১১০ বিলিয়ন ডলারে ওয়ার্নার ব্রাদার্স কিনল প্যারামাউন্ট স্কাইড্যান্স

১১০ বিলিয়ন ডলারে ওয়ার্নার ব্রাদার্স কিনল প্যারামাউন্ট স্কাইড্যান্স
১ মার্চ, ২০২৬ ০০:২৪  
২ মার্চ, ২০২৬ ০০:২৭  

নানা জল্পনা-কল্পনার অবসান ঘটিয়ে হলিউডের অন্যতম পুরোনো ও জনপ্রিয় স্টুডিও ওয়ার্নার ব্রাদার্স-কে কিনে নিল প্যারামাউন্ট স্কাইড্যান্স। ২৮ ফেব্রুয়ারি, শুক্রবার দুই পক্ষ আনুষ্ঠানিকভাবে জানিয়েছে, ১১০ বিলিয়ন ডলারে ওয়ার্নার ব্রাদার্স ডিসকভারি-র টিভি, স্টুডিও ও স্ট্রিমিং ব্যবসা অধিগ্রহণ করেছে প্যারামাউন্ট স্কাইড্যান্স।

গত ডিসেম্বরে জানা যায়, ৭২ বিলিয়ন ডলারে ওয়ার্নার ব্রাদার্সকে কিনতে যাচ্ছে নেটফ্লিক্স। প্রাথমিক আলাপ শেষে দুই পক্ষ বিষয়টি নিশ্চিতও করেছিল। তবে এক সপ্তাহের মধ্যেই চুক্তির দৌড়ে যুক্ত হয় প্যারামাউন্ট স্কাইড্যান্স এবং ১০৮ বিলিয়ন ডলারের প্রস্তাব দেয়। শুরু হয় নাটকীয় দর-কষাকষি। কয়েক মাসের পাল্টাপাল্টি প্রস্তাবের পর শেষ পর্যন্ত জয়ী হয় প্যারামাউন্ট স্কাইড্যান্স।

শুক্রবার ওয়ার্নার ব্রাদার্স ডিসকভারি জানায়, তাদের পরিচালনা পর্ষদ প্যারামাউন্টের সর্বশেষ প্রস্তাবকে আগেরগুলোর চেয়ে ভালো বিবেচনা করে গ্রহণ করেছে। সংবাদমাধ্যম ডেডলাইন জানিয়েছে, নেটফ্লিক্সকে চার কার্যদিবস সময় দেওয়া হয়েছিল সমান বা বেশি প্রস্তাব দেওয়ার জন্য। তবে নেটফ্লিক্স জানিয়ে দেয়, তারা আর দাম বাড়াবে না।

প্রতি শেয়ারে ৩১ ডলার প্রস্তাবের পাশাপাশি প্যারামাউন্ট একটি গুরুত্বপূর্ণ শর্তও দেয়। নেটফ্লিক্সের সঙ্গে আগের একীভূতকরণ চুক্তি বাতিলের কারণে ওয়ার্নার ব্রাদার্সের যে ২৮০ কোটি ডলার ‘টার্মিনেশন ফি’ পরিশোধের দায় ছিল, তা নতুন মালিক প্যারামাউন্ট নিজেই বহন করবে। ফলে অধিগ্রহণ না হলেও নেটফ্লিক্স প্রায় ২৮০ কোটি ডলার পাচ্ছে।

নেটফ্লিক্সের কো-সিইও টেড সারান্দোসগ্রেগ পিটার্স এক বিবৃতিতে বলেন, “আমরা বিশ্বাস করি, ওয়ার্নার ব্রাদার্সের আইকনিক ব্র্যান্ডগুলোর যোগ্য অভিভাবক হতে পারতাম। এই চুক্তি বিনোদনশিল্পকে আরও শক্তিশালী করত এবং যুক্তরাষ্ট্রে কর্মসংস্থান বাড়াত। তবে যেকোনো মূল্যে এ লেনদেন সম্পন্ন করা আমাদের জন্য অপরিহার্য ছিল না।”

ডিবিটেক/এনএএন/ইকে