ঘন্টায় ১ ডলার বাড়লো অ্যামাজন কর্মীদের মজুরি

ঘন্টায় ১ ডলার বাড়লো অ্যামাজন কর্মীদের মজুরি
১৭ সেপ্টেম্বর, ২০২৬ ১৯:৫১  

ই-কমার্স ও প্রযুক্তি জায়ান্ট অ্যামাজন মার্কিন যুক্তরাষ্ট্রে তাদের ডেলিভারি চালক ও ফুলফিলমেন্ট সেন্টারের মতো অপারেশনাল খাতের কর্মীদের ন্যূনতম শুরুর মজুরি প্রতি ঘণ্টায় ১ ডলার বাড়িয়ে ২০ ডলারে উন্নীত করেছে। এই বেতন বৃদ্ধির ফলে এসব পদে কর্মরত কর্মীদের গড় ঘণ্টায় আয় দাঁড়াবে প্রায় ২৪ ডলার। 

প্রতিষ্ঠানটির পক্ষ থেকে জানানো হয়েছে, স্বাস্থ্যসেবা ও শিক্ষাবৃত্তির মতো অন্যান্য সুযোগ-সুবিধা হিসাব করলে কর্মচারীদের মোট সুবিধাদির মূল্য ঘণ্টায় ৩২ ডলার ছাড়িয়ে যাবে। 

মাঠপর্যায়ের কর্মীদের কর্মস্পৃহা বাড়াতে এই নতুন পর্বে অ্যামাজন ১.৫ বিলিয়ন ডলারের বেশি বিনিয়োগ করছে, যা তাদের প্রায় ২.৬৮ ট্রিলিয়ন ডলার বাজারমূল্যের একটি ছোট অংশ।

বেতন বাড়ানোর পাশাপাশি কর্মীদের আর্থিক ব্যবস্থাপনা সহজ করতে ‘ডে ১ ফিন্যান্সিয়াল’ নামের কম খরচের ব্যাংকিং ব্যবস্থা এবং ফার্স্ট টেক ফেডারেল ক্রেডিট ইউনিয়নের সদস্যপদ দেওয়ার সিদ্ধান্ত নিয়েছে অ্যামাজন। 

এ ছাড়া আমাজনের মালিকানাধীন প্রিমিয়াম গ্রোসারি চেইন ‘হোল ফুডস মার্কেট’-এর দোকান থেকে সরাসরি কেনাকাটায় ২০ শতাংশ এবং অনলাইনে খাদ্যসামগ্রী অর্ডারে ১০ শতাংশ ছাড় পাবেন কর্মীরা। আগে থেকেই কোম্পানিটি তাদের কর্মচারীদের জন্য বিনামূল্যে প্রাইম মেম্বারশিপ, শিক্ষা সহায়তা ও স্বাস্থ্যসেবা সুবিধা প্রদান করে আসছে।

তবে বেতন ও অন্যান্য সুযোগ-সুবিধা বৃদ্ধির এই ঘোষণায় অ্যামাজনের কর্মীবৃন্দের মাঝে মিশ্র প্রতিক্রিয়া দেখা গেছে। বিভিন্ন অনলাইন ফোরামে কর্মীদের অনেকেই ১ ডলার মজুরি বৃদ্ধিকে বর্তমান জীবনযাত্রার ব্যয়ের তুলনায় অপ্রতুল বলে মনে করছেন। বিশেষ করে হোল ফুডসে ছাড় দেওয়া নিয়ে কিছুটা ব্যঙ্গাত্মক মন্তব্য করেছেন কর্মচারীরা। 

তাদের মতে, হোল ফুডসের পণ্যের দাম সাধারণ বাজারের চেয়ে এমনিতেই অনেক বেশি থাকে; ফলে ২০ শতাংশ ছাড় পাওয়ার পরও কেনাকাটার খরচ সাধারণ সুপারমার্কেটের সমপর্যায়েই থাকবে।

ডিবিটেক/বিএমটি   ।   সূত্র: টেকক্রাঞ্চ