পুলিশের ডিজিটাল সেবায় ডেডিকেটেড সংযোগ ও প্রযুক্তি সহায়তা দেবে গ্রামীণফোন

বাংলাদেশ পুলিশ ও গ্রামীণফোনের ১০ বছর মেয়াদী কৌশলগত অংশীদারিত্ব

  • বাংলাদেশ পুলিশকে ডেডিকেটেড কানেক্টিভিটি ও ডিজিটাল সেবা দিতে ১০ বছরের দীর্ঘমেয়াদি চুক্তি স্বাক্ষর করল গ্রামীণফোন।
  • অফিসিয়াল মোবাইল নম্বর সিরিজ (01320000000–01320299999) এবং অনলাইন জিডি ও ক্রাইম ডাটা ম্যানেজমেন্ট সিস্টেমের (CDMS) মতো গুরুত্বপূর্ণ প্লাটফর্মে সেবা দেবে গ্রামীণফোন।
  • পুলিশ সদর দপ্তরে আইজিপি মো. আলী হোসেন ফকির ও গ্রামীণফোনের সিইও ইয়াসির আজমানের উপস্থিতিতে এই চুক্তি স্বাক্ষরিত হয়।
    বাংলাদেশ পুলিশ ও গ্রামীণফোনের ১০ বছর মেয়াদী কৌশলগত অংশীদারিত্ব
    ২৪ সেপ্টেম্বর, ২০২৬ ১১:০৪  

    দেশের শীর্ষস্থানীয় টেলিযোগাযোগ সেবা প্রদানকারী প্রতিষ্ঠান গ্রামীণফোন এবং বাংলাদেশ পুলিশের মধ্যে ১০ বছর মেয়াদী একটি কৌশলগত অংশীদারিত্ব চুক্তি স্বাক্ষরিত হয়েছে। বাংলাদেশ পুলিশকে ডেডিকেটেড কানেক্টিভিটি এবং নানাবিধ ডিজিটাল সেবা প্রদানের লক্ষ্যে এই চুক্তি সম্পাদন করা হয়। ২৪ সেপ্টেম্বর (বৃহস্পতিবার) গ্রামীণফোনের এক সংবাদ বিজ্ঞপ্তিতে এ তথ্য নিশ্চিত করা হয়েছে।

    চুক্তির আওতায় বাংলাদেশ পুলিশের অফিশিয়াল মোবাইল নম্বর সিরিজ (01320000000–01320299999) এবং এর আওতাধীন কানেক্টিভিটি সেবাসমূহ কভার করা হবে। এছাড়া অনলাইন জিডি (Online GD) এবং ক্রাইম ডাটা ম্যানেজমেন্ট সিস্টেমের (CDMS) মতো গুরুত্বপূর্ণ ডিজিটাল প্ল্যাটফর্মগুলোতে নিরবচ্ছিন্ন কানেক্টিভিটি ও আনুষঙ্গিক কারিগরি সহায়তা প্রদান করবে গ্রামীণফোন।

    ঢাকাস্থ বাংলাদেশ পুলিশ সদর দপ্তরে সম্প্রতি অনাড়ম্বর এক অনুষ্ঠানের মাধ্যমে এ চুক্তি স্বাক্ষরিত হয়। বাংলাদেশ পুলিশের পক্ষে অতিরিক্ত ডিআইজি (হেডকোয়ার্টার্স) মোহাম্মদ শরীফ উদ্দিন এবং গ্রামীণফোনের ল এনফোর্সমেন্ট এজেন্সিজ বিজনেসের প্রধান হেলোল উদ্দিন আহমেদ চুক্তিতে স্বাক্ষর করেন। এ সময় বাংলাদেশ পুলিশের মহাপরিদর্শক (আইজিপি) মো. আলী হোসেন ফকির, বিপিএম এবং গ্রামীণফোনের প্রধান নির্বাহী কর্মকর্তা (সিইও) ইয়াসির আজমান উপস্থিত ছিলেন। অনুষ্ঠানে গ্রামীণফোনের প্রধান ব্যবসা কর্মকর্তা (সিবিও) আসিফ নাইমুর রশিদ, প্রধান মানবসম্পদ কর্মকর্তা (সিএইচআরও) সৈয়দা তাহিয়া হোসেনসহ উভয় প্রতিষ্ঠানের ঊর্ধ্বতন কর্মকর্তাবৃন্দ অংশ নেন।

    আইজিপি মো. আলী হোসেন ফকির, বিপিএম বলেন, "আইনশৃঙ্খলা রক্ষা ও জনগণের সেবায় নির্ভরযোগ্য সংযোগ ও আধুনিক প্রযুক্তি অত্যন্ত গুরুত্বপূর্ণ। গ্রামীণফোনের সঙ্গে এই অংশীদারিত্ব আমাদের প্রযুক্তিভিত্তিক পুলিশিং কার্যক্রম ও সেবার মান বহুগুণ বাড়াবে।"

    গ্রামীণফোনের সিইও ইয়াসির আজমান বলেন, "বাংলাদেশ পুলিশের আধুনিকায়ন ও কার্যক্ষমতা বৃদ্ধিতে গ্রামীণফোন ডিজিটাল সহায়তা দিতে প্রতিশ্রুতিবদ্ধ। দায়িত্বশীল প্রযুক্তি ব্যবহারের মাধ্যমে একটি নিরাপদ ও স্মার্ট আগামী গড়তে আমরা অবদান রাখতে চাই।"

    //ডিবিটেক/এফটিপিআর/এমআরজিপি/বিপিও//