দক্ষিণ কোরিয়ার KAIST ও NIA-এর সহযোগিতায় ইউআইটিএসের ৭২ জন শিক্ষার্থী পেলেন আন্তর্জাতিক সনদ ও সম্মাননা
ইউআইটিএসে শেষ হলো ‘ওয়ার্ল্ড ফ্রেন্ডস কোরিয়া’ আইটি অনলাইন ট্রেনিং প্রোগ্রাম
- কৃত্রিম বুদ্ধিমত্তা (AI), মেশিন লার্নিং (ML), পাইথন ও ভাইব কোডিংয়ের ওপর ৩ সপ্তাহব্যাপী নিবিড় প্রশিক্ষণ গ্রহণ
- দক্ষিণ কোরিয়ার খ্যাতনামা KAIST বিশ্ববিদ্যালয়ের ৪ সদস্যের শিক্ষার্থী স্বেচ্ছাসেবক দল পরিচালনা করে আন্তর্জাতিক এ প্রোগ্রাম
- উদ্ভাবনী প্রজেক্ট প্রতিযোগিতায় বিজয়ী শিক্ষার্থীদের Grand Prize, Excellence, Merit ও Neobjuk অ্যাওয়ার্ড প্রদান
ঢাকা, ১০ আগস্ট, সোমবার: ইউনিভার্সিটি অব ইনফরমেশন টেকনোলজি অ্যান্ড সায়েন্সেস (ইউআইটিএস)-এ ৩ সপ্তাহব্যাপী আন্তর্জাতিক ‘২০২৬ ওয়ার্ল্ড ফ্রেন্ডস কোরিয়া (WFK) আইটি অনলাইন ট্রেনিং প্রোগ্রাম’-এর সমাপনী ও সনদ বিতরণী অনুষ্ঠান সফলভাবে অনুষ্ঠিত হয়েছে। ১০ আগস্ট, সোমবার বিশ্ববিদ্যালয়ের কনফারেন্স রুমে আয়োজিত অনুষ্ঠানের মধ্য দিয়ে নিবিড় অনলাইন প্রশিক্ষণ, প্রজেক্ট মেকিং ও উদ্ভাবনী প্রতিযোগিতার আনুষ্ঠানিক সমাপ্তি ঘটে।
ইউআইটিএসের ইনস্টিটিউশনাল কোয়ালিটি অ্যাসিওরেন্স সেল (IQAC)-এর উদ্যোগে এবং দক্ষিণ কোরিয়ার ন্যাশনাল ইনফরমেশন সোসাইটি এজেন্সি (NIA)-এর সহযোগিতায় এ প্রশিক্ষণ আয়োজিত হয়। দক্ষিণ কোরিয়ার ডেজনে অবস্থিত বিশ্বখ্যাত গবেষণা প্রতিষ্ঠান কোরিয়া অ্যাডভান্সড ইনস্টিটিউট অব সায়েন্স অ্যান্ড টেকনোলজি (KAIST)-এর ৪ সদস্যের একটি শিক্ষার্থী স্বেচ্ছাসেবক দল গত ১৩ জুলাই থেকে ৩ আগস্ট ২০২৬ পর্যন্ত প্রশিক্ষণ কার্যক্রম পরিচালনা করে।
সমাপনী অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন ইউআইটিএসের মাননীয় উপাচার্য প্রফেসর ড. মো. আবু হাসান ভূঁইয়া এবং বিশেষ অতিথি হিসেবে বক্তব্য দেন বিশ্ববিদ্যালয়ের কোষাধ্যক্ষ প্রফেসর ড. সিরাজ উদ্দিন আহমেদ।
অনুষ্ঠানটি সঞ্চালনা করেন ইউআইটিএসের IQAC-এর পরিচালক ইঞ্জিনিয়ার মো. সাফায়েত হোসাইন। অনুষ্ঠানে ইউআইটিএসের রেজিস্ট্রার মোহাম্মদ কামরুল হাসান এবং কম্পিউটার সায়েন্স অ্যান্ড ইঞ্জিনিয়ারিং (CSE) বিভাগের সহযোগী অধ্যাপক ও বিভাগীয় প্রধান মো. আল-ইমতিয়াজসহ উচ্চপদস্থ শিক্ষক ও কর্মকর্তাবৃন্দ উপস্থিত ছিলেন।
প্রশিক্ষণ কর্মসূচিতে ইউআইটিএসের দুই ব্যাচের মোট ৭২ জন শিক্ষার্থী অংশ নেন। প্রশিক্ষণে গুরুত্ব পাওয়া প্রধান প্রধান ক্ষেত্রগুলো হলো: কৃত্রিম বুদ্ধিমত্তা (Artificial Intelligence - AI) ও মেশিন লার্নিং (Machine Learning - ML), পাইথন প্রোগ্রামিং (Python Programming), ভাইব কোডিং (Vibe Coding) ও আধুনিক AI-সহায়ক সফটওয়্যার ডেভেলপমেন্ট এবং উদীয়মান অন্যান্য ডিজিটাল প্রযুক্তির বাস্তবভিত্তিক প্রয়োগঅ
৩ সপ্তাহের কোর্স শেষে শিক্ষার্থীরা অর্জন করা দক্ষতা কাজে লাগিয়ে বিভিন্ন দলভিত্তিক প্রযুক্তিনির্ভর উদ্ভাবনী প্রজেক্ট জমা দেন। KAIST-এর স্বেচ্ছাসেবক দল বিচারক হিসেবে প্রজেক্টের সৃজনশীলতা, সমস্যা সমাধানের সক্ষমতা এবং কারিগরি মান বিবেচনা করে ৪টি ক্যাটাগরিতে পুরস্কার প্রদান করে।
প্রশিক্ষক হিসেবে দায়িত্ব পালন করা কেএআইএসটি (KAIST)-এর স্বেচ্ছাসেবক দলে ছিলেন: জিনহওয়া কিম (김진화) — বায়ো অ্যান্ড ব্রেইন ইঞ্জিনিয়ারিং বিভাগ, হিউনজি হুহ (허현지) — ইন্ডাস্ট্রিয়াল ডিজাইন ও স্কুল অব কম্পিউটিং, হিসাং শিন (신희상) — ম্যাটেরিয়াল সায়েন্স ইঞ্জিনিয়ারিং ও মেকানিক্যাল ইঞ্জিনিয়ারিং বিভাগ এবং মিশায়ে জুং (정미채) — ইলেকট্রিক্যাল ইঞ্জিনিয়ারিং বিভাগ।
সমাপনী অনুষ্ঠানে বক্তারা বলেন, বর্তমান বিশ্বে আর্টিফিশিয়াল ইন্টেলিজেন্স ও আধুনিক ডিজিটাল প্রযুক্তির যে দ্রুত বিকাশ ঘটছে, তাতে শিক্ষার্থীদের বৈশ্বিক প্রতিযোগিতায় টিকিয়ে রাখতে এ ধরনের আন্তর্জাতিক প্রশিক্ষণ অত্যন্ত সহায়ক। ইউআইটিএস কর্তৃপক্ষ সফল আয়োজনের জন্য World Friends Korea (WFK), NIA, KAIST, প্রশিক্ষক, শিক্ষক এবং অংশগ্রহণকারী শিক্ষার্থীদের প্রতি বিশেষ ধন্যবাদ ও কৃতজ্ঞতা প্রকাশ করে।
//ডিবিটেক/ এসইউআই/এমআইএস//





