২৮ কোটি ৫০ লাখ ডলারে বিক্রি হচ্ছে গোপ্রো

২৮ কোটি ৫০ লাখ ডলারে বিক্রি হচ্ছে গোপ্রো
২ সেপ্টেম্বর, ২০২৬ ১৭:১১  

অ্যাকশন ক্যামেরা জগতের অগ্রদূত হিসেবে পরিচিত মার্কিন প্রযুক্তি প্রতিষ্ঠান গোপ্রোকে কিনে নিচ্ছে অপটিক্যাল-ফটোনিক্স খাতের প্রতিষ্ঠান স্টারম্যান অপটিক্যাল। টানা কয়েক বছর ধরে চলা তীব্র আর্থিক সংকটের পর অবশেষে ২৮ কোটি ৫০ লাখ ডলারের বিনিময়ে স্টারম্যান অপটিক্যালের সঙ্গে একীভূত হওয়ার চুক্তি করেছে প্রতিষ্ঠানটি।

দেনামুক্ত হওয়ার সুযোগ ও শেয়ারহোল্ডারদের লাভ
চুক্তির শর্ত অনুযায়ী, গোপ্রোর শেয়ারহোল্ডারদের মোট ২৮ কোটি ৫০ লাখ ডলার বা প্রতি শেয়ারের বিপরীতে এক দশমিক এক চার ডলার করে নগদ অর্থ দেওয়া হবে। এর ফলে নতুন একীভূত কোম্পানির প্রায় ১০ শতাংশ মালিকানা গোপ্রোর বর্তমান বিনিয়োগকারীদের হাতেই থাকছে। 

এ ছাড়া চলতি বছরের শেষের দিকে এই চুক্তি পুরোপুরি কার্যকর হলে গোপ্রোর কাঁধে থাকা প্রায় ৯ কোটি ২০ লাখ ডলারের বিশাল ঋণ সম্পূর্ণ পরিশোধ হয়ে যাবে। তবে মালিকানা পরিবর্তন হলেও গোপ্রো আগের মতোই নাসডাক শেয়ারবাজারে তালিকাভুক্ত থাকবে।

নতুন পথে যাত্রা: কৃত্রিম বুদ্ধিমত্তা ও সামরিক প্রযুক্তি
গত কয়েক মাস ধরেই গোপ্রো তাদের ব্যবসা শুধু ক্যামেরার মধ্যে সীমাবদ্ধ না রেখে সামরিক প্রযুক্তি ও ডেটা সেন্টার খাতে প্রবেশের পরিকল্পনা করছিল। নবগঠিত স্টারম্যান অপটিক্যাল মূলত অপটিক্যাল-ফটোনিক্স প্রযুক্তি নিয়ে কাজ করে। এই একীভূতকরণের মাধ্যমে গোপ্রোর বিশ্বমানের লেন্স ও ইমেজিং প্রযুক্তির মেধাস্বত্ব কাজে লাগিয়ে কৃত্রিম বুদ্ধিমত্তা বা এআই ডেটা সেন্টার, রোবোটিকস, মহাকাশ ও সামরিক খাতের জন্য গুরুত্বপূর্ণ সরঞ্জাম তৈরি করা হবে। 

স্টারম্যান হোল্ডিংসের প্রধান নির্বাহী চার্লস টেবল জানিয়েছেন, গুরুত্বপূর্ণ এসব প্রযুক্তি পণ্যের উৎপাদন পুনরায় যুক্তরাষ্ট্রে ফিরিয়ে আনতেই এই যৌথ উদ্যোগ নেওয়া হয়েছে। 

ক্যামেরার ভবিষ্যৎ এবং মার্কিপ্লায়ারের চমক
ভোলবদল হলেও এখনই অ্যাকশন ক্যামেরার বাজার ছাড়ছে না গোপ্রো। প্রতিষ্ঠানটি জানিয়েছে, তারা গ্রাহকদের জন্য তাদের চলমান ক্যামেরা লাইনআপ এবং ক্লাউড সাবস্ক্রিপশন সেবা আগের মতোই অব্যাহত রাখবে। 

মজার ব্যাপার হলো, এই চুক্তির খবর প্রকাশ্যে আসার ঠিক আগমুহূর্তে জনপ্রিয় ইউটিউবার মার্ক ফিশবাখ, যিনি অনলাইনে 'মার্কিপ্লায়ার' নামে পরিচিত, গোপ্রোর ৮ দশমিক ৫ শতাংশ শেয়ার কিনে প্রতিষ্ঠানটির সবচেয়ে বড় একক শেয়ারহোল্ডারে পরিণত হন। 

গোপ্রোর প্রতিষ্ঠাতা ও প্রধান নির্বাহী নিক উডম্যান আশা করছেন, এই চুক্তির মাধ্যমে ভোক্তা বাজারের পাশাপাশি বাণিজ্যিক ও প্রতিরক্ষা খাতেও যুক্তরাষ্ট্রের অন্যতম শীর্ষ ইমেজিং প্রযুক্তি সেবাদাতা প্রতিষ্ঠান হিসেবে গোপ্রো নিজেদের শক্ত অবস্থান তৈরি করতে পারবে। 

ডিবিটেক/বিএমটি    ।    সূত্র: টেকক্রাঞ্চ