কার্ড সেভ, বায়োমেট্রিক ফেস ভেরিফিকেশন ও নতুন নিরাপত্তা ব্যবস্থার সংযোজন

কার্ড থেকে বিকাশে ‘অ্যাড মানি’ সেবায় বাড়তি নিরাপত্তা ফিচার যুক্ত করল বিকাশ

  • কার্ড থেকে বিকাশ অ্যাকাউন্টে টাকা আনার ক্ষেত্রে নতুন নিরাপত্তা বলয় যুক্ত করল বিকাশ
  • প্রথমবার কার্ড সেভ করার সময় লাইভ সেলফি ও এনআইডির বায়োমেট্রিক ফেস মিল যাচাই আবশ্যক
  • গ্রাহকরা সর্বোচ্চ ৫টি কার্ড সেভ করতে পারবেন; প্রথম কার্ড সেভে ৫০০ টাকা অ্যাড মানি বাধ্যতামূলক

কার্ড থেকে বিকাশে ‘অ্যাড মানি’ সেবায় বাড়তি নিরাপত্তা ফিচার যুক্ত করল বিকাশ
১ আগষ্ট, ২০২৬ ১০:৪০  

ভিসা, মাস্টারকার্ড এবং আমেরিকান এক্সপ্রেস (অ্যামেক্স) কার্ড থেকে বিকাশ অ্যাকাউন্টে ‘অ্যাড মানি’ সেবাকে আরও সুরক্ষিত ও নির্ভরযোগ্য করতে নতুন নিরাপত্তা ফিচার যুক্ত করেছে দেশের বৃহত্তম মোবাইল আর্থিক সেবাদানকারী প্রতিষ্ঠান বিকাশ। ডিজিটাল লেনদেনের নিরাপত্তা নিশ্চিত করা এবং প্রতারণামূলক কর্মকাণ্ড রোধে এই উন্নত প্রযুক্তিগত ব্যবস্থা গ্রহণ করা হয়েছে।

নতুন নিরাপত্তার আওতায় কার্ড সেভ করা বাধ্যতামূলক, বায়োমেট্রিক ফেস ভেরিফিকেশন, প্রথম অ্যাড মানি ও ২৪ ঘণ্টার অপেক্ষা এবং সর্বোচ্চ ৫টি কার্ড সংযুক্তির মতো ফিচার যুক্ত করা হয়েছে। 

ফলে এখন থেকে নতুন কোনো কার্ড থেকে প্রথমবার অ্যাড মানি করার ক্ষেত্রে গ্রাহককে অবশ্যই কার্ডটি বিকাশ অ্যাপে সেভ করতে হবে। তবে আগে থেকে যেসব কার্ড অ্যাপে সেভ করা আছে, সেগুলোর জন্য নতুন করে এই প্রক্রিয়ার মধ্য দিয়ে যেতে হবে না।

কার্ডটি সেভ করার সময় বিকাশ অ্যাকাউন্ট খুলতে ব্যবহৃত জাতীয় পরিচয়পত্রের (এনআইডি) ছবির সাথে মিলিয়ে গ্রাহককে ‘লাইভ সেলফি’র মাধ্যমে বায়োমেট্রিক পদ্ধতিতে নিজের পরিচয় নিশ্চিত করতে হবে।

নিরাপত্তা নিশ্চিতে কার্ড সেভ করার সময়েই ৫০০ টাকার একটি প্রাথমিক অ্যাড মানি ট্রানজেকশন সম্পন্ন করতে হবে। প্রথমবার সফলভাবে কার্ড সেভ করার ২৪ ঘণ্টা পর থেকে গ্রাহকরা নিয়মিত সেভ করা কার্ড থেকে তাৎক্ষণিক অ্যাড মানি সুবিধা ব্যবহার করতে পারবেন।

একজন গ্রাহক তার বিকাশ অ্যাকাউন্টে সর্বোচ্চ ৫টি পর্যন্ত ডেবিট বা ক্রেডিট কার্ড সেভ করে রাখতে পারবেন।কার্ড থেকে বিকাশে তাৎক্ষণিক টাকা এনে ব্যবহারকারীরা দিনরাত যেকোনো সময় কেনাকাটা, ইউটিলিটি বিল পরিশোধ, সেভিংস, ইন্স্যুরেন্স প্রিমিয়াম দেওয়া এবং সেন্ড মানিসহ নানা সেবা নির্বিঘ্নে ব্যবহার করতে পারেন।

বিকাশ জানিয়েছে, দেশে ডিজিটাল পেমেন্ট ব্যবস্থার পরিধি বাড়ার সাথে সাথে গ্রাহকের নিরাপত্তা ও আর্থিক সুরক্ষাকে সর্বোচ্চ গুরুত্ব দেওয়া হচ্ছে। নতুন নিরাপত্তা ফিচারগুলো প্রযুক্তিনির্ভর ক্যাশলেস ইকোসিস্টেমকে আরও সুদৃঢ় ও বিশ্বস্ত করে তুলবে।
//ডিবিটেক/ এসআই/আরআইএম//