বাংলাদেশ-যুক্তরাষ্ট্র বাণিজ্যে নতুন সম্ভাবনার দুয়ার

মার্কিন ট্রেড শোতে বিনিয়োগ ও স্বাস্থ্য-প্রযুক্তি প্রাধান্য

  • ৩০তম ইউএস ট্রেড শোতে দ্বিপক্ষীয় বিনিয়োগ আলোচনা অনুষ্ঠিত।
  • দেশীয় চিকিৎসা সরঞ্জাম উৎপাদনে ৯ বিলিয়ন ডলারের সুযোগ।
  • মার্কিন বাজারে বাংলাদেশি ব্যবসায়ীদের বিনিয়োগের সুযোগ উন্মোচিত।

মার্কিন ট্রেড শোতে বিনিয়োগ ও স্বাস্থ্য-প্রযুক্তি প্রাধান্য
৬ নভেম্বর, ২০২৬ ১৯:৫৭  

বিশ্ব অর্থনীতির পরিবর্তিত বাস্তবতায় বৈশ্বিক বাণিজ্য প্রসার ও স্বাস্থ্যপ্রযুক্তি খাতে দেশীয় সক্ষমতা বৃদ্ধিতে বড় ধরনের গতি আনছে বাংলাদেশ-যুক্তরাষ্ট্র যৌথ অংশীদারত্ব। সংশ্লিষ্ট সূত্রে প্রকাশ, ৬ নভেম্বর, শুক্রবার রাজধানীর হোটেল ইন্টারকন্টিনেন্টালে আয়োজিত তিন দিনব্যাপী ৩০তম মার্কিন বাণিজ্য মেলার (ইউএস ট্রেড শো ২০২৬) দ্বিতীয় দিনে জোড়া বিশেষ প্রযুক্তি ও বিনিয়োগ সেমিনার অনুষ্ঠিত হয়।

আমেরিকান চেম্বার অব কমার্স ইন বাংলাদেশ (অ্যামচ্যাম) এবং ঢাকার মার্কিন দূতাবাস যৌথভাবে এই প্রদর্শনীর আয়োজনে দ্বিপক্ষীয় বাণিজ্য, স্বাস্থ্যসেবা ও বৈশ্বিক প্রযুক্তির আদান-প্রদান প্রাধান্য পায়।

মেলার দ্বিতীয় দিনে 'ইমপ্রুভিং পেশেন্ট আউটকামস অ্যাট স্কেল-আপ থ্রু পাবলিক অ্যান্ড প্রাইভেট কোলাবোরেশন' শীর্ষক সেমিনারে প্রধান অতিথির বক্তব্যে প্রধানমন্ত্রীর স্বাস্থ্যবিষয়ক বিশেষ সহকারী ডা. এস এম জিয়াউদ্দিন হায়দার জানান, বাংলাদেশে প্রস্তুত বাজার থাকা সত্ত্বেও ৮ থেকে ৯ বিলিয়ন মার্কিন ডলারের চিকিৎসা সরঞ্জাম খাত এখনো আমদানিনির্ভর। চিকিৎসা সরঞ্জাম ও প্রযুক্তির স্থানীয় উৎপাদন বাড়াতে এবং সরকারি-বেসরকারি অংশীদারত্ব (পিপিপি) শক্তিশালী করতে সরকার বিনিয়োগকারীদের বিশেষ কর ছাড় ও সুবিধা দিচ্ছে।

বেকটন ডিকিনসনের কান্ট্রি বিজনেস লিডার মির্জা সজীব রায়হানের সঞ্চালনায় সেমিনারে মেডট্রনিক বাংলাদেশের কান্ট্রি ডিরেক্টর মায়াঙ্ক ত্রিপাঠি, স্কয়ার হাসপাতালের নির্বাহী ভাইস প্রেসিডেন্ট সুলতান মিনহাজ উদ্দিন, জাতীয় হৃদরোগ ইনস্টিটিউট ও হাসপাতালের সাবেক পরিচালক অধ্যাপক ডা. আবদুল ওয়াদুদ চৌধুরী এবং ঔষধ প্রশাসন অধিদপ্তরের পরিচালক ডা. মো. আক্তার হোসেন আলোচনায় অংশ নেন।

একই দিনে 'সিলেক্টইউএসএ: পাথওয়েজ ফর আউটবাউন্ড ইনভেস্টমেন্ট' শীর্ষক দ্বিতীয় সেমিনারে বাংলাদেশি ব্যবসায়ীদের যুক্তরাষ্ট্রে বিনিয়োগের উপায় এবং দ্বিপক্ষীয় বাজার সম্প্রসারণের সুযোগ নিয়ে আলোচনা করা হয়। ঢাকার মার্কিন দূতাবাসের কমার্শিয়াল কাউন্সিলর পল ফ্রস্টের সঞ্চালনায় সেমিনারে ট্রান্সকম লিমিটেডের গ্রুপের সিইও সিমিন রহমান, ওমেরা পেট্রোলিয়াম লিমিটেডের সিইও তানজিম চৌধুরী ও পিডব্লিউসি বাংলাদেশের কান্ট্রি ম্যানেজিং পার্টনার শামস জামান অংশ নেন।

 অনলাইনে যুক্ত ছিলেন মেরিল্যান্ড স্টেট ইকোনমিক ডেভেলপমেন্ট অর্গানাইজেশন, মার্কিন বাণিজ্য বিভাগের 'সিলেক্টইউএসএ' হেডকোয়ার্টার্সের ব্রেন্ডন কিউ এবং সাইট-সিলেকশন বিশেষজ্ঞ পেইজ ওয়েবস্টার।

গত ৫ নভেম্বর শুরু হওয়া এই মেলায় অংশগ্রহণকারী মার্কিন প্রতিষ্ঠানগুলো সর্বাধুনিক পণ্য ও প্রযুক্তি প্রদর্শন করছে; যা আগামী ৭ নভেম্বর পারস্পরিক বাণিজ্য, তথ্যপ্রযুক্তি ও ডিজিটাল অর্থনীতিবিষয়ক সেমিনারের মাধ্যমে শেষ হবে। 

//ডিবিটেক/এসসি/ডিই/ওই//