পদ্মা সেতু হয়ে ঢাকা-গোপালগঞ্জ রুটে ‘অভিযাত্রী কমিউটার’ ট্রেনের উদ্বোধন

পদ্মা সেতু হয়ে ঢাকা-গোপালগঞ্জ রুটে ‘অভিযাত্রী কমিউটার’ ট্রেনের উদ্বোধন
১০ আগষ্ট, ২০২৬ ১৭:০১  

ঢাকা, ১০ আগস্ট, সোমবার: পদ্মা সেতু দিয়ে ঢাকা-গোপালগঞ্জ-ঢাকা রুটে আনুষ্ঠানিকভাবে চলাচল শুরু করেছে ‘অভিযাত্রী কমিউটার’ নামে একজোড়া নতুন ট্রেন।

ঢাকা থেকে গোপালগঞ্জ পর্যন্ত ১৪৮ কিলোমিটার দীর্ঘ এ রুটে ট্রেনটি মোট ৭টি স্টেশনে যাত্রাবিরতি দেবে। স্টেশনগুলো হলো—কেরাণীগঞ্জ, শ্রীনগর, মাওয়া, ভাঙ্গা জংশন, নগরকান্দা, মহেশপুর এবং কাশিয়ানী জংশন। সপ্তাহে প্রতি শনিবার ট্রেনটির যাত্রা বন্ধ থাকবে।

সোমবার (১০ আগস্ট) বিকেল সাড়ে ৩টায় ঢাকা রেলওয়ে স্টেশনে (কমলাপুর) ফলক উন্মোচন করে নতুন এ ট্রেন সার্ভিসের উদ্বোধন করেন সড়ক পরিবহন ও সেতু, নৌপরিবহন এবং রেলপথ মন্ত্রণালয়ের মন্ত্রী শেখ রবিউল আলম।

উদ্বোধনী অনুষ্ঠানে বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন সড়ক পরিবহন ও মহাসড়ক বিভাগ এবং রেলপথ মন্ত্রণালয়ের প্রতিমন্ত্রী হাবিবুর রশিদ, এমপি, রেলপথ মন্ত্রণালয়ের সচিব মো. ফাহিমুল ইসলাম এবং বাংলাদেশ রেলওয়ের মহাপরিচালক মো. আফজাল হোসেনসহ মন্ত্রণালয় ও রেলওয়ের ঊর্ধ্বতন কর্মকর্তারা।

বর্তমান সরকারের মেয়াদকালে সম্পদ ব্যবস্থাপনার দক্ষতা বাড়িয়ে দায়িত্ব গ্রহণের ১৮০ দিনের মধ্যে যাত্রীদের সুবিধার্থে এ নতুন সেবা চালু করা হলো। গোপালগঞ্জ ও মধ্যবর্তী এলাকার চাকরিজীবী, শিক্ষার্থী, ব্যবসায়ীসহ সাধারণ যাত্রীরা প্রতিদিন কম খরচে ঢাকায় যাতায়াত করে কর্মদিবস শেষে নিজ নিজ আবাসে ফিরে যেতে পারবেন। এতে রাজধানীতে স্থায়ীভাবে বসবাসের চাপ কমবে এবং ঢাকার আবাসন, যানজট ও নগরসেবার ওপর বিদ্যমান চাপ হ্রাস পাবে। পাশাপাশি এলাকার কৃষিপণ্য, শাকসবজি ও স্থানীয় উৎপাদিত পণ্য দ্রুত ঢাকায় পরিবাশনের সুবিধা তৈরি হবে, যা স্থানীয় অর্থনীতিকে নতুন গতি দেবে।

রেলওয়ে সূত্রে জানা গেছে, ১৩৫ নম্বর অভিযাত্রী কমিউটার ট্রেনটি প্রতিদিন বিকেল ৩টা ৩০ মিনিটে ঢাকা ছেড়ে সন্ধ্যা ৬টা ৪৫ মিনিটে গোপালগঞ্জ পৌঁছাবে। অন্যদিকে, ১৩৬ নম্বর অভিযাত্রী কমিউটার গোপালগঞ্জ থেকে প্রতিদিন সকাল ৭টা ১৫ মিনিটে ছেড়ে ঢাকায় পৌঁছাবে রাত ১০টা ২৫ মিনিটে। ৮টি কোচবিশিষ্ট এই ট্রেনে আসন সংখ্যা মোট ৬৩০টি।

ট্রেনটির উদ্বোধনী যাত্রায় সাধারণ যাত্রীদের পাশাপাশি সঙ্গী হয়ে গোপালগঞ্জের উদ্দেশ্যে রওনা দেন গোপালগঞ্জ-১ আসনের সংসদ সদস্য মো. সেলিমুজ্জামান মোল্যা, গোপালগঞ্জ-২ আসনের সংসদ সদস্য ডা. কে এম বাবর এবং গোপালগঞ্জ-৩ আসনের সংসদ সদস্য এস এম জিলানী।

//ডিবিটেক/ আরকেএস/এমএসআই//