রোগীদের দীর্ঘ অপেক্ষার তালিকা কমাতে যৌথভাবে কাজ করবে দুই প্রতিষ্ঠান
ক্যান্সার চিকিৎসায় সমঝোতা স্মারক স্বাক্ষর করল আইএনএমপি ও এনআইসিআরএইচ
দেশের ক্যান্সার চিকিৎসাসেবাকে আরও সহজলভ্য ও মানসম্পন্ন করতে ইনস্টিটিউট অব নিউক্লিয়ার মেডিকেল ফিজিক্স (আইএনএমপি) এবং জাতীয় ক্যান্সার গবেষণা ইনস্টিটিউট ও হাসপাতালের (এনআইসিআরএইচ) মধ্যে একটি সমঝোতা স্মারক স্বাক্ষরিত হয়েছে। এর ফলে রোগীদের দীর্ঘ অপেক্ষমাণ তালিকা কমবে এবং তাঁরা দ্রুত ও নিবিড় চিকিৎসাসেবা পাবেন।
দেশের ক্যান্সার চিকিৎসাসেবাকে আরও সহজলভ্য করা, রোগীর সেবার মান উন্নয়ন এবং পরিধি বাড়ানোর লক্ষ্যে ইনস্টিটিউট অব নিউক্লিয়ার মেডিকেল ফিজিক্স (আইএনএমপি) এবং জাতীয় ক্যান্সার গবেষণা ইনস্টিটিউট ও হাসপাতালের (এনআইসিআরএইচ) মধ্যে এক গুরুত্বপূর্ণ সমঝোতা স্মারক (এমওইউ) স্বাক্ষরিত হয়েছে।
১৪ জুলাই, মঙ্গলবার রাজধানীর স্বাস্থ্য ও পরিবার কল্যাণ মন্ত্রণালয়ের সভাকক্ষে এই দ্বিপাক্ষিক চুক্তি স্বাক্ষরিত হয়। এর ফলে দেশের ক্যান্সার আক্রান্ত রোগীদের দীর্ঘদিনের ভোগান্তি অনেকাংশে লাঘব হবে এবং তাঁরা আরও নিবিড় ও উন্নত মানের চিকিৎসাসেবা পাবেন।
ক্যান্সার রোগীর সার্বিক ব্যবস্থাপনা, রেডিয়েশন অনকোলজি সেবা, মেডিকেল ফিজিক্স, গুণমান নিশ্চিতকরণ, গবেষণা, শিক্ষা, প্রশিক্ষণ এবং প্রযুক্তিগত উন্নয়নে যৌথ সহযোগিতার বিষয়টি স্বাক্ষরিত সমঝোতা স্মারকে উল্লেখ রয়েছে।
সমঝোতা স্মারক স্বাক্ষর অনুষ্ঠানে উল্লেখ করা হয়, বর্তমানে জাতীয় ক্যান্সার গবেষণা ইনস্টিটিউট ও হাসপাতালে সারা দেশ থেকে আসা রোগীদের দীর্ঘ সিরিয়াল বা অপেক্ষমাণ তালিকায় থাকতে হয়, যা অনেক সময় চিকিৎসার কার্যকারিতাকে ব্যাহত করে। রোগীদের এই দীর্ঘ লাইনের ভোগান্তি কমাতে এবং দ্রুততম সময়ে সেবা নিশ্চিত করতে দুটি স্বনামধন্য প্রতিষ্ঠান যৌথভাবে কাজ করার সিদ্ধান্ত নিয়েছে।
এই সমঝোতা স্মারক স্বাক্ষরের ফলে এখন থেকে জাতীয় ক্যান্সার গবেষণা ইনস্টিটিউট ও হাসপাতালের পাশাপাশি ইনস্টিটিউট অব নিউক্লিয়ার মেডিকেল ফিজিক্সও ক্যান্সার রোগীদের সমানভাবে আধুনিক ও সুবিধাজনক সেবা দিতে সক্ষম হবে। এর ফলে এনআইসিআরএইচের ওপর একক চাপ কমবে এবং হাসপাতালের দীর্ঘ সিরিয়াল বা অপেক্ষার সময় উল্লেখযোগ্যভাবে কমে আসবে।
উভয় প্রতিষ্ঠানের এই সমন্বিত উদ্যোগের মাধ্যমে রোগীরা এখন থেকে কোনো ধরনের দীর্ঘসূত্রতা ছাড়াই উন্নত প্রযুক্তির নিউক্লিয়ার মেডিসিন, নির্ভুল রোগ নির্ণয় এবং নিবিড় থেরাপিউটিক সেবা পাবেন। সংশ্লিষ্ট উভয় কর্তৃপক্ষ প্রত্যাশা প্রকাশ করেছে, এই সমঝোতা স্মারক দেশের সামগ্রিক ক্যান্সার চিকিৎসা ব্যবস্থাপনায় একটি যুগান্তকারী ও ইতিবাচক পরিবর্তন নিয়ে আসবে।
জাতীয় ক্যান্সার গবেষণা ইনস্টিটিউট ও হাসপাতালের পক্ষে পরিচালক ডা. মোস্তফা আজিজ সুমন এবং ইনস্টিটিউট অব নিউক্লিয়ার মেডিকেল ফিজিক্সের (পরমাণু শক্তি গবেষণা প্রতিষ্ঠান) পক্ষে প্রতিষ্ঠানের পরিচালক মো. সেলিম রেজা সমঝোতা স্মারকে স্বাক্ষর করেন।
সমঝোতা স্মারক স্বাক্ষর অনুষ্ঠানে উপস্থিত ছিলেন স্বাস্থ্য ও পরিবার কল্যাণ মন্ত্রী সরদার সাখাওয়াত হোসেন বকুল এমপি, স্বাস্থ্য ও পরিবার কল্যাণ সচিব মো. কামরুজ্জামান চৌধুরী, বিজ্ঞান ও প্রযুক্তি মন্ত্রণালয়ের সচিব মো. আনোয়ার হোসেন, স্বাস্থ্য অধিদপ্তরের মহাপরিচালক ডা. প্রভাত চন্দ্র বিশ্বাস এবং বাংলাদেশ পরমাণু শক্তি কমিশনের চেয়ারম্যান ড. মঈনুল ইসলামসহ অন্যান্য কর্মকর্তারা।
//ডিবিটেক/এমএএএম/এসএমই//





