বেসরকারি উদ্যোক্তাদের অংশগ্রহণে ৮টি ফ্র্যাঞ্চাইজি পোস্ট অফিস চালু
ডাকসেবাকে আধুনিক, সহজলভ্য ও জনবান্ধব করতে পাইলট প্রকল্প হিসেবে বেসরকারি উদ্যোক্তাদের অংশগ্রহণে ৮টি ফ্র্যাঞ্চাইজি পোস্ট অফিস চালু করেছে সরকার। এসব সেবাকেন্দ্র থেকে পার্সেল, ই-কমার্স পণ্য সংগ্রহ এবং অন্যান্য অনুমোদিত পণ্য পরিবহন সেবা দেওয়া শুরু হয়েছে।
ডাকসেবাকে আধুনিক, সহজলভ্য ও জনবান্ধব করতে পাইলট প্রকল্প হিসেবে বেসরকারি উদ্যোক্তাদের অংশগ্রহণে ৮টি ফ্র্যাঞ্চাইজি পোস্ট অফিস চালু করেছে সরকার। এসব সেবাকেন্দ্র থেকে পার্সেল, ই-কমার্স পণ্য সংগ্রহ এবং অন্যান্য অনুমোদিত পণ্য পরিবহন সেবা দেওয়া শুরু হয়েছে।
২৯ জুলাই, বুধবার রাজধানীর আগারগাঁওয়ের ডাক ভবনে এ কার্যক্রমের উদ্বোধন করেন ডাক, টেলিযোগাযোগ, তথ্যপ্রযুক্তি এবং বিজ্ঞান ও প্রযুক্তি মন্ত্রী ফকির মাহবুব আনাম।
অনুষ্ঠানে টেলিযোগাযোগ সচিব বিলকিস জাহান রিমি, ডাক অধিদপ্তরের মহাপরিচালক কাজী আসাদুল ইসলামসহ ঊর্ধ্বতন কর্মকর্তারা উপস্থিত ছিলেন।
পাইলট প্রকল্পের আওতায় রাজধানীর জিপিও, সদরঘাট, দিলকুশা ও শান্তিনগর এবং ঢাকার বাইরে বান্দরবান, কুয়াকাটা সাবপোস্ট অফিস, সুনামগঞ্জের শালনা, বানেশ্বর, ঈশ্বরদী, বাঘা ও রাজশাহী জিপিওতে ফ্র্যাঞ্চাইজি পোস্ট অফিস সেবা চালু করা হয়েছে। এসব কেন্দ্র থেকে পার্সেল ও ই-কমার্স পণ্য সংগ্রহসহ বিভিন্ন ডাক ও লজিস্টিকস সেবা পাওয়া যাবে।
অনুষ্ঠানে ফ্র্যাঞ্চাইজি পোস্ট অফিস মডেলের বিভিন্ন দিক তুলে ধরেন ডাক অধিদপ্তরের অতিরিক্ত মহাপরিচালক জাকির হাসান অনু।
প্রধান অতিথির বক্তব্যে মন্ত্রী ফকির মাহবুব আনাম বলেন, ফ্র্যাঞ্চাইজি পোস্ট অফিস ব্যবস্থা নতুন কোনো ধারণা নয়; বিশ্বের বিভিন্ন দেশে এটি বহু বছর ধরে সফলভাবে পরিচালিত হচ্ছে। বাংলাদেশেও এই উদ্যোগের মাধ্যমে ডাকসেবা জনগণের দোরগোড়ায় পৌঁছে দেওয়া হবে।
তিনি বলেন, জনগণ এবং উদ্যোক্তাদের মধ্যে ফ্র্যাঞ্চাইজি পোস্ট অফিসের সুবিধা সম্পর্কে ব্যাপক প্রচারণা চালাতে হবে, যাতে আরও বেশি উদ্যোক্তা এ কার্যক্রমে যুক্ত হন।
মন্ত্রী আশা প্রকাশ করে বলেন, পর্যায়ক্রমে দেশের সব পোস্ট অফিসকে ফ্র্যাঞ্চাইজি মডেলে পরিচালনার সুযোগ সৃষ্টি হবে। এর ফলে একদিকে নাগরিক সেবার পরিধি বাড়বে, অন্যদিকে নতুন কর্মসংস্থান ও ব্যবসার সুযোগ তৈরি হবে।
নবনিযুক্ত ফ্র্যাঞ্চাইজি উদ্যোক্তাদের শুভেচ্ছা জানিয়ে তিনি বলেন, কার্যক্রম পরিচালনায় কোনো ধরনের সমস্যা হলে ডাক বিভাগ প্রয়োজনীয় সব ধরনের সহযোগিতা করবে।
অনুষ্ঠান শেষে ডাক অধিদপ্তরের ইডি (ইঞ্জিনিয়ারিং ডিভিশন) কর্মচারীদের সঙ্গে মতবিনিময় করেন মন্ত্রী। এসময় তাদের জীবন মান উন্নয়নে কী করা যায় সে বিষয়ে একটি পথ খুঁজে বের করার আশ্বাস দেন তিনি।
//ডিবিটেক/এসএম/ইকে//





