৩০ সেপ্টেম্বরে চিরতরে বন্ধ হচ্ছে ‘মারিও কার্ট ট্যুর’

৩০ সেপ্টেম্বরে চিরতরে বন্ধ হচ্ছে ‘মারিও কার্ট ট্যুর’
৯ জুলাই, ২০২৬ ১৩:৫২  

মোবাইল গেমারদের জন্য মন খারাপের খবর। জনপ্রিয় রেসিং গেম ‘মারিও কার্ট ট্যুর’-এর পথচলা শেষ হতে চলেছে। জাপানি ভিডিও গেম জায়ান্ট নিনটেন্ডো নিশ্চিত করেছে যে, আগামী ৩০ সেপ্টেম্বর (বাংলাদেশ সময় দুপুর ১২টা) থেকে তাদের সাত বছরের পুরোনো এই মোবাইল গেমটির সার্ভার চিরতরে বন্ধ (অফলাইন) করে দেওয়া হবে।  

এর আগে নিনটেন্ডো তাদের ‘অ্যানিমেল ক্রসিং: পকেট ক্যাম্প’ গেমটি বন্ধ করার সময় গেমারদের জন্য একটি অফলাইন সংস্করণ চালু করেছিল। তবে মারিও কার্ট ট্যুরের ক্ষেত্রে কোম্পানিটি এমন কোনো অফলাইন সংস্করণ আনার পরিকল্পনা করছে না। ফলে আগামী সেপ্টেম্বর শেষে গেমটি মোবাইল প্ল্যাটফর্ম থেকে চিরতরে হারিয়ে যাবে।

ইতিমধ্যেই নিনটেন্ডো এই গেমের ডিজিটাল কারেন্সি বা ইন-গেম মুদ্রা ‘রুবি’ বিক্রি বন্ধ করে দিয়েছে। এর পাশাপাশি প্রিমিয়াম গেমের অতিরিক্ত রিওয়ার্ড, চ্যালেঞ্জ এবং ২০০সিসি মোড সমৃদ্ধ ‘গোল্ড পাস’-এর নতুন সাবস্ক্রিপশন ও অটো-রিনিউয়াল সুবিধাও বাতিল করা হয়েছে। যেসব গেমারের ইতিমধ্যে পেইড গোল্ড পাস সাবস্ক্রিপশন চালু ছিল, তারা গেমটি বন্ধ হওয়ার আগ পর্যন্ত এর বেশিরভাগ সুবিধা বিনামূল্যে উপভোগ করতে পারবেন। 

অন্যদিকে, সাধারণ খেলোয়াড়দের জন্য আগামী ৫ আগস্ট থেকে এই গোল্ড পাসের সুবিধাগুলো সম্পূর্ণ ফ্রিতে উন্মুক্ত করে দেওয়া হবে।  

গেমটি বন্ধের এই আভাস অবশ্য বেশ কিছুদিন ধরেই পাওয়া যাচ্ছিল। ২০২৩ সালের শেষের দিকেই মারিও কার্ট ট্যুর মূলত ‘মেইনটেন্যান্স মোড’-এ চলে যায়। ওই সময় থেকেই নিনটেন্ডো গেমটিতে নতুন কোনো রেসিং ট্র্যাক (কোর্স), ক্যারেক্টার ড্রাইভার, কার্ট বা গ্লাইডার যুক্ত করা বন্ধ করে দিয়েছিল।

মোবাইল গেমের বাজার থেকে নিনটেন্ডো এখনই পুরোপুরি মুখ ফিরিয়ে নিচ্ছে না। প্রতিষ্ঠানটি সম্প্রতি ‘পিকটোনিকো!’ নামে একটি নতুন গেম রিলিজ করেছে, যা ব্যবহারকারীর ফোনের ক্যামেরা রোলের ছবি ব্যবহার করে খেলা যায়। এছাড়া বাজারে আসার প্রায় এক দশক পরেও ‘সুপার মারিও রান’ গেমটি এখনও সচল রয়েছে; পাশাপাশি ‘ফায়ার এমব্লেম হিরোস’ এবং গত বছর মুক্তি পাওয়া ‘ফায়ার এমব্লেম শ্যাডোস’ গেম দুটিও খেলা যাচ্ছে। 

বিশ্বজুড়ে তুমুল জনপ্রিয় ‘পোকেমন গো’ (যা চলতি সপ্তাহে দশম বর্ষপূর্তি উদযাপন করেছে) এবং ‘পিকমিন ব্লুম’ মোবাইল বাজারে বেশ সফল হলেও, এগুলো সরাসরি নিনটেন্ডো পরিচালনা করে না।

ডিবিটেক/বিএমটি    ।    সূত্র: এনগ্যাজেট