এক দশক পর প্রিমিয়াম হেডফোনের বাজারে ফিরছে স্যামসাং
অডিও ডিভাইসের প্রিমিয়াম বাজারে সনি এবং অ্যাপলের একচ্ছত্র আধিপত্যকে চ্যালেঞ্জ জানাতে প্রস্তুতি নিচ্ছে প্রযুক্তি জায়ান্ট স্যামসাং। দীর্ঘ বিরতির পর আবারও ওভার-ইয়ার হেডফোনের ফ্ল্যাগশিপ বাজারে ফিরতে যাচ্ছে দক্ষিণ কোরিয়ার এই প্রতিষ্ঠানটি।
সম্প্রতি অনলাইন মাধ্যমে 'গ্যালাক্সি বার্ডস অন' নামের ইয়ার-হুক ডিজাইনের একটি ইয়ারফোনের ইঙ্গিত পাওয়ার পর এবার স্যামসাংয়ের পরবর্তী প্রিমিয়াম হেডফোনের তথ্য ছড়িয়ে পড়েছে। প্রযুক্তি জগতে গুঞ্জন উঠেছে, ডিভাইসটি সরাসরি সনির 'ডব্লিউএইচ-১০০০এক্সএম৬' এবং অ্যাপলের 'এয়ারপডস ম্যাক্স ২'-এর সঙ্গে প্রতিযোগিতা করবে।
কোডনেম ও আধুনিক প্রযুক্তি
স্যামসাংয়ের নিজস্ব 'গ্যালাক্সি ওয়্যারেবল' অ্যাপের গোপন কোড ও আইকন বিশ্লেষণ করে প্রযুক্তিবিষয়ক পোর্টাল স্যামমোবাইল জানিয়েছে, প্রতিষ্ঠানটি গোপনে একটি ওভার-ইয়ার হেডফোন তৈরি করছে। আপাতত এর অভ্যন্তরীণ সাংকেতিক নাম বা কোডনেম রাখা হয়েছে 'গ্যালাক্সি এইচ১'।
তবে বাজারে এটি ঠিক কী বাণিজ্যিক নামে আত্মপ্রকাশ করবে, তা এখনো জানা যায়নি। অ্যাপের কোডে পাওয়া তথ্যানুযায়ী, এই প্রিমিয়াম হেডফোনে থাকছে ব্লুটুথ ৬.০ সংযোগ সুবিধা, উন্নত অ্যাক্টিভ নয়েজ ক্যানসেলেশন (এএনসি) এবং উচ্চমানের সাউন্ডের জন্য স্যামসাংয়ের নিজস্ব এসএসসি ইউএইচকিউ অডিও কোডেক সমর্থন।
দীর্ঘ বিরতির পর প্রিমিয়াম হেডফোনে ফেরা
ওভার-ইয়ার অডিও বাজারে স্যামসাংয়ের উপস্থিতি নতুন নয়। সর্বশেষ ২০১৪ সালে ৫০ মিলিমিটার ডাইনামিক ড্রাইভার, স্পর্শসংবেদনশীল টাচ কন্ট্রোল এবং নয়েজ ক্যানসেলেশন সুবিধাসহ 'লেভেল ওভার' সিরিজের প্রিমিয়াম হেডফোন বাজারে এনেছিল প্রতিষ্ঠানটি।
তবে এরপর দীর্ঘ এক দশকেরও বেশি সময় ধরে তারা প্রধানত গ্যালাক্সি বার্ডস সিরিজের ইন-ইয়ার বাডসের দিকেই মনোযোগ দিয়েছিল। নতুন এই পদক্ষেপের মাধ্যমে স্যামসাং আবারও হাই-এন্ড অডিও ডিভাইসের মূলধারায় শক্ত অবস্থান তৈরি করতে চাইছে।
স্যামমোবাইলের তথ্যমতে, স্যামসাংয়ের এই নতুন হেডফোনটি ২০২৭ সালের কোনো এক সময়ে আনুষ্ঠানিকভাবে বাজারে উন্মোচিত হতে পারে।
প্রযুক্তি বিশ্লেষকদের মতে, আগামী মাসগুলোতে ডিভাইসটির সুনির্দিষ্ট ফিচার, নকশা এবং দাম সম্পর্কিত আরও নতুন তথ্য সামনে আসতে পারে।
ডিবিটেক/বিএমটি । সূত্র: এনগ্যাজেট





