সিলিকন ভ্যালিতে এআই ও প্রযুক্তি চুক্তি স্বাক্ষর
বাংলাদেশে ৫০ কোটি ডলার বিনিয়োগ সম্ভাবনা প্লাগ অ্যান্ড প্লে’র
- সিলিকন ভ্যালির ইনোভেশন প্ল্যাটফর্ম প্লাগ অ্যান্ড প্লে থেকে ৫০ কোটি ডলারের সম্ভাব্য প্রত্যক্ষ বিনিয়োগ
- দেশে কৃত্রিম বুদ্ধিমত্তা উৎকর্ষ কেন্দ্র ও বাংলাদেশ টেক সেন্টার স্থাপনের কৌশলগত প্রস্তাবনা
- উচ্চপর্যায়ের প্রতিনিধিদলের বৈঠকে সেমিকন্ডাক্টর প্যাকেজিং ও ভেঞ্চার ক্যাপিটাল সম্প্রসারণে জোর
কৃত্রিম বুদ্ধিমত্তা (এআই) সক্ষমতা জোরদার, দেশীয় স্টার্টআপ বিকাশ এবং সেমিকন্ডাক্টর টেস্টিং ও প্যাকেজিংয়ের মতো অগ্রগামী প্রযুক্তি খাতের মেলবন্ধনে বাংলাদেশে ৫০ কোটি মার্কিন ডলারের বেশি (৫০০ মিলিয়ন ডলার) প্রত্যক্ষ বৈদেশিক বিনিয়োগের (এফডিআই) সম্ভাব্য রূপরেখা উন্মোচন করেছে সিলিকন ভ্যালি-ভিত্তিক আন্তর্জাতিক উদ্ভাবনী প্ল্যাটফর্ম ‘প্লাগ অ্যান্ড প্লে’। ৩০ সেপ্টেম্বর বুধবার সংশ্লিষ্ট সূত্রে এ তথ্য প্রকাশ করা হয়।
সূত্রমতে ২৮ সেপ্টেম্বর সোমবার, যুক্তরাষ্ট্রের ক্যালিফোর্নিয়ায় প্লাগ অ্যান্ড প্লে-এর সদর দপ্তরে প্রতিষ্ঠানটির শীর্ষ নেতৃত্বের সঙ্গে বাংলাদেশ সরকারের এক উচ্চপর্যায়ের প্রতিনিধিদলের ফলপ্রসূ দ্বিপাক্ষিক বৈঠক ও সমঝোতা অনুষ্ঠিত হয়। লস অ্যাঞ্জেলেসে অবস্থিত বাংলাদেশ কনস্যুলেট জেনারেলের সার্বিক সমন্বয়ে আয়োজিত এ বৈঠকে বৈশ্বিক বিনিয়োগ নেটওয়ার্কের সঙ্গে বাংলাদেশকে সংযুক্ত করার বিষয়ে বিস্তারিত আলোচনা হয়।
আলোচনায় বাংলাদেশ প্রতিনিধিদলের নেতৃত্ব দেন প্রধানমন্ত্রীর অর্থ ও পরিকল্পনা বিষয়ক উপদেষ্টা অধ্যাপক ড. রাশেদ আল মাহমুদ তিতুমীর। বৈঠকে দুই পক্ষের মধ্যে প্রাতিষ্ঠানিক সহযোগিতা এগিয়ে নিতে একটি আনুষ্ঠানিক চুক্তি স্বাক্ষরিত হয়; যার অন্যতম প্রধান লক্ষ্য বাংলাদেশে এক বা একাধিক কৃত্রিম বুদ্ধিমত্তা উৎকর্ষ কেন্দ্র (এআই সেন্টার অব এক্সিলেন্স) প্রতিষ্ঠার সম্ভাব্যতা যাচাই করা। বৈঠকের পর প্লাগ অ্যান্ড প্লে তাদের বিশ্বব্যাপী বিস্তৃত করপোরেট প্রতিষ্ঠান, বিনিয়োগকারী, স্টার্টআপ ও উদ্ভাবনী অংশীদারদের নেটওয়ার্ক কাজে লাগিয়ে বাংলাদেশে ৫০ কোটি ডলারের বেশি প্রত্যক্ষ বৈদেশিক বিনিয়োগ আকর্ষণের একটি কৌশলগত রূপরেখা উপস্থাপন করে। এ প্রস্তাবনায় বাংলাদেশের তরুণ প্রযুক্তি মেধা, তথ্যপ্রযুক্তিভিত্তিক বিশ্ববিদ্যালয়, হাইটেক পার্ক, শিল্প সক্ষমতা এবং ক্রমবর্ধমান অভ্যন্তরীণ বাজারকে বৈশ্বিক বিনিয়োগ আকর্ষণের মূল ভিত হিসেবে চিহ্নিত করা হয়েছে।
প্রস্তাবনার সবচেয়ে তাৎপর্যপূর্ণ কারিগরি কাঠামোর মধ্যে রয়েছে একটি ‘বাংলাদেশ টেক সেন্টার’ এবং ‘এআই সেন্টার অব এক্সিলেন্স’ গড়ে তোলা; যা স্থানীয় স্টার্টআপ, তরুণ প্রকৌশলী ও বিশ্ববিদ্যালয় গবেষকদের সরাসরি আন্তর্জাতিক ভেঞ্চার ক্যাপিটাল নেটওয়ার্কের সঙ্গে সংযুক্ত করবে। প্রস্তাবিত বিনিয়োগ ও সহযোগিতার প্রধান ক্ষেত্রগুলোর মধ্যে রয়েছে তথ্য ও যোগাযোগ প্রযুক্তি (আইসিটি), জেনারেটিভ এআই, সেমিকন্ডাক্টর টেস্টিং ও প্যাকেজিং, উন্নত উৎপাদন ব্যবস্থা (অ্যাডভান্সড ম্যানুফ্যাকচারিং), কনজিউমার ইলেকট্রনিক্স, হালকা প্রকৌশল এবং ফার্মাসিউটিক্যালস। একই সঙ্গে ভেঞ্চার ফাইন্যান্সিং, বিশ্ববিদ্যালয়-শিল্প সহযোগিতা এবং বহুজাতিক প্রযুক্তি প্রতিষ্ঠানগুলোর বৈশ্বিক উৎপাদন কেন্দ্র বাংলাদেশে নিয়ে আসার সুস্পষ্ট দিকনির্দেশনাও তুলে ধরা হয়।
বাংলাদেশ প্রতিনিধিদল এই প্রস্তাবনাকে স্বাগত জানিয়ে জানায়, দেশের তরুণ মেধা ও উদ্ভাবনী শক্তিকে কাজে লাগিয়ে এটিকে বাস্তবায়নযোগ্য ও বাণিজ্যিকভাবে টেকসই প্রযুক্তি প্রকল্পে রূপান্তর করাই সরকারের অগ্রাধিকার; যা প্রযুক্তি হস্তান্তর ও দক্ষ কর্মসংস্থান তৈরিতে কার্যকর ভূমিকা রাখবে। প্লাগ অ্যান্ড প্লে-এর প্রতিষ্ঠাতা ও প্রধান নির্বাহী কর্মকর্তা সাইদ আমিদি এআই ও ম্যানুফ্যাকচারিং খাতে বাংলাদেশের সম্ভাবনাকে এগিয়ে নিতে যৌথ কাজের প্রত্যয় ব্যক্ত করেন। সংশ্লিষ্ট সূত্রে জানা যায়, প্রস্তাবিত ৫০ কোটি ডলারের অঙ্কটি মূলত একটি সম্ভাব্য এফডিআই সুযোগ, যা পরবর্তী প্রক্রিয়া, যথাযথ নিরীক্ষা (ডিউ ডিলিজেন্স) এবং আনুষ্ঠানিক আর্থিক অনুমোদনের মাধ্যমে বিনিয়োগে রূপান্তরিত হবে।
বৈঠকে বাংলাদেশ প্রতিনিধিদলে আরও উপস্থিত ছিলেন পররাষ্ট্র প্রতিমন্ত্রী শামা ওবায়েদ ইসলাম, প্রাথমিক ও গণশিক্ষা প্রতিমন্ত্রী ববি হাজ্জাজ, প্রধানমন্ত্রীর ডাক, টেলিযোগাযোগ ও তথ্যপ্রযুক্তি এবং বিজ্ঞান ও প্রযুক্তি বিষয়ক উপদেষ্টা রেহান আসিফ আসাদ, প্রধানমন্ত্রীর প্রটোকল অফিসার-২ কামরুল ইসলাম, প্রধানমন্ত্রীর ডেপুটি প্রেস সেক্রেটারি-১ মো. জাহিদুল ইসলাম, যুক্তরাষ্ট্রে নিযুক্ত বাংলাদেশের রাষ্ট্রদূত তারেক মো. আরিফুল ইসলাম এবং লস অ্যাঞ্জেলেসে নিযুক্ত কনসাল জেনারেল কাজী মুহাম্মদ জাবেদ ইকবাল। প্রস্তাবিত অংশীদারত্ব বাস্তবে রূপ দিতে এবং বিনিয়োগকারীদের সঙ্গে কার্যক্রম সমন্বয় করতে লস অ্যাঞ্জেলেসের বাংলাদেশ কনস্যুলেট জেনারেল পরবর্তী ফলোআপ প্রক্রিয়া তদারকি করবে বলে জানানো হয়।
//ডিবিটেক/এসকেইএম/এমআইএসটি/আইএইচ//





