মেধা ও প্রযুক্তি জাতীয় অর্থনীতিতে যুক্তের আহ্বান
• বিজ্ঞান ও প্রযুক্তিগত দক্ষতাকে জাতীয় স্বার্থে রূপান্তরের তাগিদ
• চাকরি সৃষ্টির মূল চালিকাশক্তি শিল্প ও অর্থনৈতিক নীতিনির্ধারণ
• দক্ষতা উন্নয়ন কার্যক্রমে সামাজিক বাস্তবতা ও নৈতিকতা যুক্তের পরামর্শ
আধুনিক বিজ্ঞান, প্রযুক্তি ও দক্ষতার সঠিক ব্যবহারের মাধ্যমে তরুণদের মেধা ও সম্ভাবনাকে জাতীয় অর্থনৈতিক প্রবৃদ্ধির সঙ্গে যুক্ত করার আহ্বান জানিয়েছেন তথ্য ও সম্প্রচার মন্ত্রী জহির উদ্দিন স্বপন। বৃহস্পতিবার (২০ আগস্ট ) বাংলাদেশ চীন মৈত্রী সম্মেলন কেন্দ্রে ইকো সোশ্যাল ডেভেলপমেন্ট অর্গানাইজেশন (ইএসডিও) আয়োজিত এবং চোরগউসান ফর চিলড্রেন ও এডুকোর সহায়তায় অনুষ্ঠিত ‘ফ্রম স্কিল টু অপরচুনিটি’ শীর্ষক চাকরি মেলায় প্রধান অতিথির বক্তব্যে তিনি এই নির্দেশনা দেন।
তথ্য ও সম্প্রচার মন্ত্রী জহির উদ্দিন স্বপন বলেন, তরুণদের দক্ষতা উন্নয়ন শুধু ব্যক্তিগত চাকরি পাওয়ার মধ্যে সীমাবদ্ধ না রেখে অর্থনৈতিক সম্ভাবনার সঙ্গে মেলাতে হবে। শুধু বিদ্যমান চাকরির জন্য দক্ষ জনবল তৈরি করাই যথেষ্ট নয়; বরং অর্থনীতি, শিল্পনীতি ও উৎপাদননীতির ওপর ভিত্তি করে চাকরির নতুন বাজার সম্প্রসারণ করা সমান গুরুত্বপূর্ণ। কর্মসংস্থানের স্থায়ী সমাধানের জন্য চাকরির বাজারের মূল নিয়ন্ত্রণ ও নীতিগত ক্ষেত্রগুলো চিহ্নিত করতে হবে।
দক্ষতা ও প্রযুক্তির সফল রূপান্তরের উদাহরণ হিসেবে তিনি উল্লেখ করেন, শহীদ রাষ্ট্রপতি জিয়াউর রহমানের শাসনামলে দক্ষিণ কোরিয়া থেকে প্রযুক্তি ও জ্ঞান এনে বাংলাদেশের জনশক্তিকে যুক্ত করার মাধ্যমে আধুনিক পোশাকশিল্পের মজবুত ভিত্তি রচিত হয়েছিল। সেই সময়ে উদ্যোক্তাদের প্রশিক্ষণ, ব্যাংকঋণ, বৈদেশিক প্রযুক্তি সংযোগ ও নীতিগত সহায়তার যে সূচনা হয়েছিল, তা সামগ্রিক অর্থনীতিকে বদলে দিয়েছে। সীমিত ভৌগোলিক পরিসরের এই দেশে পণ্য রপ্তানি ও প্রবাসী আয়ের পাশাপাশি কর্মসংস্থান তৈরিতে প্রযুক্তিভিত্তিক নতুন নতুন শিল্প ও উৎপাদন খাত গড়ে তোলার বিকল্প নেই।
তিনি চাকরিপ্রার্থী তরুণদের পেশাগত দক্ষতার পাশাপাশি অর্থনীতি, সমাজ ও জাতীয় স্বার্থ সম্পর্কে সচেতন হওয়ার পরামর্শ দেন। একই সঙ্গে জাতীয় দক্ষতা উন্নয়ন কর্তৃপক্ষ ও সংশ্লিষ্ট প্রতিষ্ঠানগুলোকে কারিকুলাম তৈরির সময় নৈতিকতা, দর্শন এবং সামাজিক বাস্তবতা অন্তর্ভুক্ত করার তাগিদ দেন।
এডুকো বাংলাদেশের কান্ট্রি ডিরেক্টর আব্দুল হামিদের সভাপতিত্বে অনুষ্ঠানে আরও বক্তব্য দেন জাতীয় দক্ষতা উন্নয়ন কর্তৃপক্ষের নির্বাহী চেয়ারম্যান ড. নাজনীন কাউসার চৌধুরী এবং ইএসডিও’র নির্বাহী পরিচালক ড. মো. শহিদ উজ জামান।
//ডিবিটেক/আইএইআইপি/এসএমই//





