সিটি ব্যাংক-বিকাশ সেবায় ৩৫ লাখ গ্রাহকের ৩ কোটি ১৯ লাখ ঋণ; খেলাপির হার শূন্য দশমিক ৫ শতাংশ

ডিজিটাল ন্যানো ঋণ বিতরণ ১০ হাজার কোটি টাকা ছাড়াল

সিটি ব্যাংক ও বিকাশের ডিজিটাল ন্যানো ঋণ সেবার মাধ্যমে মোট ঋণ বিতরণ ১০ হাজার কোটি টাকা অতিক্রম করেছে। ২০২১ সালের ডিসেম্বর থেকে এ পর্যন্ত ৩৫ লাখ গ্রাহক ৩ কোটি ১৯ লাখ ঋণ নিয়েছেন। ঋণের খেলাপি ও অবলোপন হার মোট বিতরণের শূন্য দশমিক ৫ শতাংশ বলে জানিয়েছে সংশ্লিষ্ট প্রতিষ্ঠান।

ডিজিটাল ন্যানো ঋণ বিতরণ ১০ হাজার কোটি টাকা ছাড়াল
১৩ জুলাই, ২০২৬ ১৮:৫৮  

সিটি ব্যাংক ও বিকাশের যৌথ ডিজিটাল ন্যানো ঋণ সেবার মাধ্যমে মোট ঋণ বিতরণ ১০ হাজার কোটি টাকা অতিক্রম করেছে। সংশ্লিষ্ট প্রতিষ্ঠানগুলোর তথ্য অনুযায়ী, ২০২১ সালের ডিসেম্বরে সেবাটি চালুর পর থেকে এ পর্যন্ত ৩৫ লাখ গ্রাহক মোট ৩ কোটি ১৯ লাখবার ঋণ গ্রহণ করেছেন।

১৩ জুলাই, সোমবার তথ্য অনুযায়ী, প্রতিজন গ্রাহক গড়ে নয়বারের বেশি এই স্বল্পমেয়াদি ঋণ নিয়েছেন। বর্তমানে ১ কোটি ২০ লাখের বেশি যোগ্য বিকাশ গ্রাহকের জন্য এ সুবিধা উন্মুক্ত রয়েছে। এসব গ্রাহকের একটি বড় অংশের আগে আনুষ্ঠানিক ব্যাংক ঋণ গ্রহণের সুযোগ সীমিত ছিল।

যোগ্য গ্রাহকেরা বিকাশের মোবাইল অ্যাপ ব্যবহার করে এক মিনিটেরও কম সময়ে ঋণ নিতে পারছেন। এ ক্ষেত্রে ব্যাংক শাখায় উপস্থিত হওয়া বা কাগজপত্র জমা দেওয়ার প্রয়োজন হয় না।

প্রতিদিন প্রায় এক লাখ গ্রাহক এ সেবা ব্যবহার করছেন। প্রতিটি ঋণের গড় পরিমাণ প্রায় ৩ হাজার টাকা এবং মাসিক ঋণ বিতরণের পরিমাণ প্রায় ৯০০ কোটি টাকা। এসব ঋণ মূলত ক্ষুদ্র ব্যবসা, পারিবারিক ব্যয়, চিকিৎসা এবং শিক্ষা-সংক্রান্ত স্বল্পমেয়াদি অর্থের চাহিদা পূরণে ব্যবহৃত হচ্ছে।

সংশ্লিষ্ট তথ্য অনুযায়ী, মোট বিতরণ করা ১০ হাজার কোটি টাকার মধ্যে খেলাপি ও অবলোপন করা ঋণের পরিমাণ ৫৩ কোটি টাকা, যা মোট বিতরণের শূন্য দশমিক ৫ শতাংশ। অর্থাৎ বিতরণ করা ঋণের ৯৯ দশমিক ৫ শতাংশ নিয়মিতভাবে পরিশোধ হয়েছে।

সিটি ব্যাংকের ব্যবস্থাপনা পরিচালক ও প্রধান নির্বাহী কর্মকর্তা মাসরুর আরেফিন বলেন, দেশের ব্যাংকিং খাতে খেলাপি ঋণ একটি গুরুত্বপূর্ণ চ্যালেঞ্জ হলেও ছোট অঙ্কের ডিজিটাল ঋণে পরিশোধের হার তুলনামূলকভাবে উচ্চ। তাঁর মতে, এ অভিজ্ঞতা ভবিষ্যতে ডিজিটাল ঋণ ব্যবস্থাপনা নিয়ে ব্যাংকিং খাতের জন্য গুরুত্বপূর্ণ শিক্ষা হতে পারে।
//ডিবিটেক/ডিএইচই/এসআই//