প্রধান অতিথি তথ্যমন্ত্রী জহির উদ্দিন স্বপন
বুয়েটে গণঅভ্যুত্থান-২০২৪ স্মারক সভায় গণঅভ্যুত্থানের চেতনা গবেষণায় ফুটিয়ে তোলার আহ্বান
গণঅভ্যুত্থান-২০২৪ উপলক্ষে বাংলাদেশ প্রকৌশল বিশ্ববিদ্যালয় (বুয়েট) শিক্ষক সমিতির উদ্যোগে আজ মঙ্গলবার স্মরণ ও আলোচনা সভা অনুষ্ঠিত হয়েছে। কাউন্সিল ভবনে আয়োজিত এই সভায় প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন তথ্য ও সম্প্রচার মন্ত্রী জহির উদ্দিন স্বপন। তথ্যমন্ত্রী তাঁর বক্তব্যে রক্তক্ষয়ী আন্দোলন এড়াতে একটি স্থায়ী, ন্যায়ভিত্তিক ও মানবিক রাষ্ট্রব্যবস্থা এবং শক্তিশালী গণতান্ত্রিক প্রতিষ্ঠান গড়ে তোলার ওপর জোর দেন।
৪ আগস্ট, মঙ্গলবার: গণঅভ্যুত্থান-২০২৪ উপলক্ষে বাংলাদেশ প্রকৌশল বিশ্ববিদ্যালয়ে (বুয়েট) শিক্ষক সমিতির উদ্যোগে আজ মঙ্গলবার বিকাল ৫টায় বিশ্ববিদ্যালয়ের কাউন্সিল ভবনে এক স্মরণ ও আলোচনা সভা অনুষ্ঠিত হয়েছে। অনুষ্ঠানে বুয়েট শিক্ষক সমিতির সভাপতি অধ্যাপক ড. মোহাম্মদ আনিসুজ্জামান তালুকদারের সভাপতিত্বে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন তথ্য ও সম্প্রচার মন্ত্রী জহির উদ্দিন স্বপন।
আলোচনা সভার শুরুতে জুলাই-২৪ গণঅভ্যুত্থানে শহীদদের আত্মার মাগফিরাত কামনা করে বিশেষ দোয়া ও মোনাজাত করা হয়। একই সঙ্গে আহতদের দ্রুত সুস্থতা কামনা এবং তাঁদের ও পরিবারের প্রতি গভীর সমবেদনা প্রকাশ করা হয়।
প্রধান অতিথির বক্তব্যে তথ্য ও সম্প্রচার মন্ত্রী জহির উদ্দিন স্বপন বলেন, "জাতি হিসেবে আমাদের দুর্ভাগ্য হলো স্বাধীনতার পূর্বাপর ইতিহাসে বারবার আন্দোলন, সংগ্রাম ও রক্তক্ষয়ের মধ্য দিয়ে এগোতে হয়েছে। এটি প্রমাণ করে যে আমরা একটি স্থিতিশীল ও ন্যায়ভিত্তিক রাষ্ট্রব্যবস্থা প্রতিষ্ঠা করতে পারিনি। শহীদদের আত্মত্যাগকে কেবল গর্বের বা আত্মতৃপ্তির বিষয় না বানিয়ে, কেন রাষ্ট্রকে বারবার এমন পরিস্থিতির মুখোমুখি হতে হলো তার কারণ গভীরভাবে বিশ্লেষণ করে স্থায়ী সমাধান নিশ্চিত করাই আমাদের প্রধান দায়িত্ব।"
তিনি আরও বলেন, "একটি গণতান্ত্রিক রাষ্ট্রের শক্তি নির্ভর করে তার প্রাতিষ্ঠানিক সক্ষমতার ওপর। সংসদ, বিচার বিভাগ, নির্বাহী বিভাগ ও আইন বিভাগের কার্যকর ভারসাম্য ও জবাবদিহি নিশ্চিত করতে না পারলে গণতন্ত্র টেকসই হবে না।" মুক্তচিন্তা ও গবেষণার গুরুত্ব তুলে ধরে তথ্যমন্ত্রী দেশের মেধাবী শিক্ষক, গবেষক ও বুদ্ধিজীবীদের প্রতি জুলাই গণঅভ্যুত্থানের প্রকৃত তাৎপর্য এবং ইতিহাস যুক্তিনির্ভর আলোচনার মাধ্যমে নতুন প্রজন্মের সামনে তুলে ধরার আহ্বান জানান।
সভায় বিশেষ অতিথি হিসেবে বক্তব্য রাখেন বিশ্ববিদ্যালয়ের উপ-উপাচার্য অধ্যাপক ড. মোহাম্মদ শরীফুল ইসলাম, প্রাক্তন উপ-উপাচার্য অধ্যাপক ড. আবুল হাসিব চৌধুরী এবং পুরকৌশল অনুষদের ডিন অধ্যাপক ড. মো. আব্দুল জলিল। সভাপতির বক্তব্যে অধ্যাপক ড. মোহাম্মদ আনিসুজ্জামান তালুকদার গণঅভ্যুত্থানের চেতনা ধারণ করে একটি ন্যায়ভিত্তিক, মানবিক ও সমৃদ্ধ বাংলাদেশ গঠনে সকলকে একযোগে কাজ করার আহ্বান জানান। অনুষ্ঠানে বুয়েটের শিক্ষক, শিক্ষার্থী, কর্মকর্তা ও কর্মচারীবৃন্দ উপস্থিত ছিলেন।
বক্তারা মহান জুলাই গণঅভ্যুত্থানের ইতিহাস, এর তাৎপর্য, গণতান্ত্রিক মূল্যবোধ এবং নতুন বাংলাদেশ বিনির্মাণে শিক্ষার্থী, শিক্ষক ও নাগরিক সমাজের ভূমিকার ওপর গুরুত্বারোপ করেন।
//ডিবিটেক/ আইএইচআই/ এসএমই//





