অ্যান্টিবায়োটিক প্রতিরোধ থেকে জিনোম গবেষণায় থাকছে নানা আয়োজন
যবিপ্রবিতে মাসব্যাপী অণুজীব দিবস উদযাপন
- অ্যান্টিবায়োটিক প্রতিরোধ সচেতনতায় মাসব্যাপী কর্মসূচি শুরু
- মাইক্রোবায়োলজি অলিম্পিয়াড ও জাতীয় সম্মেলন আয়োজন
- জিনোম সেন্টারে উন্নত মাইক্রোস্কপি ও মলিকুলার প্রশিক্ষণ
যশোর বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয়ের (যবিপ্রবি) অণুজীববিজ্ঞান (এমবি) বিভাগ আন্তর্জাতিক অণুজীব দিবস ২০২৬ উদযাপন উপলক্ষে মাসব্যাপী বিভিন্ন কর্মসূচি শুরু করেছে। জনস্বাস্থ্য, অ্যান্টিবায়োটিক প্রতিরোধ, জীববিজ্ঞান গবেষণা এবং আধুনিক গবেষণাপদ্ধতি নিয়ে সেপ্টেম্বরজুড়ে এসব কার্যক্রম অনুষ্ঠিত হবে।
১ সেপ্টেম্বর, ‘অ্যান্টিবায়োটিক রেজিস্টেন্স’ সচেতনতা ক্যাম্পেইনের প্রচার কার্যক্রম শুরুর মধ্য দিয়ে ধারাবাহিক কর্মসূচির আনুষ্ঠানিক উদ্বোধন করা হয়।
উদ্বোধনী পর্বে বিশ্ববিদ্যালয়ের উপাচার্য অধ্যাপক ড. ইয়ারুল কবীরের হাতে সচেতনতামূলক লিফলেট হস্তান্তর করেন এমবি বিভাগের চেয়ারম্যান ড. সেলিনা আক্তার। এ সময় বিশ্ববিদ্যালয়ের কোষাধ্যক্ষ ড. মোহাম্মদ ফারুক হাসান, উদযাপন অনুষ্ঠানের আহ্বায়ক ড. অভিনু কিবরিয়া ইসলামসহ বিভাগের অন্যান্য শিক্ষক ও শিক্ষার্থীরা উপস্থিত ছিলেন।
উদ্বোধন শেষে শিক্ষার্থীরা বিশ্ববিদ্যালয়ের বিভিন্ন অফিস ও বিভাগে সচেতনতামূলক লিফলেট বিতরণ করেন।
উদ্বোধনী বক্তব্যে উপাচার্য অধ্যাপক ড. ইয়ারুল কবির আয়োজনটির প্রশংসা করে বলেন, “জনস্বাস্থ্য সুরক্ষায় এন্টিবায়োটিক রেজিস্টেন্স সম্পর্কে সাধারণ মানুষকে সচেতন করা এবং নতুন প্রজন্মকে বিজ্ঞান গবেষণায় উদ্বুদ্ধ করতে অণুজীববিজ্ঞান বিভাগের এই মাসব্যাপী উদ্যোগ অত্যন্ত প্রশংসনীয় ও সময়োপযোগী। আশা করি এই আয়োজন শিক্ষার্থীবৃন্দ ও সর্বসাধারণের মাঝে ইতিবাচক প্রভাব ফেলবে।”
একই সঙ্গে তিনি মাসব্যাপী নেওয়া সব কর্মসূচির সার্বিক সাফল্য ও শুভকামনা ব্যক্ত করেন।
স্থানীয় পর্যায়ে অ্যান্টিবায়োটিক সচেতনতা
বাংলাদেশ সোসাইটি অফ মাইক্রোবায়োলজি (বিএসএম) এবং জাস্ট-মাইক্রোবায়োলজি ক্লাবের সার্বিক সহযোগিতায় ১ থেকে ১৫ সেপ্টেম্বর পর্যন্ত যশোরের স্থানীয় সাধারণ মানুষের মধ্যে অ্যান্টিবায়োটিক রেজিস্টেন্স সচেতনতা ক্যাম্পেইন চালানো হবে।
অ্যান্টিবায়োটিকের যথেচ্ছ ও ভুল ব্যবহারের ফলে অণুজীবের ওষুধ প্রতিরোধী হয়ে ওঠার ঝুঁকি তৈরি হয়। এ কারণে জনসচেতনতা বাড়ানোর পাশাপাশি শিক্ষার্থী ও তরুণদের মধ্যে অণুজীববিজ্ঞান এবং বিজ্ঞান গবেষণার প্রতি আগ্রহ তৈরির বিষয়টিও কর্মসূচিতে গুরুত্ব পেয়েছে।
স্থানীয় স্কুল ও কলেজের শিক্ষার্থীদের জন্য আয়োজন করা হয়েছে মাইক্রোবায়োলজি অলিম্পিয়াড।
গবেষণা ও উদ্ভাবন নিয়ে প্রদর্শনী
১৯ সেপ্টেম্বর আন্তর্জাতিক অণুজীব দিবস উপলক্ষে শোভাযাত্রা ও বিশেষ প্রদর্শনীর আয়োজন করা হবে। প্রদর্শনীতে অণুজীববিজ্ঞান বিভাগের বিভিন্ন গবেষণা, উদ্ভাবন ও অর্জন সাধারণ মানুষের সামনে তুলে ধরা হবে।
এর মাধ্যমে অণুজীববিজ্ঞান গবেষণার ব্যবহারিক প্রয়োগ এবং জনস্বাস্থ্যসহ বিভিন্ন ক্ষেত্রে এর গুরুত্ব তুলে ধরার সুযোগ তৈরি হবে।
জাতীয় সম্মেলনে নতুন গবেষণা
ধারাবাহিক আয়োজনের অংশ হিসেবে ২৬ সেপ্টেম্বর অনুষ্ঠিত হবে দ্বিতীয় জাতীয় কনফারেন্স ‘NEXTGEN MICROBIOLOGY II’।
সম্মেলনে জীববিজ্ঞানের নতুন গবেষণা, আধুনিক ভাবনা ও উদ্ভাবন নিয়ে আলোচনা করবেন দেশবরেণ্য বিজ্ঞানীরা।
সম্মেলনটি অণুজীববিজ্ঞান ও জীববিজ্ঞানের নতুন গবেষণা ধারণা, গবেষণার ফলাফল এবং ভবিষ্যৎ সম্ভাবনা নিয়ে বিজ্ঞানীদের মধ্যে মতবিনিময়ের ক্ষেত্র তৈরি করবে।
জিনোম সেন্টারে হাতে-কলমে প্রশিক্ষণ
মাসব্যাপী আয়োজনের শেষ পর্যায়ে ২৭ থেকে ৩০ সেপ্টেম্বর বিশ্ববিদ্যালয়ের জিনোম সেন্টারের সহযোগিতায় ‘এডভান্সড মাইক্রোস্কপি ও এডভান্সড মলিকুলার টেকনিকস’ শীর্ষক বিশেষ কর্মশালা অনুষ্ঠিত হবে।
কর্মশালায় অংশগ্রহণকারীরা উন্নত মাইক্রোস্কপি ও মলিকুলার গবেষণাপদ্ধতির ওপর সরাসরি হাতে-কলমে প্রশিক্ষণের সুযোগ পাবেন।
অ্যান্টিবায়োটিক প্রতিরোধ নিয়ে জনসচেতনতা তৈরির পাশাপাশি অলিম্পিয়াড, গবেষণা প্রদর্শনী, জাতীয় সম্মেলন এবং হাতে-কলমে প্রশিক্ষণের সমন্বয়ে যবিপ্রবির এই আয়োজন শিক্ষার্থী, গবেষক ও সাধারণ মানুষের মধ্যে অণুজীববিজ্ঞান সম্পর্কে আগ্রহ তৈরির একটি ধারাবাহিক প্ল্যাটফর্ম হিসেবে কাজ করবে।
//ডিবিটেক/ এনএইচজেপি/এসএমই//





