পোশাক কারখানায় বিদ্যুৎ সাশ্রয়ে বিজিএমইএ-বাইডেক চুক্তি
• আপসাইক্লিং প্রযুক্তিতে বিএলডিসি ফ্যানে রূপান্তরের চুক্তি
• পোশাক কারখানায় বিদ্যুৎ খরচ কমবে ৬৫ শতাংশ
• বিজিএমইএ ও বাইডেকের কৌশলগত অংশীদারিত্ব স্বাক্ষর
তৈরি পোশাক কারখানায় পরিবেশবান্ধব প্রকৌশল ও বিদ্যুৎ সাশ্রয়ী প্রযুক্তির সম্প্রসারণে কৌশলগত অংশীদারিত্বে যুক্ত হয়েছে বাংলাদেশ পোশাক প্রস্তুতকারক ও রপ্তানিকারক সমিতি (বিজিএমইএ) এবং বাংলাদেশ ইন্ডাস্ট্রিয়াল ডেভেলপমেন্ট অ্যান্ড ইঞ্জিনিয়ারিং কোম্পানি (বাইডেক)। এই অংশীদারিত্বের আওতায় পেটেন্টকৃত ‘মাইক্রো সাসটেইনেবল আপসাইক্লিং’ প্রযুক্তির মাধ্যমে কারখানার পুরনো ক্যাপাসিটর ফ্যানকে আধুনিক বিএলডিসি ফ্যানে রূপান্তর করা হবে, যা বিদ্যুৎ খরচ প্রায় ৪০ থেকে ৬৫ শতাংশ পর্যন্ত কমিয়ে আনবে। ২০ আগস্ট ২০২৬, বৃহস্পতিবার রাজধানীর উত্তরায় বিজিএমইএ কার্যালয়ে এই সমঝোতা স্মারক (এমওইউ) স্বাক্ষরিত হয়। এক সংবাদ বিজ্ঞপ্তিতে এ তথ্য জানানো হয়।
বিজিএমইএর পক্ষে সহ-সভাপতি ভিদিয়া অমৃত খান এবং বাইডেকের পক্ষে প্রতিষ্ঠাতা ও প্রধান নির্বাহী কর্মকর্তা কাজী মোহাম্মদ ইব্রাহিম নিজ নিজ প্রতিষ্ঠানের হয়ে চুক্তিপত্রে স্বাক্ষর করেন। ৪২টিরও বেশি সদস্য কারখানায় পরিচালিত ফিল্ড ট্রায়ালে প্রযুক্তিটি সফলভাবে ৪৭ থেকে প্রায় ৬৫ শতাংশ বিদ্যুৎ সাশ্রয় নিশ্চিত করেছে।
অনুষ্ঠানে বিজিএমইএর সহ-সভাপতি ভিদিয়া অমৃত খান বলেন, স্থানীয় উদ্ভাবন ও তরুণ উদ্যোক্তারা যে শিল্প খাতের বড় চ্যালেঞ্জ সমাধান করতে পারে, এটি তারই প্রমাণ। এই প্রযুক্তি ডিকার্বনাইজেশন ও টেকসই উন্নয়ন ত্বরান্বিত করে বৈশ্বিক বাজারে ‘মেড ইন বাংলাদেশ’ ব্র্যান্ডের ভাবমূর্তি উজ্জ্বল করবে।
বিজিএমইএর পরিচালক শাহ রাইদ চৌধুরী বলেন, বিদ্যুৎ সাশ্রয় ও জ্বালানি দক্ষতা এখন ব্যবসার টিকে থাকার প্রধান শর্ত। দেড় থেকে দুই বছরের মধ্যে বিনিয়োগ তুলে আনা এই দেশীয় প্রযুক্তি জাতীয় পাওয়ার গ্রিডের ওপর চাপ কমাবে।
অনুষ্ঠানে বিজিএমইএর এনার্জি অপটিমাইজেশন কমিটির উপদেষ্টা ও ডিকার্বনাইজেশন কমিটির কো-চেয়ার কামরান সাদিক, সাসটেইনেবল এনার্জি কমিটির চেয়ারম্যান সাইফুর রহমান, এনার্জি অপটিমাইজেশন কমিটির চেয়ারম্যান নিশাত হামিদ এবং বাইডেকের প্রধান ব্যবসা উন্নয়ন কর্মকর্তা মো. মুয়িদ হাসান উপস্থিত ছিলেন। সংশ্লিষ্টরা জানান, চতুর্থ শিল্পবিপ্লব ও ইউরোপীয় ইউনিয়নের কঠোর পরিবেশনীতি বাস্তবায়নে এ উদ্যোগ সহায়ক হবে।
//ডিবিটেক/বিএনও/এমআইএস//





