ইউক্রেনে সামরিক যোগাযোগে স্টারলিংকের রুশ সংস্করণ ব্যবহার করছে মস্কো
স্টারলিংক নেটওয়ার্কের নিজস্ব বিকল্প হিসেবে তৈরি করা নতুন ‘রাসভেট’ স্যাটেলাইট নেটওয়ার্ক ইউক্রেনে চলমান সামরিক যোগাযোগের কাজে সরাসরি ব্যবহার করা শুরু করেছে রাশিয়া। এর মূল লক্ষ্য যুদ্ধক্ষেত্রে রুশ ড্রোন হামলাগুলোকে আরও নিখুঁত করা এবং ইলেকট্রনিক জ্যামিং ব্যবস্থার মাধ্যমে সেগুলোকে ধ্বংস করা কঠিন করে তোলা।
ইউক্রেনের প্রতিরক্ষা মন্ত্রণালয়ের প্রধান গোয়েন্দা অধিদপ্তর আন্তর্জাতিক বার্তা সংস্থা রয়টার্সকে দেওয়া এক বিশেষ সাক্ষাৎকারে এই চাঞ্চল্যকর তথ্য নিশ্চিত করেছে।
কক্ষপথে রাসভেটের বিস্তার ও কারিগরি দিক
ইউক্রেনীয় গোয়েন্দা সূত্রের তথ্য অনুযায়ী, চলতি বছরের মার্চ ও জুলাই মাসে দুটি পৃথক দফায় মোট ৩২টি রাসভেট স্যাটেলাইট সফলভাবে পৃথিবীর নিম্ন কক্ষপথে স্থাপন করেছে মস্কো। ২০২৬ সালের শেষ নাগাদ আরও অতিরিক্ত স্যাটেলাইট উৎক্ষেপণের মাধ্যমে এর কভারেজ বাড়িয়ে একটি পূর্ণাঙ্গ ও স্বাধীন লো-অরবিট স্যাটেলাইট কমিউনিকেশন কনস্টেলেশন গড়ে তোলার লক্ষ্য রয়েছে রুশ প্রযুক্তিবিদদের।
যদিও বর্তমান স্যাটেলাইট বিন্যাসটি ইউক্রেনীয় ভূখণ্ডে সার্বক্ষণিক নিরবচ্ছিন্ন সংযোগ দেওয়ার জন্য এখনো পর্যাপ্ত নয়, তবুও স্যাটেলাইটগুলো যুদ্ধক্ষেত্রের ওপর দিয়ে অতিক্রম করার সময় পর্যায়ক্রমে সামরিক ডেটা আদান-প্রদান রক্ষা করা হচ্ছে।
রাষ্ট্রীয় পৃষ্ঠপোষকতায় পরিচালিত এই মেগা প্রকল্পের মূল প্রযুক্তিগত সমন্বয়ক হিসেবে কাজ করছে রাশিয়ার ‘ব্যুরো ১৪৪০’ এবং আগামী দশকের মধ্যে তারা শত শত স্যাটেলাইটের সমন্বয়ে বিশাল এক মহাকাশ বহর তৈরির উচ্চাভিলাষী লক্ষ্য নিয়ে এগোচ্ছে।
যুদ্ধক্ষেত্রে প্রযুক্তিগত চ্যালেঞ্জ ও ইউক্রেনের উদ্বেগ
ইউক্রেনীয় সামরিক বিশ্লেষকদের মতে, এই প্রযুক্তি ব্যবহারের ফলে রুশ সামরিক ড্রোনগুলো রিয়েল-টাইমে বা সরাসরি রিমোট পাইলটদের সঙ্গে দ্বিমুখী স্পর্শকাতর ডেটা আদান-প্রদান করতে পারছে। ফলে লক্ষ্যবস্তুর পূর্বনির্ধারিত দূরত্বের পাশাপাশি ড্রোনগুলোর গতিপথ ও উচ্চতা মাঝপথেই তাৎক্ষণিক পরিবর্তন করা সম্ভব হচ্ছে- যা ইউক্রেনের বিমান প্রতিরক্ষা ব্যবস্থা ও ইলেকট্রনিক ওয়ারফেয়ার সরঞ্জামের জন্য এক নজিরবিহীন চ্যালেঞ্জ তৈরি করেছে।
অন্যদিকে, ইউক্রেনীয় বাহিনীর বহুল ব্যবহৃত মার্কিন সহায়তাপুষ্ট ‘স্টারশিল্ড’ সেবায় সাম্প্রতিক সময়ে কিছু প্রযুক্তিগত ও সংযোগ গতির ধারাবাহিক সীমাবদ্ধতা দেখা দেওয়ায় কিয়েভের আকাশপথে রুশ ড্রোন প্রতিহত করার সক্ষমতা কিছুটা ব্যাহত হয়েছে।
এই জটিল প্রেক্ষাপটে রুশ স্যাটেলাইট প্রযুক্তির এই দ্রুত বিস্তার ও কাঁচামাল প্রাপ্তি রুখতে আন্তর্জাতিক মহলে রাশিয়ার প্রযুক্তি খাতের ওপর আরও কঠোর নিষেধাজ্ঞার জোরালো দাবি জানিয়েছে কিয়েভ।
ডিবিটেক/বিএমটি । সূত্র: রয়টার্স





