প্রশাসনিক কার্যক্রম দ্রুত ও প্রযুক্তিনির্ভর করতে দুই দিনব্যাপী প্রশিক্ষণের আয়োজন

নোবিপ্রবিতে 'ডি-নথি' বিষয়ক প্রশিক্ষণ উদ্বোধন

  • নোয়াখালী বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয়ে কর্মকর্তাদের জন্য দুই দিনব্যাপী 'ডি-নথি' প্রশিক্ষণের উদ্বোধন করা হয়েছে
    নোবিপ্রবিতে 'ডি-নথি' বিষয়ক প্রশিক্ষণ উদ্বোধন
    ১৯ আগষ্ট, ২০২৬ ১৬:৫১  

    নোয়াখালী বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয়ে (নোবিপ্রবি) কর্মকর্তাদের অংশগ্রহণে দুই দিনব্যাপী ‘ডি-নথি’ বিষয়ক প্রশিক্ষণ কার্যক্রমের আনুষ্ঠানিক উদ্বোধন অনুষ্ঠিত হয়েছে। বুধবার (১৯ আগস্ট ২০২৬) বিশ্ববিদ্যালয়ের ইনস্টিটিউশনাল কোয়ালিটি অ্যাসুরেন্স সেলের (আইকিউএসি) আয়োজনে কম্পিউটার সায়েন্স এন্ড টেলিকমিউনিকেশন ইঞ্জিনিয়ারিং (সিএসটিই) বিভাগের ল্যাব রুমে এ প্রশিক্ষণের উদ্বোধন করা হয়।

    উদ্বোধনী অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন বিশ্ববিদ্যালয়ের মাননীয় উপাচার্য অধ্যাপক ড. গোলাম রব্বানী। প্রধান অতিথির বক্তব্যে তিনি বলেন, "নোবিপ্রবিতে ডি-নথি বিষয়ক এই প্রশিক্ষণের আয়োজন অত্যন্ত সময়োপযোগী একটি উদ্যোগ। বিশ্ববিদ্যালয়ের প্রশাসনিক কার্যক্রমকে ডিজিটাল ব্যবস্থাপনার আওতায় এনে আরও দ্রুত, সহজ ও কার্যকর করার ক্ষেত্রে ডি-নথি গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করতে পারে।"

    উপাচার্য অধ্যাপক ড. গোলাম রব্বানী প্রশিক্ষণ থেকে অর্জিত জ্ঞান কেবল প্রশিক্ষণ কক্ষের মধ্যে সীমাবদ্ধ না রেখে নিজ নিজ দাপ্তরিক ক্ষেত্রে প্রয়োগের ওপর বিশেষ গুরুত্বারোপ করেন। একই সঙ্গে পর্যায়ক্রমে বিশ্ববিদ্যালয়ের সকল পর্যায়ের কর্মকর্তা-কর্মচারীকে এ ব্যবস্থার সঙ্গে সম্পৃক্ত করে প্রশাসনিক কার্যক্রমকে আরও গতিশীল ও প্রযুক্তিনির্ভর করা হবে বলে আশাবাদ ব্যক্ত করেন তিনি।

    আইকিউএসি পরিচালক অধ্যাপক ড. আসাদুন নবীর সভাপতিত্বে অনুষ্ঠানে বিশেষ অতিথি হিসেবে বক্তব্য রাখেন বিশ্ববিদ্যালয়ের উপ-উপাচার্য অধ্যাপক ড. মুহাম্মদ শফিকুল ইসলাম, কোষাধ্যক্ষ অধ্যাপক ড. মো. হাছান উদ্দীন এবং ভারপ্রাপ্ত রেজিস্ট্রার মোহাম্মদ তামজিদ হোছাইন চৌধুরী।

    প্রশিক্ষণে রিসোর্স পার্সন হিসেবে দায়িত্ব পালন করছেন নোবিপ্রবি আইসিটি সেলের সিস্টেম এনালিস্ট মো. মাঈনুদ্দীন, ফয়েজ আহমেদ এবং নোয়াখালী সদর উপজেলা আইসিটি কর্মকর্তা সৈয়দ মোহাম্মদ মিরাজ হোসেন। কোর্স ডিরেক্টর হিসেবে দায়িত্ব পালন করছেন আইকিউএসির অতিরিক্ত পরিচালক (কিউএ) ড. মো. শিবলুর রহমান এবং প্রোগ্রাম মডারেটর ছিলেন অতিরিক্ত পরিচালক (ইটিএল) জি এম রাকিবুল ইসলাম। প্রশিক্ষণে বিশ্ববিদ্যালয়ের বিভিন্ন দপ্তরের কর্মকর্তাবৃন্দ সক্রিয়ভাবে অংশগ্রহণ করেন।

    //ডিবিটেক/এসএইচএম/এমআইএস//