দেশের সুনাম রক্ষায় দায়িত্বশীল অ্যাম্বাসেডর হওয়ার আহ্বান ভিসি ড. ইয়ারুল কবীরের; স্কলারশিপপ্রাপ্তদের ফুল ও ক্রেস্ট প্রদান
যবিপ্রবিতে বিদেশে উচ্চশিক্ষা বিষয়ক সেমিনার ও স্কলারশিপপ্রাপ্তদের সংবর্ধনা
যশোর বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয়ে (যবিপ্রবি) শিক্ষার্থীদের উচ্চশিক্ষায় উৎসাহিত করতে "বিদেশে উচ্চশিক্ষার সুযোগ ও প্রস্তুতির দিকনির্দেশনা" শীর্ষক সেমিনার এবং চলতি বছর ফুল ফান্ডেড স্কলারশিপপ্রাপ্ত প্রাক্তন শিক্ষার্থীদের সংবর্ধনা অনুষ্ঠিত হয়েছে। ৪ আগস্ট, মঙ্গলবার বিশ্ববিদ্যালয় প্রশাসনের উদ্যোগে আয়োজিত অনুষ্ঠানে ফুল ফান্ডেড স্কলারশিপপ্রাপ্ত শিক্ষার্থীদের ফুল, ক্রেস্ট ও স্যুভেনির প্রদান করে সম্মানিত করেন ভিসি অধ্যাপক ড. ইয়ারুল কবীর ও প্রো-ভিসি অধ্যাপক শেখ মাহমুদুল হাসান
৪ আগস্ট, মঙ্গলবার: যশোর বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয়ে (যবিপ্রবি) শিক্ষার্থীদের উচ্চশিক্ষার প্রতি আগ্রহী করা এবং প্রয়োজনীয় দিকনির্দেশনা প্রদানের লক্ষ্যে “বিদেশে উচ্চশিক্ষার সুযোগ ও প্রস্তুতির দিকনির্দেশনা” শীর্ষক সেমিনার অনুষ্ঠিত হয়েছে। আজ মঙ্গলবার দুপুর ২টায় বিশ্ববিদ্যালয়ের অধ্যাপক মোহাম্মদ শরীফ হোসেন গ্যালারীতে "হায়ার স্টাডিস অ্যাবরোড: এ জার্নি টক" শীর্ষক এই সেমিনারের আয়োজন করে ছাত্র পরামর্শ ও নির্দেশনা দপ্তর।
সেমিনার শেষে বিকেল সাড়ে ৩টায় উপাচার্যের সম্মেলন কক্ষে ২০২৬ সালে ফুল ফান্ডেড স্কলারশিপ প্রাপ্ত প্রাক্তন শিক্ষার্থীদের এক শুভেচ্ছা ও সংবর্ধনা অনুষ্ঠান অনুষ্ঠিত হয়। অনুষ্ঠানে সংবর্ধিত শিক্ষার্থীদের হাতে ফুল, ক্রেস্ট ও বিশ্ববিদ্যালয়ের স্মৃতিচিহ্ন (স্যুভেনির) তুলে দেন যবিপ্রবি উপাচার্য অধ্যাপক ড. ইয়ারুল কবীর এবং উপ-উপাচার্য অধ্যাপক শেখ মাহমুদুল হাসান।
প্রধান অতিথির বক্তব্যে উপাচার্য অধ্যাপক ড. ইয়ারুল কবীর বলেন, "উচ্চশিক্ষার আসল উদ্দেশ্য কেবল সার্টিফিকেট অর্জন নয়, বরং অর্জিত জ্ঞান ও নীতিবাচক মানসিকতার মাধ্যমে দেশসেবায় আত্মনিয়োগ করা। বিদেশে অধ্যয়নরত প্রতিটি শিক্ষার্থী প্রকৃতপক্ষে দেশের একেকজন অ্যাম্বাসেডর। কোনো শর্টকাট বা অসততার আশ্রয় না নিয়ে দায়িত্বশীলভাবে মেধা ও গবেষণা দিয়ে বিশ্ববিদ্যালয় তথা দেশের সুনাম রক্ষা করতে হবে।"
বিশেষ অতিথির বক্তব্যে উপ-উপাচার্য অধ্যাপক শেখ মাহমুদুল হাসান বলেন, "অর্জিত মেধা ও দক্ষতা দিয়ে দেশের উন্নয়নে অবদান রেখে মাটির ঋণ পরিশোধ করাই উচ্চশিক্ষার মূল লক্ষ্য হওয়া উচিত। পৃথিবীর যে উন্নত দেশেই থাকি না কেন, নিজ ভূখণ্ডে মাথা উঁচু করে বাঁচার যে আত্মমর্যাদা, তা অন্য কোথাও পাওয়া সম্ভব নয়।"
ছাত্র পরামর্শ ও নির্দেশনা দপ্তরের পরিচালক ড. মো. রাফিউল হাসানের সভাপতিত্বে সেমিনারে বক্তব্য রাখেন বিশ্ববিদ্যালয়ের প্রক্টর ড. মো. হামিদুর রহমান। সেমিনারে আইইএলটিএস/জিআরই প্রস্তুতি, স্কলারশিপ আবেদন প্রক্রিয়া এবং সঠিক বিশ্ববিদ্যালয় ও বিষয় নির্বাচনের কৌশল নিয়ে বিস্তারিত আলোচনা করেন ফুল ফান্ডেড স্কলারশিপপ্রাপ্ত প্রাক্তন শিক্ষার্থীরা। অনুষ্ঠানটি সঞ্চালনা করেন ছাত্র পরামর্শ ও নির্দেশনা দপ্তরের সহকারী পরিচালক মো. শাহনুর রহমান।
//ডিবিটেক/এমএনএইচ/এসএমই//





