তদন্ত চলাকালে উপ-উপাচার্যকে চেয়ারম্যানের দায়িত্ব প্রদান, ৩ সদস্যের তদন্ত কমিটি গঠন

জাতীয় সংগীতে শেখ হাসিনার ছবি প্রদর্শন: নোবিপ্রবির মাইক্রোবায়োলজি বিভাগের চেয়ারম্যানকে অব্যাহতি

  • নোয়াখালী বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয়ে (নোবিপ্রবি) জাতীয় সংগীতের সময় ডিজিটাল স্ক্রিনে শেখ হাসিনার ছবি আসায় মাইক্রোবায়োলজি বিভাগের চেয়ারম্যানকে পদ থেকে অব্যাহতি
  • সুষ্ঠু তদন্তের স্বার্থে নতুন চেয়ারম্যান হিসেবে দায়িত্ব গ্রহণ করেছেন বিশ্ববিদ্যালয়ের উপ-উপাচার্য অধ্যাপক ড. মোহাম্মদ শফিকুল ইসলাম
  • কোষাধ্যক্ষকে প্রধান করে ৩ সদস্যের উচ্চপর্যায়ের তদন্ত কমিটি গঠন; রিপোর্ট পর্যালোচনা করে

জাতীয় সংগীতে শেখ হাসিনার ছবি প্রদর্শন: নোবিপ্রবির মাইক্রোবায়োলজি বিভাগের চেয়ারম্যানকে অব্যাহতি
২৪ সেপ্টেম্বর, ২০২৬ ১১:৩০  

নোয়াখালী বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয়ে (নোবিপ্রবি) আন্তর্জাতিক অণুজীববিজ্ঞান দিবসের অনুষ্ঠানে জাতীয় সংগীত পরিবেশনের সময় ব্যাকগ্রাউন্ড ডিজিটাল স্ক্রিনে শেখ হাসিনার ছবি ভেসে ওঠার ঘটনায় অণুজীববিজ্ঞান (মাইক্রোবায়োলজি) বিভাগের চেয়ারম্যান ও আওয়ামীপন্থী শিক্ষকদের সংগঠন ‘নীল দল’-এর সাবেক সভাপতি অধ্যাপক ড. ফিরোজ আহমেদকে অব্যাহতির নির্দেশ দিয়েছে বিশ্ববিদ্যালয় প্রশাসন।

বুধবার (২৩ সেপ্টেম্বর) বিশ্ববিদ্যালয়ের ভারপ্রাপ্ত রেজিস্ট্রার মোহাম্মদ তামজিদ হোছাইন চৌধুরী স্বাক্ষরিত এক অফিস আদেশের মাধ্যমে সিদ্ধান্তের বিষয়টি নিশ্চিত করা হয়েছে। আদেশে জানানো হয়, তদন্তের স্বার্থে এবং বিষয়টির সুরাহা না হওয়া পর্যন্ত অণুজীববিজ্ঞান বিভাগের চেয়ারম্যানের দায়িত্ব পালন করবেন বিশ্ববিদ্যালয়ের মাননীয় উপ-উপাচার্য অধ্যাপক ড. মোহাম্মদ শফিকুল ইসলাম।

ঘটনার বিবরণীতে জানা যায়, গত ১৭ সেপ্টেম্বর মাইক্রোবায়োলজি বিভাগ কর্তৃক বীরশ্রেষ্ঠ শহীদ মোহাম্মদ রুহুল আমিন অডিটরিয়ামে আয়োজিত ‘ইন্টারন্যাশনাল মাইক্রোঅর্গানিজম ডে-২০২৬’ উদ্বোধনী অনুষ্ঠানে জাতীয় সংগীত চলাকালে ডিজিটাল স্ক্রিনে শেখ হাসিনার ছবি প্রদর্শিত হয়। এই ঘটনাটি চব্বিশের গণঅভ্যুত্থানের শহীদ ও আহতদের প্রতি অবমাননাকর এবং চাকরি শৃঙ্খলার পরিপন্থী বিবেচনা করে বিভাগীয় চেয়ারম্যান অধ্যাপক ড. ফিরোজ আহমেদ এবং অনুষ্ঠান আয়োজন কমিটির আহ্বায়ক সহযোগী অধ্যাপক ড. খন্দকার ফাহমিদা সুলতানাকে কারণ দর্শানোর নোটিশ প্রদান করা হয়। তারা ইতোমধ্যে সেই শোকজ নোটিশের জবাব জমা দিয়েছেন। আয়োজকদের দাবি, ব্যস্ততার কারণে প্রজেক্টরে চালানো ইউটিউব ভিডিওটি পূর্বে রিভিউ না করায় অনাকাঙ্ক্ষিতভাবে এই ভুলটি ঘটেছে।

পুরো বিষয়টি সুষ্ঠু তদন্তের জন্য ৩ সদস্যের একটি কমিটি গঠন করা হয়েছে। এতে কোষাধ্যক্ষ অধ্যাপক ড. মো: হাছান উদ্দিনকে আহ্বায়ক, জীব বিজ্ঞান অনুষদের ডিন অধ্যাপক ড. গাজী মো: মহসিনকে সদস্য এবং প্রক্টর অধ্যাপক এ এফ এম আরিফুর রহমানকে সদস্য-সচিব করা হয়েছে। ভারপ্রাপ্ত রেজিস্ট্রার মোহাম্মদ তামজিদ হোছাইন চৌধুরী নিশ্চিত করেছেন যে, তদন্ত কমিটির প্রতিবেদনের ভিত্তিতে পরবর্তীতে চূড়ান্ত ব্যবস্থা গ্রহণ করা হবে।

//ডিবিটেক//সামিয়া হোসেন মুনিয়া/এসএমই/এমআইএসটি//