্পৃক্ততা ও গঠনমূলক ভিন্নমতকে সম্মান জানানোর আহ্বান জানান।

আয়োজক সংগঠনের প্রতিষ্ঠাতা মাসুদ বকুল দীর্ঘ ৩১ বছর আন্তঃস্কুল ও ২০ বছর আন্তঃবিশ্ববিদ্যালয় বিতর্ক আয়োজনের ধারাবাহিকতা তুলে ধরে রবি আজিয়াটার দীর্ঘকালীন অংশীদারত্বের প্রশংসা করেন।

অনুষ্ঠানে দৃষ্টি চট্টগ্রামের জ্যেষ্ঠ সংগঠক শহিদুল ইসলাম, প্রতিযোগিতা কমিটির আহ্বায়ক ও যুগ্ম আহ্বায়ক জুয়েল আহমেদ, টুর্নামেন্ট কমিটির উপপরিচালক সাদমান সাকিব জিসান ও সুমাইয়া ইসলাম, টুর্নামেন্ট সমন্বয়ক মুন্না মজুমদার, স্কুল প্রতিযোগিতা সমন্বয়ক ইয়াসিন সাকিব, সহ-সমন্বয়ক জুনায়েদ আসাদ, গণমাধ্যম ও যোগাযোগ কমিটির প্রধান মুজিবুল হক, যুগ্ম প্রধান মেহেরাজ বিন আলম এবং আপ্যায়ন কমিটির যুগ্ম প্রধান আরাফাত কবির উপস্থিত ছিলেন। গণমাধ্যম ও যোগাযোগ কমিটির প্রধান মুজিবুল হক জানান, দেশসেরা তরুণ বিতার্কিকদের এই সম্মেলন প্রযুক্তি ও যুক্তিবাদী সমাজ বিনির্মাণের ধারাকে আরও বেগবান করবে।

//ডিবিটেক/আইএনজে/বিভি/পিইউ//