অংশীজন বৈঠকের পর ক্যাবিনেটে সিদ্ধান্ত 

মেট্রোপলিটন শহরে সপ্তাহে অর্ধেক ক্লাস হতে পারে অনলাইনে

মেট্রোপলিটন শহরে সপ্তাহে অর্ধেক ক্লাস হতে পারে অনলাইনে
৭ এপ্রিল, ২০২৬ ১০:০১  

জ্বালানি, বিদ্যুত ও যাতায়াতে শ্রমঘন্টা সাশ্রয় এবং বায়ুমানের উন্নতির লক্ষ্যে মেট্রোপলিটন শহরে সপ্তাহে অর্ধেক অনলাইন ক্লাস এবং অন্যত্র অফলাইন ক্লাসের চিন্তা করছে সরকার। ইরান-যুক্তরাষ্ট্র ইজরেল যুদ্ধ থামলে আবার স্বাভাবিক শ্রেণী পাঠদান চলবে। 

বৈশ্বিক জ্বালানি সংকট মোকাবিলায় দেশের মহনগরের স্কুল-কলেজে অনলাইন ক্লাস নেওয়ার পরিকল্পনা নিয়ে ৮ এপ্রিল, বুধবার বৈঠক ডেকেছে শিক্ষা মন্ত্রণালয়। বৈঠক শেষে ৭ এপ্রিল, বৃহষ্পতিবার ক্যাবিনেট মিটিংয়ে এ বিষয়ে চূড়ান্ত সিদ্ধান্ত আসতে পারে।

শিক্ষা মন্ত্রণালয়ের মাধ্যমিক ও উচ্চশিক্ষা বিভাগের এক চিঠিতে এ তথ্য জানানো হয়। চিঠির তথ্য অনুযায়ী রাজধানীর আন্তর্জাতিক মাতৃভাষা ইনস্টিটিউটে বুধবার দুপুর দেড়টা থেকে অংশীজনদের সঙ্গে মতবিনিময় সভা শুরু হবে।

চিঠিতে আরও বলা হয়, মধ্যপ্রাচ্যে যুদ্ধাবস্থা ও যানজট নিরসন এবং বৈশ্বিক জ্বালানি সংকটের কারণে উদ্ভূত পরিস্থিতিতে শিক্ষা কার্যক্রম অব্যাহত রাখা ও বিদ্যুৎ সাশ্রয় করার লক্ষ্যে শ্রেণিকক্ষে শিক্ষা কার্যক্রম পরিচালনার বিষয়ে পরবর্তী করণীয় নির্ধারণে সংশ্লিষ্ট সব অংশীজনের সমন্বয়ে একটি সেমিনার অনুষ্ঠিত হবে।

এর আগে দেশের মেট্রোপলিটন এলাকার শিক্ষাপ্রতিষ্ঠানে অনলাইন-অফলাইন ক্লাসের বিষয়ে স্টেক হোল্ডারদের সঙ্গে আলোচনা করা হবে। আলোচনা শেষে বৃহস্পতিবার প্রধানমন্ত্রীর কাছে রিপোর্ট জমা দেবে শিক্ষা মন্ত্রণালয়। 

ময়মনসিংহে এসএসসি ও সমমান পরীক্ষার কেন্দ্রসচিবদের সঙ্গে মতবিনিময় সভায় (৬ এপ্রিল সোমবার) এই তথ্য জানিয়েছিলেন শিক্ষামন্ত্রী ড. আ ন ম এহছানুল হক মিলন।  

ডিবিটেক/এসএইচ/এমইউআইএম