জাতীয় বিশ্ববিদ্যালয়ের পাঠ্যক্রমে যুক্ত হচ্ছে এআই ও ডাটা অ্যানালিটিকসের মতো কারিগরি কোর্স

জাতীয় বিশ্ববিদ্যালয়ের পাঠ্যক্রমে যুক্ত হচ্ছে এআই ও ডাটা অ্যানালিটিকসের মতো কারিগরি কোর্স
৯ এপ্রিল, ২০২৬ ১২:২৮  

ভবিষ্যতের বৈশ্বিক চ্যালেঞ্জ মোকাবিলা এবং শিক্ষার্থীদের দক্ষ মানবসম্পদ হিসেবে গড়ে তুলতে পাঠ্যক্রমে আমূল পরিবর্তনের উদ্যোগ নিয়েছে জাতীয় বিশ্ববিদ্যালয়। উচ্চশিক্ষার গতানুগতিক ধারা ভেঙে স্নাতক পর্যায়ে কৃত্রিম বুদ্ধিমত্তা (AI), ডাটা অ্যানালিটিকস এবং কম্পিউটার প্রোগ্রামিংয়ের মতো যুগোপযোগী টেকনিক্যাল কোর্স অন্তর্ভুক্ত করা হচ্ছে।

৯ এপ্রিল, বৃহস্পতিবার রাজধানীর আন্তর্জাতিক মাতৃভাষা ইনস্টিটিউটে তিন দিনব্যাপী কারিকুলাম উন্নয়ন কর্মশালার উদ্বোধনী অনুষ্ঠানে এই তথ্য জানানো হয়। অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন শিক্ষামন্ত্রী ড. আ ন ম এহসানুল হক মিলন। তিনি বলেন, কর্মমুখী শিক্ষাকে গুরুত্ব দিয়ে জাতীয় বিশ্ববিদ্যালয়ের এই শিক্ষাক্রম সংস্কার কার্যক্রম একটি ঐতিহাসিক মাইলফলক হয়ে থাকবে।

নতুন এই পরিকল্পনার আওতায় স্নাতক দ্বিতীয় বর্ষে অ্যাডভান্সড আইসিটি এবং তৃতীয় ও চতুর্থ বর্ষে ডিজিটাল এন্টারপ্রেনারশিপ, সাইবার সিকিউরিটি ও সোশ্যাল বিজনেসের মতো বিষয়গুলো যুক্ত হবে। এছাড়া শিক্ষার্থীদের উপস্থাপনা ও নেতৃত্বের দক্ষতা বৃদ্ধিতে বিভিন্ন ‘সফট স্কিল’ বিষয়ও গুরুত্ব পাবে। সরকারের এটুআই প্রোগ্রাম এবং ইউনিসেফ বাংলাদেশ এই উদ্যোগ বাস্তবায়নে কারিগরি সহযোগিতা প্রদান করছে।

অনুষ্ঠানের সভাপতি ও জাতীয় বিশ্ববিদ্যালয়ের ভাইস-চ্যান্সেলর প্রফেসর ড. এ এস এম আমানুল্লাহ জানান, শিক্ষার্থীদের আন্তর্জাতিক শ্রমবাজারের যোগ্য করে তুলতে ইংরেজি ও আইসিটি বিষয় ইতোমধ্যে বাধ্যতামূলক করা হয়েছে। পাশাপাশি তৃতীয় ভাষা শিক্ষা এবং বিশ্বমানের ফরেনসিক ল্যাব প্রতিষ্ঠার পরিকল্পনাও প্রক্রিয়াধীন রয়েছে। দেশের উচ্চশিক্ষার ৭০ শতাংশ শিক্ষার্থী জাতীয় বিশ্ববিদ্যালয়ের অধিভুক্ত হওয়ায় এই সংস্কার দেশের বেকারত্ব দূরীকরণে বড় ভূমিকা রাখবে বলে তিনি আশা প্রকাশ করেন।

উদ্বোধনী অনুষ্ঠানে বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন মাধ্যমিক ও উচ্চশিক্ষা বিভাগের সচিব আব্দুল খালেক, এটুআই প্রকল্প পরিচালক মো. আব্দুর রফিক এবং ইউনিসেফ বাংলাদেশের প্রতিনিধিরা। অনুষ্ঠানের শুরুতে মহান মুক্তিযুদ্ধ ও জুলাই গণঅভ্যুত্থানের শহীদদের স্মরণে এক মিনিট নীরবতা পালন করা হয়।

ডিবিটেক/এমআর/ইকে