ছয় সদস্যের এআই সংগঠক
পরিবারের কাজ সামলাবে গুগলের ‘সিসি’
- ছয় সদস্যের পরিবারের তথ্য ও কাজ এক প্ল্যাটফর্মে
- ক্যালেন্ডার, ইমেইল ও কাজের তালিকা সামলাবে ‘সিসি’
- পদক্ষেপের আগে ব্যবহারকারীর অনুমতি নেবে এআই
পরিবারের দৈনন্দিন কাজ, পরিকল্পনা ও তথ্য ব্যবস্থাপনা আরও সহজ করতে পরীক্ষামূলক এজেন্টিক এআই প্ল্যাটফর্ম ‘সিসি’ নিয়ে এসেছে গুগল। শেয়ার করা ইমেইল, ক্যালেন্ডার, কাজের তালিকা ও প্রয়োজনীয় নথি ব্যবস্থাপনার মাধ্যমে পরিবারের সদস্যদের সমন্বিতভাবে কাজ করতে সহায়তা করবে এই এআই এজেন্ট।
প্রযুক্তিবিষয়ক সাইট এনগ্যাজেটের প্রতিবেদনে বলা হয়েছে, ‘সিসি’র নিজস্ব একটি গুগল অ্যাকাউন্ট থাকবে। এতে একটি পরিবারের সর্বোচ্চ ছয়জন সদস্য নিজেদের প্রয়োজনীয় তথ্য শেয়ার করতে পারবেন।
ব্যবহারকারীরা নির্ধারণ করতে পারবেন কোন কোন ইমেইল ‘সিসি’র সঙ্গে শেয়ার করা হবে। প্রয়োজন অনুযায়ী কোনো নির্দিষ্ট বার্তা ফরোয়ার্ড করা অথবা নির্দিষ্ট ইমেইল ঠিকানা থেকে আসা বার্তা স্বয়ংক্রিয়ভাবে ‘সিসি’ অ্যাকাউন্টে পাঠানোর ব্যবস্থাও রাখা হয়েছে।
পরিবারের সদস্যদের জন্য শেয়ার করা ক্যালেন্ডার ও কাজের তালিকা তৈরি করতে পারবে ‘সিসি’। পাশাপাশি আসন্ন অনুষ্ঠান, নির্ধারিত কাজ ও করণীয় বিষয়ে প্রতিদিনের সারসংক্ষেপও অংশগ্রহণকারী সদস্যদের পাঠাতে পারবে প্ল্যাটফর্মটি।
শুধু তথ্য সাজানো নয়, কাগজপত্র গোছানো, নিবন্ধন ফরম পূরণ এবং কেনাকাটার তালিকা তৈরির মতো দৈনন্দিন ও প্রশাসনিক কাজেও ‘সিসি’ সহায়তা করতে পারবে। তবে কোনো কাজের ক্ষেত্রে বাস্তবে পদক্ষেপ নেওয়ার আগে ব্যবহারকারীর অনুমতি নেওয়ার জন্য এআই এজেন্টটিকে নকশা করা হয়েছে।
গুগল গত বছরের ডিসেম্বরে প্রথম ‘সিসি’ পরীক্ষামূলকভাবে চালু করেছিল। পরে চলতি বছরের শুরুতে প্রকল্পটির নাম পরিবর্তন করে কোম্পানির ‘ডেইলি ব্রিফিং’ সুবিধার সঙ্গে যুক্ত করা হয়। প্রাথমিক পরীক্ষকদের অনুরোধের ভিত্তিতে এখন ‘সিসি’কে পরিবারকেন্দ্রিক ডিজিটাল সংগঠক হিসেবে নতুনভাবে সাজানো হচ্ছে।
ব্যবহারকারীরা চাইলে গুগল ড্রাইভের নির্দিষ্ট ফোল্ডারে ‘সিসি’কে যুক্ত করতে পারবেন অথবা এআই এজেন্টটির সঙ্গে নির্দিষ্ট ফাইল শেয়ার করতে পারবেন। এ ছাড়া আলাদা গুগল চ্যাট উইন্ডোর মাধ্যমে সরাসরি ‘সিসি’র সঙ্গে যোগাযোগের সুবিধাও থাকছে।
গুগল জানিয়েছে, গোপনীয়তা ও নিরাপত্তার জন্য ‘সিসি’র ওপর কিছু সীমাবদ্ধতা থাকবে। এআই এজেন্টটি নিজে থেকে পরিবারের কোনো সদস্যকে যোগ বা বাদ দিতে পারবে না। একইভাবে সদস্যদের ব্যক্তিগত ইনবক্সে প্রবেশ বা সেখানে তথ্য খোঁজার অনুমতিও ‘সিসি’র নেই।
আগের পরীক্ষামূলক সংস্করণের ব্যবহারকারীদের প্রম্পটের মাধ্যমে অ্যাকাউন্ট হালনাগাদ করে নতুন সুবিধাগুলো ব্যবহারের আমন্ত্রণ জানাবে গুগল। আর নতুন ব্যবহারকারীদের জন্য বর্তমানে অপেক্ষমাণ তালিকা রাখা হয়েছে।
//ডিবিটেক/গুগল ব্লগ/ এসএমই/এমআইএসটি//





