উৎপাদন খাতে নতুন ফিশিং হামলা ক্যাসপারস্কির সন্ধান
ক্রেতা সেজে এআই প্রযুক্তির মাধ্যমে তথ্য হাতিয়ে নিচ্ছে হ্যাকাররা
- উৎপাদন খাত লক্ষ্য করে জটিল মাল্টি-স্টেজ ফিশিং ক্যাম্পেইন শুরু
- ই-মেইল ও ভুয়া পিডিএফ ক্লাউড লিংকের মাধ্যমে পাসওয়ার্ড চুরি
- আক্রমণ স্বয়ংক্রিয় করতে কৃত্রিম বুদ্ধিমত্তা (AI) ব্যবহার করছে হ্যাকাররা
বিশ্বজুড়ে উৎপাদন খাতের (ম্যানুফ্যাকচারিং) প্রতিষ্ঠানগুলোকে লক্ষ্য করে এক নতুন ধরনের জটিল ‘মাল্টি-স্টেজ’ ফিশিং হামলার সন্ধান পেয়েছে গ্লোবাল সাইবার নিরাপত্তা প্রতিষ্ঠান ক্যাসপারস্কি। প্রতিষ্ঠানটির গবেষকদের মতে—মালয়েশিয়া, মিসর, চেক প্রজাতন্ত্র ও রাশিয়াসহ বিভিন্ন দেশের উৎপাদনকারী প্রতিষ্ঠানের বিরুদ্ধে এই সাইবার আক্রমণ চালানো হচ্ছে।
২০২৬ সালের এপ্রিল থেকে শুরু হওয়া এই ধারাবাহিক অপতৎপরতা এখনো অব্যাহত রয়েছে।
ক্যাসপারস্কি জানিয়েছে, এই হামলায় অত্যাধুনিক সামাজিক প্রকৌশল (সোশ্যাল ইঞ্জিনিয়ারিং) ও প্রযুক্তির মিশ্রণ ঘটানো হয়েছে। হামলাকারীরা প্রথমে ইংরেজি ভাষায় ই-মেইল পাঠিয়ে নিজেদের সম্ভাব্য ক্রেতা হিসেবে পরিচয় দেয় এবং পণ্যের দাম বা প্রাপ্যতা জানতে চায়। প্রতিষ্ঠানের প্রতিনিধিরা এর জবাব দিলে বিশ্বাস অর্জনের পর দ্বিতীয় ধাপে পণ্যের কারিগরি তথ্যের (টেকনিক্যাল স্পেসিফিকেশন) বাহানা দিয়ে একটি ফাইল ডাউনলোডের লিংক পাঠানো হয়। ব্যবহারকারী সেই লিংকে ক্লিক করলেই তাকে জনপ্রিয় একটি পিডিএফ ক্লাউড সেবার মতো দেখতে হুবহু নকল ও ভুয়া ওয়েবসাইটে নিয়ে যাওয়া হয়। সেখানে নিরাপত্তার অজুহাতে করপোরেট ই-মেইল ঠিকানা ও পাসওয়ার্ড দিয়ে লগইন করতে বলা হয়, যার মাধ্যমে মুহূর্তেই সংবেদনশীল করপোরেট ডেটা হাতিয়ে নেয় হ্যাকাররা।
ক্যাসপারস্কির অ্যান্টি-স্প্যাম বিশেষজ্ঞ রোমান দেদেনক বলেন, “ফিশিং হামলার ধরন এখন আরও জটিল হয়ে উঠছে। হামলাকারীরা ফিশিং ই-মেইল তৈরি বা অন্যান্য প্রক্রিয়া স্বয়ংক্রিয় করতে কৃত্রিম বুদ্ধিমত্তা (এআই) টুলও ব্যবহার করছে।” এই ঝুঁকি কমাতে ক্যাসপারস্কি করপোরেট ই-মেইলের জন্য মেইল সার্ভার সিকিউরিটি সলিউশন, থ্রেট ইন্টেলিজেন্স সার্ভিস এবং অটোমেটেড সিকিউরিটি অ্যাওয়ার্নেস প্ল্যাটফর্মের মাধ্যমে কর্মীদের সাইবার নিরাপত্তা সচেতনতা বৃদ্ধির পরামর্শ দিয়েছে।
//ডিবিটেক/ সিসিএন/ এমএসআই//





