প্রকৌশলীদের উদ্ভাবনে উন্নত টেলিকম অবকাঠামো

• আধুনিক টেলিকম অবকাঠামো গড়তে প্রকৌশলীদের মেধা ব্যবহারের তাগিদ।
• প্রত্যন্ত অঞ্চলে নিরবচ্ছিন্ন ও সাশ্রয়ী যোগাযোগসেবা নিশ্চিতের নির্দেশ।
• টেলিযোগাযোগ অধিদপ্তরের সাইবার থ্রেট ডিটেকশন সেন্টার পরিদর্শন।

প্রকৌশলীদের উদ্ভাবনে উন্নত টেলিকম অবকাঠামো
১৯ আগষ্ট, ২০২৬ ১৫:৪৭  

টেলিকম অবকাঠামো আধুনিকায়ন ও প্রযুক্তিগত সক্ষমতা জোরদারে নবনিযুক্ত প্রকৌশলীদের উদ্ভাবনী দক্ষতাকে কাজে লাগানোর আহ্বান জানিয়েছেন ডাক, টেলিযোগাযোগ ও তথ্যপ্রযুক্তি এবং বিজ্ঞান ও প্রযুক্তি মন্ত্রী ফকির মাহবুব আনাম। বুধবার (১৯ আগস্ট ২০২৬) রাজধানীর তেজগাঁওয়ে টেলিযোগাযোগ অধিদপ্তরে ২৭তম বিসিএস টেলিকম ক্যাডারে যোগদানকৃত সহকারী বিভাগীয় প্রকৌশলীদের পরিচিতিমূলক সভায় তিনি এই নির্দেশনা দেন।

প্রধান অতিথির বক্তব্যে মন্ত্রী ফকির মাহবুব আনাম বলেন, টেলিযোগাযোগ ব্যবস্থা যেকোনো দেশের আর্থসামাজিক উন্নয়নের মূল ভিত্তি। দেশের ডিজিটাল রূপান্তরকে গতিশীল রাখতে প্রযুক্তিনির্ভর আধুনিক টেলিকম অবকাঠামো ও দক্ষ মানবসম্পদ গড়ে তোলা অপরিহার্য। দ্রুত পরিবর্তনশীল প্রযুক্তির সঙ্গে তাল মিলিয়ে পেশাগত দক্ষতা বাড়ানোর পাশাপাশি নতুন প্রকৌশলীদের সততা, জবাবদিহি ও দেশপ্রেম নিয়ে কাজ করার আহ্বান জানান তিনি।

তিনি আরও বলেন, নতুন প্রযুক্তির সম্ভাবনা কাজে লাগিয়ে প্রত্যন্ত অঞ্চলের মানুষের কাছেও নিরবচ্ছিন্ন, সাশ্রয়ী ও জনবান্ধব সেবা পৌঁছে দিতে হবে। সভার শুরুতে মন্ত্রী অধিদপ্তরের ‘সাইবার থ্রেট ডিটেকশন অ্যান্ড রেসপন্স (সিটিডিআর) সেন্টার’-এর কার্যক্রম পরিদর্শন করেন।

টেলিযোগাযোগ অধিদপ্তরের মহাপরিচালক মো. আশরাফ হোসেনের (পিএইচডি) সভাপতিত্বে অনুষ্ঠানে নবনিযুক্ত সহকারী বিভাগীয় প্রকৌশলীরা তাঁদের কর্মপরিকল্পনা তুলে ধরেন। অনুষ্ঠানে অধিদপ্তরের ঊর্ধ্বতন কর্মকর্তারা উপস্থিত ছিলেন।
//ডিবিটেক/জেইউপি/িএসএমই//