ফিশিং লিংকে প্রতারিত হন ঢাকার বাসিন্দা

টেলিগ্রামে চাকরির প্রলোভনে ৯৪ লাখ টাকা হাতালো চক্র: গ্রেফতার ২

  • টেলিগ্রামে জালিয়াত চক্রের ফিশিং লিংকের ফাঁদে পড়ে ৯৪ লাখ ১৯ হাজার টাকা হারিয়েছেন ভুক্তভোগী
  • কিশোরগঞ্জ থেকে চক্রের মূল সদস্য জুলহাস ও প্রহড় গ্রেফতার; পাঠানো হয়েছে কারাগারে
  • তদন্তের স্বার্থে ১০ দিনের রিমান্ড আবেদন; শুনানির জন্য পরবর্তী মঙ্গলবার দিন ধার্য

টেলিগ্রামে চাকরির প্রলোভনে ৯৪ লাখ টাকা হাতালো চক্র: গ্রেফতার ২
১৯ সেপ্টেম্বর, ২০২৬ ০০:০০  

টেলিগ্রামে চাকরির প্রলোভন দেখিয়ে পরিচিত প্রতিষ্ঠানের আদলে তৈরি ফিশিং লিংকের মাধ্যমে ৯৪ লাখ ১৯ হাজার টাকা হাতিয়ে নেওয়ার অভিযোগে এক প্রতারক চক্রের দুই সদস্যকে গ্রেফতার করেছে পুলিশ। গ্রেফতারকৃতরা হলেন জুলহাস উদ্দিন (৩৯) ও প্রহড় (২৮)। শুক্রবার (১৮ সেপ্টেম্বর) তাদের ঢাকার চিফ মেট্রোপলিটন ম্যাজিস্ট্রেট (সিএমএম) আদালতে হাজির করা হলে বিজ্ঞ বিচারক তাদের কারাগারে পাঠানোর নির্দেশ দেন।

মামলার তদন্তের স্বার্থে আসামিদের ১০ দিনের রিমান্ডে নেওয়ার আবেদন করেন তদন্ত কর্মকর্তা। শুনানি শেষে মেট্রোপলিটন ম্যাজিস্ট্রেট আরিফুল ইসলাম আসামিদের কারাগারে পাঠিয়ে পরবর্তী মঙ্গলবার (২২ সেপ্টেম্বর) রিমান্ড শুনানির দিন ধার্য করেন। এর আগে বৃহস্পতিবার (১৭ সেপ্টেম্বর) রাতে কিশোরগঞ্জ সদর থানা এলাকায় অভিযান চালিয়ে তাদের গ্রেফতার করে পুলিশ।

মামলার এজাহার সূত্রে জানা যায়, গত বছরের ২৪ আগস্ট মেহেদী হক লিয়ন (৪৯) নামের এক ব্যক্তির টেলিগ্রামে ‘জেলেস জুয়েলারি’ নামের একটি প্রতিষ্ঠানে চাকরির প্রস্তাব আসে। আগ্রহ দেখালে তাকে একটি প্রতিষ্ঠানের ওয়েবসাইটের সমমানের ফিশিং লিংক দেওয়া হয়। এরপর সেখানে যুক্ত করে নানা কৌশলে তার কাছ থেকে মোট ৯৪ লাখ ১৯ হাজার টাকা হাতিয়ে নেওয়া হয়।

ঘটনার শিকার হয়ে চলতি বছরের ৩ জানুয়ারি পল্টন থানায় একটি ডিজিটাল প্রতারণার মামলা দায়ের করেন মেহেদী। তদন্তে নেমে আধুনিক প্রযুক্তির সহায়তায় চক্রটিকে শনাক্ত করে পুলিশ এবং কিশোরগঞ্জে অভিযান চালিয়ে তাদের গ্রেফতার করতে সক্ষম হয়।

 //ডিবিটেক/জেএনও/এমএসআই//