বাকৃবিতে ৭২ কৃতি শিক্ষার্থী পেলেন সংবর্ধনা

• বাকৃবির সোহরাওয়ার্দী হলে নবীনবরণ ও কৃতি সংবর্ধনা
• মেধা, চাকরি ও ক্রীড়ায় ৭২ শিক্ষার্থী পুরস্কৃত
• শিক্ষা ও গবেষণায় মনোযোগী হওয়ার তাগিদ

বাকৃবিতে ৭২ কৃতি শিক্ষার্থী পেলেন সংবর্ধনা
২১ আগষ্ট, ২০২৬ ০০:০৯  

উচ্চশিক্ষা, বৈজ্ঞানিক কৃষি গবেষণা ও সহশিক্ষা কার্যক্রমে শিক্ষার্থীদের উৎসাহিত করতে বাংলাদেশ কৃষি বিশ্ববিদ্যালয়ের (বাকৃবি) হোসেন শহীদ সোহরাওয়ার্দী হলে কৃতি সংবর্ধনা, নবীনবরণ ও পুরস্কার বিতরণী অনুষ্ঠিত হয়েছে। মেধা তালিকা, সরকারি-ব্যাংকিং নিয়োগ এবং খেলাধুলায় অনন্য অবদানের স্বীকৃতি হিসেবে হলের ৭২ জন শিক্ষার্থীকে এ সংবর্ধনা ও পুরস্কার দেওয়া হয়। ২০ আগস্ট ২০২৬, বৃহস্পতিবার রাতে এক সংবাদ বিজ্ঞপ্তিতে এ তথ্য জানানো হয়।

এর আগে বৃহস্পতিবার সন্ধ্যা সাড়ে ৭টায় হল মিলনায়তনে আয়োজিত অনুষ্ঠানে ২০২৫-২৬ শিক্ষাবর্ষের স্নাতক প্রথম বর্ষের (লেভেল ১, সেমিস্টার ১) শিক্ষার্থীদের আনুষ্ঠানিকভাবে বরণ করে নেওয়া হয়। অনুষ্ঠানে একাডেমিক মেধা তালিকায় শীর্ষে থাকা বিভিন্ন বর্ষের ২৮ জন কৃতি শিক্ষার্থীকে সংবর্ধনা দেওয়া হয়। পাশাপাশি বিভিন্ন ব্যাংক ও সরকারি চাকরিতে নিয়োগপ্রাপ্ত ১৪ জন আবাসিক শিক্ষার্থী এবং ক্রীড়া ক্ষেত্রে কৃতিত্বের জন্য ৩০ জন শিক্ষার্থীকে পুরস্কৃত করা হয়।

অনুষ্ঠানে প্রধান অতিথির বক্তব্যে বিশ্ববিদ্যালয়ের নবনিযুক্ত ছাত্রবিষয়ক উপদেষ্টা অধ্যাপক ড. মো. রফিকুল ইসলাম সরদার বলেন, একাডেমিক ফলাফলের পাশাপাশি নিয়মিত শিক্ষা কার্যক্রম ও সামাজিক দায়বদ্ধতার চর্চা একজন শিক্ষার্থীর সার্বিক বিকাশে বড় ভূমিকা রাখে। তিনি নবাগত শিক্ষার্থীদের পড়াশোনায় মনোযোগী হওয়ার আহ্বান জানিয়ে উল্লেখ করেন, হলের আবাসন সুবিধা ও গবেষণাবান্ধব পরিবেশ তৈরিতে প্রশাসন নিরবচ্ছিন্নভাবে কাজ করছে।

হোসেন শহীদ সোহরাওয়ার্দী হলের প্রভোস্ট অধ্যাপক ড. মো. বজলুর রহমান মোল্যার সভাপতিত্বে অনুষ্ঠানে বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন বিশ্ববিদ্যালয়ের প্রক্টর অধ্যাপক ড. মো. আবদুল আলীম, সোনালী দলের সভাপতি অধ্যাপক ড. মো. হাম্মাদুর রহমান ও সাধারণ সম্পাদক অধ্যাপক ড. এ কে এম আদহাম, বাকৃবির উচ্চশিক্ষা ও গবেষণা কমিটির কো-অর্ডিনেটর অধ্যাপক ড. মো. রুহুল আমিন এবং হলের হাউজ টিউটর আবু হানিফ।

এ ছাড়া বাকৃবি শাখা ছাত্রদলের সিনিয়র যুগ্ম-আহ্বায়ক এ এম সোয়াইব, যুগ্ম-আহ্বায়ক মো. শাহীন আলম, মো. নুরনবী হোসেন, মো. তায়েফ মাহমুদ, মো. মিজবাউল হক মিজুসহ সংগঠনের অন্যান্য নেতৃবৃন্দ এবং হলের বিভিন্ন বর্ষের শিক্ষার্থীরা অনুষ্ঠানে অংশ নেন। সভাপতির বক্তব্যে ড. বজলুর রহমান মোল্যা হলের বিগত দুই বছরের উন্নয়নমূলক কর্মকাণ্ডের চিত্র তুলে ধরেন।
//ডিবিটেক/বাওএএইচ/এমআইএস//