টেক্সটাইল যন্ত্রপাতি ও প্রযুক্তিতে জোরালো হচ্ছে সহযোগিতা
ইতালীয় প্রযুক্তিতে গতি পাবে শিল্পখাত
- প্রযুক্তি বিনিয়োগে আগ্রহ
- আধুনিক যন্ত্রপাতি সম্প্রসারণ
- কারিগরি প্রশিক্ষণে গুরুত্ব
বাংলাদেশের উৎপাদনশিল্পে আধুনিক প্রযুক্তি ও স্বয়ংক্রিয় যন্ত্রপাতির ব্যবহার বাড়াতে ইতালীয় কোম্পানিগুলোর সঙ্গে সহযোগিতা জোরদারের আহ্বান জানানো হয়েছে। চট্টগ্রামে আয়োজিত ইতালিয়ান টেক্সটাইল মেশিনারি ও প্রযুক্তি কোম্পানিগুলোর বিজনেস-টু-বিজনেস (বি-টু-বি) কর্মশালায় প্রযুক্তিনির্ভর শিল্পায়ন, দক্ষ জনবল গঠন এবং উচ্চমানের উৎপাদন ব্যবস্থার ওপর বিশেষ গুরুত্বারোপ করা হয়।
বাংলাদেশে নিযুক্ত ইতালির রাষ্ট্রদূত আন্তোনিও আলেসান্দ্রো বলেন, দেশে বর্তমানে ব্যবসা-বাণিজ্য ও বিনিয়োগের জন্য অনুকূল পরিবেশ রয়েছে। তিনি জানান, ইতালি বাংলাদেশের তৈরি পোশাক শিল্পে আধুনিক টেক্সটাইল প্রযুক্তি, উন্নত উৎপাদন যন্ত্রপাতি এবং গুণগত মান নিয়ন্ত্রণে ডিজিটাল সমাধান দিতে প্রস্তুত। এর মাধ্যমে পণ্যের বহুমুখীকরণ এবং আন্তর্জাতিক প্রতিযোগিতা সক্ষমতা বাড়ানো সম্ভব হবে।
কর্মশালায় বক্তারা বলেন, শুধু যন্ত্রপাতি সরবরাহ নয়, বরং স্থানীয় সার্ভিস সেন্টার, প্রযুক্তিগত সহায়তা, অপারেটর প্রশিক্ষণ এবং যৌথ প্রশিক্ষণ কেন্দ্র প্রতিষ্ঠা করলে প্রযুক্তি হস্তান্তর আরও কার্যকর হবে। এতে বিদেশি প্রযুক্তি ব্যবহারের পাশাপাশি স্থানীয় দক্ষ জনবলও তৈরি হবে।
চিটাগাং চেম্বারের সভাপতি মোহাম্মদ আমিরুল হক বলেন, চট্টগ্রামে চায়না ইকোনমিক জোন, ফ্রি ট্রেড জোন এবং মাতারবাড়ী উন্নয়ন প্রকল্প বাস্তবায়িত হলে অঞ্চলটি দক্ষিণ ও দক্ষিণ-পূর্ব এশিয়ার গুরুত্বপূর্ণ শিল্প, বাণিজ্য ও লজিস্টিকস হাব হিসেবে গড়ে উঠবে। এতে উচ্চপ্রযুক্তিনির্ভর উৎপাদন ও আন্তর্জাতিক সরবরাহ ব্যবস্থার নতুন সুযোগ তৈরি হবে।
ইতালির অনারারি কনসাল মির্জা সালমান ইস্পাহানী বলেন, বাংলাদেশের টেক্সটাইল শিল্পে ইতালীয় প্রযুক্তির চাহিদা বাড়ছে। এ ধরনের বি-টু-বি প্ল্যাটফর্ম দুই দেশের প্রতিষ্ঠানের মধ্যে প্রযুক্তিগত জ্ঞান, উদ্ভাবন এবং শিল্প অভিজ্ঞতা বিনিময় ত্বরান্বিত করবে।
প্রযুক্তি বিশ্লেষকদের মতে, ইতালীয় অটোমেশন, স্মার্ট ম্যানুফ্যাকচারিং, ডিজিটাল ফ্যাক্টরি, এআই-সমর্থিত উৎপাদন ব্যবস্থাপনা, এনার্জি-সাশ্রয়ী যন্ত্রপাতি এবং ইন্ডাস্ট্রি ৪.০ প্রযুক্তি বাংলাদেশের টেক্সটাইল, চামড়া, ইস্পাত ও অন্যান্য উৎপাদনমুখী শিল্পের দক্ষতা ও বৈশ্বিক প্রতিযোগিতা বাড়াতে গুরুত্বপূর্ণ ভূমিকা রাখতে পারে।
//ডিবিটেক/ জেএনও/ এমআই//





