ডিজিটাল সার্বভৌমে নতুন ভাবনা || নিরাপত্তায় জোর প্রযুক্তি নেতৃত্বের
এআইয়ে বদলাবে বাংলাদেশের প্রযুক্তি খাত
- এআইনির্ভর উৎপাদন, স্বাস্থ্য ও আর্থিক ব্যবস্থার ওপর গুরুত্ব
- সাইবার নিরাপত্তা ও এআই নীতিমালাকে গুরুত্ব দিলেন প্রযুক্তি নেতারা
- শিল্প-শিক্ষার অংশীদারত্বে দক্ষ কর্মশক্তি তৈরির আহ্বান
কৃত্রিম বুদ্ধিমত্তা (এআই) কাজে লাগিয়ে উৎপাদন, স্বাস্থ্য, আর্থিক প্রযুক্তি, সংযোগ ও ব্যবসায়িক প্রবৃদ্ধিসহ দেশের বিভিন্ন খাত রূপান্তরের ওপর গুরুত্ব দিয়েছেন প্রযুক্তি খাতের পেশাজীবী ও উদ্যোক্তারা। তাদের মতে, এআইয়ের কার্যকর প্রয়োগের পাশাপাশি সাইবার নিরাপত্তা, দায়িত্বশীল প্রযুক্তি ব্যবহার, দক্ষ কর্মশক্তি এবং শিল্প-শিক্ষা অংশীদারত্ব নিশ্চিত করা গেলে বাংলাদেশের ডিজিটাল অর্থনীতির বিকাশ আরও ত্বরান্বিত করা সম্ভব।
রাজধানীর গুলশান শুটিং ক্লাবে বাংলাদেশ আইটি প্রফেশনালস নেটওয়ার্কের (বিআইটিপিএন) আয়োজনে ১৯ সেপ্টেম্বর, শনিবার দিনব্যাপী ‘বিআইটিপিএন আইটি লিডার্স কানেক্ট ২০২৬’ অনুষ্ঠানে প্রযুক্তি খাতের নেতৃত্ব, উদ্যোক্তা, ব্যাংকার ও শিক্ষাবিদরা এসব বিষয়ে আলোচনা করেন।
অনুষ্ঠানে স্বাগত বক্তব্য দেন বিআইটিপিএনের উপদেষ্টা ও অনুষ্ঠান চেয়ারম্যান শাহজেব হোসেন এবং সহসভাপতি এস এম সাজ্জাদ হোসেন। মূল বক্তব্য দেন সংগঠনটির প্রতিষ্ঠাতা ও সভাপতি ফারুক আজম আরশাদ। আইটি উদ্যোক্তা ও পেশাজীবিদের এই সম্মেলনে চারটি বিষয় ভিত্তিক প্যানেল আলোচনা হয়েছে। এসব আলোচনায় ঘুরে ফিরে এসেছে কৃত্রিমবুদ্ধিমত্তাকে ভয় না পেয়ে একে কতটা দক্ষতার সঙ্গে এজেন্ট হিসেবে কাজে লাগিয়ে এআই সমৃদ্ধ অর্থনীতির ভিত রচনা করা যায় তার ওপর।
উৎপাদন ও স্বাস্থ্যসেবায় এআই
আবুল খায়ের গ্রুপের এসএফপিএল ও রবিনটেক্স গ্রুপের গ্রুপ প্রধান প্রযুক্তি কর্মকর্তা শায়েরুল হক জোয়ারদার এআইনির্ভর স্মার্ট কারখানার মাধ্যমে উৎপাদনশিল্পের ভবিষ্যৎ নিয়ে আলোচনা করেন। প্রযুক্তিনির্ভর উৎপাদনব্যবস্থায় স্বয়ংক্রিয়তা ও এআই কীভাবে দক্ষতা বাড়াতে পারে, সে বিষয়টি আলোচনায় উঠে আসে।
গ্রামীণ হেলথটেক লিমিটেডের প্রধান নির্বাহী কর্মকর্তা ডা. আহমেদ আরমান সিদ্দিকী প্রযুক্তির মাধ্যমে স্বাস্থ্যসেবার রূপান্তর এবং আরও স্মার্ট ও অন্তর্ভুক্তিমূলক স্বাস্থ্যব্যবস্থা গড়ে তোলার ওপর গুরুত্ব দেন।
ফিঙ্গারটিপস ইনোভেশনস লিমিটেডের ব্যবস্থাপনা পরিচালক ও প্রধান নির্বাহী কর্মকর্তা তৌফিকুল করিম সুহৃদ বাংলাদেশের ডিজিটাল যাত্রায় স্বয়ংক্রিয় ব্যবস্থার ভূমিকা তুলে ধরেন। সিএসএল সফটওয়্যার রিসোর্সেস লিমিটেডের ব্যবস্থাপনা পরিচালক ও সহপ্রতিষ্ঠাতা রফিকুল ইসলাম রাউলী প্রযুক্তি ব্যবসার ধরন পরিবর্তনে এআইয়ের ভূমিকা ব্যাখ্যা করেন।
ফেলিসিটি আইডিসি লিমিটেডের প্রধান নির্বাহী কর্মকর্তা শারফুল আলম সংযোগ অবকাঠামো থেকে এআই পর্যন্ত বাংলাদেশের ডিজিটাল সক্ষমতা নিয়ে আলোচনা করেন। ঢাকা ব্যাংক পিএলসির ব্যবস্থাপনা পরিচালক ও প্রধান নির্বাহী কর্মকর্তা ওসমান এরশাদ ফয়েজ তুলে ধরেন এআই যুগে দেশের আর্থিক প্রযুক্তির সম্ভাবনা।
|
|
এআই বাস্তবায়নে বাস্তব চ্যালেঞ্জসকালের প্রথম প্যানেল ‘এআইচালিত বাংলাদেশ: ভাবনা থেকে বাস্তবায়ন’-এ মো. ইমদাদুল ইসলাম, ওয়াহিদ সাদাত চৌধুরী, মো. মাকসুদ হোসেন, শোয়েব নাওশাদ ও আনামুল হক কলিন্স অংশ নেন। আলোচনায় এআইনির্ভর বাংলাদেশের সম্ভাবনা, বাস্তবায়ন কাঠামো ও বিভিন্ন চ্যালেঞ্জ উঠে আসে। দুপুরের অধিবেশনে ডায়নামিক সলিউশন ইনোভেটরস লিমিটেডের প্রকৌশল ব্যবস্থাপক মো. হাবিবুর রহমান ‘এআইয়ের প্রচারণার বাইরে: উৎপাদনশীলতা বৃদ্ধি থেকে বাস্তব চ্যালেঞ্জ’ বিষয়ে বক্তব্য দেন। এতে এআই ব্যবহারের প্রচারণার পাশাপাশি বাস্তব উৎপাদনশীলতা, প্রয়োগের সীমাবদ্ধতা ও বাস্তব চ্যালেঞ্জের বিষয়গুলো গুরুত্ব পায়। অনুষ্ঠানে শিরোনাম পৃষ্ঠপোষক অ্যাকসেস টেলিকম বাংলাদেশ লিমিটেড, স্বর্ণ পৃষ্ঠপোষক পিকো ক্লাউড লিমিটেড এবং রৌপ্য পৃষ্ঠপোষক গ্রামীণ হেলথটেক লিমিটেড নিজেদের পণ্য ও প্রযুক্তি সমাধান প্রদর্শন করে। |
দক্ষ কর্মশক্তি ও নারী উদ্যোক্তা
বিকেলের ‘শিল্প-শিক্ষা অংশীদারত্ব: ভবিষ্যতের ডিজিটাল কর্মশক্তি গড়া’ শীর্ষক প্যানেলে শামীম আজাদ, ড. শাজ্জাদ হোসাইন, শাহজেব হোসেন, রেজাউল করিম ও সায়েকা হক অংশ নেন। শিল্পের প্রয়োজনের সঙ্গে শিক্ষাব্যবস্থা ও দক্ষতা উন্নয়নকে সামঞ্জস্যপূর্ণ করার বিষয়টি আলোচনায় গুরুত্ব পায়।
‘নারী উদ্যোক্তা: উদ্ভাবন, নেতৃত্ব ও অর্থনৈতিক প্রবৃদ্ধি’ শীর্ষক প্যানেলে অংশ নেন বাক্কো পরিচালক সায়মা শওকত, পররাষ্ট্র মন্ত্রণালয় সম্পর্কিত স্থায়ী কমিটির সভাপতি জাহরাত আদিব চৌধুরী, বেসিসের সাবেক জ্যেষ্ঠ সহসভাপতি ফারহানা এ. রহমান, নারী উদ্যোক্তা ফাহিমা আক্তার ও এমরাজিনা ইসলাম। প্রযুক্তি ও উদ্ভাবনভিত্তিক উদ্যোক্তা তৈরিতে নারীদের অংশগ্রহণের ওপর এ পর্বে গুরুত্ব দেওয়া হয়।
এআই, ব্লকচেইন ও সাইবার নিরাপত্তা
দ্য কম্পিউটার্স লিমিটেডের চেয়ারম্যান খন্দকার আতিক-ই-রাব্বানী এআইকে আরও পরিণত প্রযুক্তিতে রূপ দেওয়ার ক্ষেত্রে ব্লকচেইনের সম্ভাব্য ভূমিকা নিয়ে আলোচনা করেন। বাক্কোর মহাসচিব ফয়সাল আলীম মোবাইল মূল্য সংযোজিত সেবা শিল্পের ২৫ বছরের যাত্রা তুলে ধরেন।
র্যাপটাসের প্রধান নির্বাহী কর্মকর্তা ইউসুফ ফারুকী এআই পরিচালনা, আস্থা তৈরি, ঝুঁকি ব্যবস্থাপনা এবং বৃহৎ পরিসরে এআই নিরাপত্তার প্রয়োজনীয়তা তুলে ধরেন। ইউবিক করপোরেশন লিমিটেডের ব্যবস্থাপনা পরিচালক মোহাম্মদ সামিউল ইসলাম প্রযুক্তির ভবিষ্যৎ প্রভাব নিয়ে আলোচনা করেন। ডেলয়েটের সহযোগী পরিচালক পলাশ মল্লিক এআইয়ের সক্ষমতার পাশাপাশি এর সীমাবদ্ধতার আলোকে ভবিষ্যৎ প্রযুক্তি নেতৃত্বের বিষয়টি তুলে ধরেন।
চতুর্থ প্যানেল ‘এআই, আর্থিক প্রযুক্তি ও সাইবার নিরাপত্তা: একটি বিশ্বস্ত ডিজিটাল অর্থনীতি’-তে সাইফুদ্দিন এম নাসের, এম. সাউদ ইমরান, এস এম তোফায়েল আহমদ, মো. আবুল কালাম আজাদ ও জয়নাল আবেদীন অংশ নেন। এ পর্বে নিরাপদ ডিজিটাল আর্থিক ব্যবস্থা, প্রযুক্তিনির্ভর আর্থিক সেবা এবং সাইবার নিরাপত্তার গুরুত্ব আলোচিত হয়।
বৈশ্বিক প্রযুক্তি অর্থনীতির লক্ষ্য
মাকজেওন লিমিটেডের চেয়ারম্যান মাকসুদ হোসেন বাংলাদেশের ২০০ বিলিয়ন ডলারের প্রযুক্তি অর্থনীতি গড়ে তোলার সম্ভাবনা এবং দেশীয় মেধাকে বৈশ্বিক ব্যবসায় রূপ দেওয়ার পথ নিয়ে আলোচনা করেন।
দিনের শেষ বক্তা গ্রোথ টেকনোলজি লিমিটেডের ব্যবস্থাপনা পরিচালক মো. শহিদুল ইসলাম খান ব্যবসায়িক প্রবৃদ্ধিতে কৃত্রিম বুদ্ধিমত্তার ভূমিকা তুলে ধরেন।
দিনের শেষ পর্বে বিআইটিপিএনের উপস্থাপনা, আজীবন সম্মাননা স্মারক, অতিথি সম্মাননা ও তারকা পারফর্মার সম্মাননা প্রদান এবং র্যাফল ড্র অনুষ্ঠিত হয়।
বিআইটিপিএন জানিয়েছে, দেশের তথ্যপ্রযুক্তি পেশাজীবী, প্রযুক্তি উদ্যোক্তা ও শিল্পনেতাদের জন্য নেটওয়ার্কিং ও জ্ঞান বিনিময়ের একটি প্ল্যাটফর্ম হিসেবে কাজ করছে সংগঠনটি। শিল্প, শিক্ষা ও নীতিনির্ধারণী মহলের মধ্যে সেতুবন্ধন তৈরি করে দেশের প্রযুক্তি প্রতিবেশব্যবস্থা শক্তিশালী করাই সংগঠনটির অন্যতম লক্ষ্য।
//ডিবিটেক/এফএএআই/এসএমই/এমআইএসটি//





