ইউটিউবে ভিউ
শতাধিক নাটকে কোটির ঘরে হিমি
ক্যারিয়ারের একাদশে এসে শতাধিক নাটকের কোটি ভিউ নিয়ে ইউটিউবে বাংলাদেশের নাটকে রেকর্ড করলেন মডেলিং থেকে অভিনয়ে আসা জনপ্রিয় অভিনেত্রী জান্নাতুল সুমাইয়া হিমি। ১০৯টি নাটকই কোটির ওপর ভিউ পেয়েছে।
এমন সাফল্যে সামাজিক যোগাযোগমাধ্যমে এক পোস্ট দিয়ে হিমিকে শুভেচ্ছা জানিয়েছেন অভিনেতা নিলয় আলমগীর।
নিলয় আলমগীর অভিনন্দন জানিয়ে একটি ছবি শেয়ার করেছেন। যেখানে লেখা আছে, ‘অভিনন্দন জান্নাতুল সুমাইয়া হিমি। নাটক ইন্ড্রাস্ট্রির ইতিহাসে প্রথম অভিনেত্রী হিসেবে জান্নাতুল সুমাইয়া হিমি অভিনীত ১০৯ টি নাটক প্রতিটি ১ কোটি ভিউজ স্পর্শ করেছে।’
এরপর থেকে শুভেচ্ছা বার্তায় ভাসছেন এই অভিনেত্রী। রায়হান কবীর নামের একজন লেখেন, ‘আমার অনেক পছন্দের অভিনেত্রী। আর নিলয় ভাইয়ের সঙ্গে জুটিটা অনেক ভালো মানায়। ’
মাসুম আহমেদ নামে একজন ভক্ত কমেন্ট বক্সে লিখেছেন, ‘আপনাদের দুইজনকে অভিনন্দন।’ আরেকজনের কথায়,‘আপনি আরও ভালো নাটক উপহার দিবেন আশা করি।’
সুমি নামের আরেকজন লেখেন, ‘মাশাআল্লাহ, অভিনন্দন। আসলেই হিমি আপুর নাটক অনেক ভালো লাগে। ’ এমন অসংখ্য মন্তব্য শোভা পাচ্ছে কমেন্ট বক্সে।
কিছু দিন আগে আলোচিত টেলিফিল্ম ‘বড় ছেলে’র ভিউয়ের রেকর্ড ভেঙেছে একক নাটক ‘শ্বশুরবাড়িতে ঈদ’। মহিন খান নির্মিত এই নাটকের প্রধান চরিত্রে অভিনয় করেছেন নিলয় আলমগীর ও জান্নাতুল সুমাইয়া হিমি। বাংলা নাটকের ভিউয়ে এটি এখন শীর্ষে অবস্থান করছে। যদিও ভিউ দিয়ে গুণ বিচারের পক্ষে নন হিমি। এক সাক্ষাৎকারে এ অভিনেত্রী বলেন, ‘আমি ভিউ বা টাকার জন্য অভিনয় করি না। ’







