৭০০ কোটি ডলারে এআই স্টার্টআপ ‘ওপেনরাউটার’ কিনে নিচ্ছে স্ট্রাইপ

৭০০ কোটি ডলারে এআই স্টার্টআপ ‘ওপেনরাউটার’ কিনে নিচ্ছে স্ট্রাইপ
১৭ আগষ্ট, ২০২৬ ১৪:২৫  

আন্তর্জাতিক আর্থিক প্রযুক্তি ও পেমেন্ট সেবাদাতা প্রতিষ্ঠান ‘স্ট্রাইপ’ কৃত্রিম বুদ্ধিমত্তা বা এআই মডেল ব্যবস্থাপনাভিত্তিক স্টার্টআপ ‘ওপেনরাউটার’ কিনে নেওয়ার চুক্তি চূড়ান্ত করেছে। ব্লুমবার্গের এক সাম্প্রতিক প্রতিবেদনে এই তথ্য জানানো হয়েছে। 

চুক্তি অনুযায়ী, ওপেনরাউটার অধিগ্রহণে স্ট্রাইপের খরচ হচ্ছে ৭০০ কোটি মার্কিন ডলারের বেশি (৭ বিলিয়ন ডলারের বেশি)। যদিও মাত্র কয়েক মাস আগে মে মাসে প্রতিষ্ঠানটির বাজারমূল্য ছিল ১৩০ কোটি ডলার, যা এই চুক্তির মাধ্যমে পাঁচ গুণেরও বেশি বাড়ল। 

এআই জগতের ‘স্ট্রাইপ’
ওপেনরাউটার মূলত একটি এআই গেটওয়ে প্ল্যাটফর্ম, যা ব্যবহারকারী ও ডেভেলপারদের তাদের প্রয়োজন ও বাজেট অনুযায়ী একই স্থানে ৪০০টিরও বেশি ভিন্ন ভিন্ন এআই মডেল ব্যবহারের সুযোগ দেয়। এতে করে গ্রাহকদের যেকোনো একটি নির্দিষ্ট এআই সেবাদাতার ওপর নির্ভর করে থাকতে হয় না। 

স্টার্টআপটির প্রধান নির্বাহী কর্মকর্তা অ্যালেক্স আতাল্লাহ এর আগে তাঁদের প্রতিষ্ঠানকে ‘এআই খাতের স্ট্রাইপ’ হিসেবে বর্ণনা করেছিলেন। কারণ, স্ট্রাইপ যেমন আর্থিক লেনদেনের একীভূত পরিকাঠামো দেয়, ওপেনরাউটারও ঠিক একইভাবে বিভিন্ন এআই সিস্টেম ব্যবহারের ক্ষেত্রে একক প্রবেশদ্বার হিসেবে কাজ করে। বর্তমানে বিশ্বজুড়ে প্রতিষ্ঠানটির প্রায় ৮০ লাখ ব্যবহারকারী রয়েছে। 

বিনিয়োগকারীদের আস্থা ও চুক্তির খবর
চলতি বছরের মে মাসেই ১১ কোটি ৩০ লাখ মার্কিন ডলারের ‘সিরিজ বি’ তহবিল সংগ্রহের ঘোষণা দিয়েছিল ওপেনরাউটার। সেকোয়া, অ্যান্ড্রেসেন হোরোউইটজ, মেনলো ভেনচার্স এবং আলফাবেটের ‘ক্যাপিটাল জি’-এর মতো বিশ্বখ্যাত প্রযুক্তি বিনিয়োগকারী প্রতিষ্ঠানগুলো এতে অর্থায়ন করে। 

গত মাসেই আন্তর্জাতিক সংবাদমাধ্যম ওয়াল স্ট্রিট জার্নালে দুই প্রতিষ্ঠানের মধ্যে সম্ভাব্য বিক্রির আলোচনার খবর প্রকাশিত হয়েছিল। ব্লুমবার্গের নতুন খবর অনুযায়ী, সেই আলোচনা শেষ পর্যন্ত ৭০০ কোটি ডলারের বেশি মূল্যে চূড়ান্ত চুক্তিতে পৌঁছাল। 

তবে চুক্তি সম্পন্ন হওয়ার বিষয়ে এখনই আনুষ্ঠানিকভাবে কোনো মন্তব্য করতে রাজি হয়নি স্ট্রাইপ। 

প্রযুক্তিবিষয়ক সংবাদমাধ্যম টেকক্রাঞ্চকে দেওয়া এক বক্তব্যে স্ট্রাইপের এক মুখপাত্র জানান, বাজার বা মাধ্যমের যেকোনো ধরনের গুঞ্জন বা জল্পনা-কল্পনার বিষয়ে কোনো মন্তব্য করা থেকে বিরত থাকে তাঁদের প্রতিষ্ঠান।

ডিবিটেক/বিএমটি    ।    সূত্র: টেকক্রাঞ্চ