অ্যালেক্স ওয়াং এর নেতৃত্বে নতুন এআই ল্যাব বানাচ্ছে মেটা
স্টার্টআপ ‘স্কেল এআই’-এর প্রতিষ্ঠাতা ও প্রধান নির্বাহী আলেকজান্ডার ওয়াং এর নেতৃত্বে নতুন কৃত্রিম বুদ্ধিমত্তা বা এআই গবেষণা ল্যাব তৈরি করছে টেক জায়ান্ট মেটা। মার্কিন বাণিজ্য প্রকাশনা ব্লুমবার্গ জানিয়েছে, ‘স্কেল এআই’তে এক হাজার কোটি ডলারের বেশি বিনিয়োগের জন্য আলোচনাও সেরেছে ফেইসবুকের মূল কোম্পানিটি। আর নতুন এআই গবেষণা ল্যাব তৈরির ঘোষণার পর মঙ্গলবার মেটার শেয়ার মূল্য বেড়েছে প্রায় এক শতাংশ।
মেটার নতুন এ গবেষণা ল্যাবটি ‘সুপারইন্টেলিজেন্স’ নামে পরিচিত এক ধারণার ওপর নির্ভর করে কাজ করবে বলে খবর দিয়েছে নিউ ইয়র্ক টাইমস। মঙ্গলবার প্রকাশিত প্রতিবেদনে বলা হয়েছে, মানুষের বুদ্ধিমত্তাকেও সুপারইন্টেলিজেন্স এআই সিস্টেমটি ছাড়িয়ে যাবে বলে অনুমান করা হচ্ছে।
তবে এ বিষয়ে আমেরিকান সংবাদমাধ্যম সিএনবিসি লিখেছে, এ বছর এআই অবকাঠামোর জন্য মেটা সাড়ে ছয় হাজার কোটি ডলার পর্যন্ত ব্যয়ের পরিকল্পনা ঘোষণা করেছে। কিন্তু এ বিষয়ে মন্তব্য করতে অস্বীকৃতি জানিয়েছে স্কেল এআই। মন্তব্যের জন্য সিএনবিসির অনুরোধে সাড়া দেয়নি মেটাও।
১৯ বছর বয়সে ‘স্কেল এআই’ প্রতিষ্ঠা করেন ওয়াং। এই প্রতিষ্ঠান থেকেই লার্জ ল্যাঙ্গুয়েজ মডেল প্রশিক্ষণের জন্য প্রয়োজনীয় ডেটা অবকাঠামো সরবরাহ করেন বর্তমানে এআই শিল্পে প্রভাবশালী এই তরুণ। ধারণা করা হচ্ছে, এ নতুন ল্যাবে ওয়াংয়ের যোগ দেওয়ার বিষয়টি মেটার এআই গবেষণায় গুরুত্বপূর্ণ ভূমিকা রাখবে। এ ল্যাবে শীর্ষস্থানীয় এআই গবেষকদের আকৃষ্ট করতে বড় অংকের পারিশ্রমিকের প্রস্তাবও দিচ্ছে মেটা।







