শিক্ষা-স্বাস্থ্য থেকে শিল্পে প্রযুক্তি সমাধান
এআই নিয়ে ডিআইইউ শিক্ষার্থীদের ১৬ উদ্ভাবন
- বাংলাদেশ এআই বিজনেস সামিটে ১৬টি প্রকল্প উপস্থাপন
- শিক্ষা, স্বাস্থ্য, কৃষি, শিল্প ও নিরাপত্তায় এআই প্রয়োগ
- তিন বিভাগের শিক্ষার্থীদের উদ্ভাবনে বাস্তব সমস্যার সমাধান
শিক্ষা, স্বাস্থ্যসেবা, কৃষি, তৈরি পোশাকশিল্প, নিরাপত্তা ও নগর অবকাঠামোর বাস্তব সমস্যা সমাধানে কৃত্রিম বুদ্ধিমত্তাভিত্তিক ১৬টি প্রকল্প উপস্থাপন করেছেন ড্যাফোডিল ইন্টারন্যাশনাল ইউনিভার্সিটির (ডিআইইউ) শিক্ষার্থীরা। ৫ নভেম্বর বৃহস্পতিবার অনুষ্ঠিত ‘বাংলাদেশ এআই বিজনেস সামিট ২০২৬’-এ এসব উদ্ভাবন তুলে ধরা হয়। প্রকল্পগুলোতে এআই ব্যবহার করে শিক্ষা ব্যবস্থার মান যাচাই, রোগের ঝুঁকি পর্যবেক্ষণ, মাটির স্বাস্থ্য মূল্যায়ন, শিল্পকারখানা ব্যবস্থাপনা এবং নিরাপদ যোগাযোগের মতো বিভিন্ন ক্ষেত্রের সমাধান দেখানো হয়েছে।
বিশ্ববিদ্যালয় সূত্রে জানা গেছে, কম্পিউটার সায়েন্স অ্যান্ড ইঞ্জিনিয়ারিং (সিএসই) বিভাগের শিক্ষার্থীরা ছয়টি প্রকল্প উপস্থাপন করেন। এর মধ্যে ‘ওবিই আই’ এআইচালিত ফলাফলভিত্তিক শিক্ষা ব্যবস্থার মান যাচাই এবং কোর্স ও প্রোগ্রামের নির্ধারিত ফলাফল অর্জন পর্যবেক্ষণের প্ল্যাটফর্ম। ‘ইমাম এআই’ কৃত্রিম বুদ্ধিমত্তাভিত্তিক ইসলামি জ্ঞান ও গবেষণাসহায়ক প্ল্যাটফর্ম।
‘নিউট্রিসয়েল’ তাৎক্ষণিক মাটির সংবেদক থেকে পাওয়া তথ্য ব্যবহার করে এআইয়ের মাধ্যমে মাটির স্বাস্থ্য মূল্যায়ন করে। ‘ডেঙ্গুক্লাস্টার এআই’ ডেঙ্গু পরিস্থিতি পর্যবেক্ষণ ও সংক্রমণের ঝুঁকিপূর্ণ এলাকা শনাক্তে কাজ করে। ‘শিল্প এআই ইআরপি’ বাংলাদেশের তৈরি পোশাক কারখানার জন্য পূর্বাভাসভিত্তিক এআই-নির্ভর ব্যবস্থাপনা ব্যবস্থা। আর ‘ইয়োফ্লেয়ার’ দক্ষতা শনাক্তকরণ এবং প্রতিভাবান ব্যক্তিদের সঙ্গে ব্যবসায়িক উদ্যোগের সংযোগ তৈরির এআইভিত্তিক ইকোসিস্টেম।
সফটওয়্যার ইঞ্জিনিয়ারিং বিভাগের শিক্ষার্থীরা উপস্থাপন করেন তিনটি প্রকল্প। ‘ফিফথআই এআই’ একটি বুদ্ধিমান পরীক্ষা মূল্যায়ন প্ল্যাটফর্ম। ‘নিউরোক্লাস্টার এআই’ এআইচালিত এমআরআই বিশ্লেষণ ও হাসপাতালের কম্পিউটিং ব্যবস্থাপনার প্ল্যাটফর্ম। অন্যদিকে ‘ক্লিনিকবিডি’ স্বাস্থ্যসেবাভিত্তিক একটি ডিজিটাল উদ্যোগ।
কম্পিউটিং অ্যান্ড ইনফরমেশন সিস্টেমস বিভাগের শিক্ষার্থীরা উপস্থাপন করেন সাতটি প্রকল্প। ‘আরবর’ কথা বলতে অক্ষম মায়েদের জন্য কণ্ঠস্বরভিত্তিক যোগাযোগের প্রযুক্তি। ‘প্রহরী এআই’ পর্দা পর্যবেক্ষণের পাশাপাশি সম্ভাব্য ঘটনা শনাক্ত ও প্রতিরোধে সহায়ক এআই ব্যবস্থা। ‘স্মার্টবর্ডার’ আকাশভিত্তিক পর্যবেক্ষণ এবং ভূমিতে আগাম সতর্কতা প্রদানের প্রযুক্তি।
এ বিভাগের অন্য প্রকল্পগুলোর মধ্যে রয়েছে ‘আর্কিমাইন্ড এআই’, নির্মিত অবকাঠামোর জন্য একটি বুদ্ধিমত্তাভিত্তিক প্ল্যাটফর্ম; ‘লিডজিনিয়াস এআই’, গ্রাহকের তথ্যের নিয়ন্ত্রণ ও গোপনীয়তার ওপর গুরুত্ব দেওয়া এআইভিত্তিক গ্রাহক ব্যবস্থাপনা ব্যবস্থা; ‘ইয়ন’, প্রতিষ্ঠাতাদের জন্য ব্যাখ্যাযোগ্য এআই সিদ্ধান্ত গ্রহণের ব্যবস্থা; এবং ‘কুপি’।
প্রকল্পগুলোতে শিক্ষা, স্বাস্থ্য, কৃষি, শিল্প, উদ্যোক্তা উন্নয়ন, নিরাপত্তা, যোগাযোগ ও নগর অবকাঠামোর বিভিন্ন চ্যালেঞ্জ মোকাবিলায় এআইয়ের ব্যবহার তুলে ধরা হয়েছে। এসব উদ্ভাবনের মাধ্যমে শিক্ষার্থীরা প্রযুক্তিকে শুধু তাত্ত্বিক পর্যায়ে না রেখে বাস্তব সমস্যার প্রয়োগভিত্তিক সমাধান তৈরির প্রচেষ্টা দেখিয়েছেন।
//ডিবিটেক/এমএসআই/পিএসটি/এমভিএনও//





