প্রথম ম্যাচে ড্রয়ের পর জয় খুঁজছে ব্রাজিল, হাইতির সামনে কঠিন সমীকরণ
অপটার সুপারকম্পিউটারের চোখে ব্রাজিল–হাইতি: স্পষ্ট ফেভারিট সেলেসাও
ফিফা বিশ্বকাপ ২০২৬–এর গ্রুপ সিতে নিজেদের দ্বিতীয় ম্যাচে হাইতির মুখোমুখি হচ্ছে ব্রাজিল। অপটার সুপারকম্পিউটার বলছে, ম্যাচটিতে জয়ের সম্ভাবনায় বড় ব্যবধানে এগিয়ে রয়েছে পাঁচবারের বিশ্বচ্যাম্পিয়নরা।
বিশ্বকাপের শুরুটা প্রত্যাশামতো হয়নি ব্রাজিলের। নিজেদের প্রথম ম্যাচে মরক্কোর বিপক্ষে ১–১ গোলের ড্রয়ের পর দ্বিতীয় ম্যাচে ঘুরে দাঁড়ানোর লক্ষ্য নিয়েই মাঠে নামছে সেলেসাওরা। তবে পরিসংখ্যান বলছে, এই ম্যাচে এগিয়ে আছে ব্রাজিলই।
অপটার সুপারকম্পিউটারের পূর্বাভাস অনুযায়ী, হাইতির বিপক্ষে ব্রাজিলের জয়ের সম্ভাবনা ৮৭.৩ শতাংশ। বিপরীতে হাইতির জয়ের সম্ভাবনা মাত্র ৪.৩ শতাংশ এবং ড্রয়ের সম্ভাবনা ৮.৪ শতাংশ।
বিশ্বকাপে প্রথম ম্যাচে ড্র করলেও নকআউটে ওঠার দৌড়ে এখনও শক্ত অবস্থানে রয়েছে ব্রাজিল। অপটার হিসাব অনুযায়ী, গ্রুপ সি-তে শীর্ষস্থান অর্জনের সম্ভাবনা ৫২ শতাংশ এবং শেষ ৩২–এ জায়গা করে নেওয়ার সম্ভাবনা ৯০.৩ শতাংশ। শিরোপা জয়ের সম্ভাবনাও ৫.৪ শতাংশ হিসেবে ধরা হয়েছে।
অন্যদিকে স্কটল্যান্ডের কাছে ১–০ গোলে হেরে শুরু করা হাইতির জন্য ম্যাচটি কার্যত বাঁচা-মরার লড়াই। নকআউটে ওঠার সম্ভাবনা নেমে এসেছে ৫.৮ শতাংশে এবং গ্রুপ চ্যাম্পিয়ন হওয়ার সম্ভাবনা মাত্র ০.৪ শতাংশ।
দুই দলের অতীত পরিসংখ্যানও ব্রাজিলের পক্ষেই। আগের তিন দেখায় তিনবারই জয় পেয়েছে ব্রাজিল। সর্বশেষ ২০১৬ সালের কোপা আমেরিকায় হাইতির বিপক্ষে ৭–১ গোলের বড় জয় পেয়েছিল তারা।
ব্রাজিল কোচ কার্লো আনচেলত্তি অবশ্য প্রথম ম্যাচের ড্র নিয়ে অতিরিক্ত উদ্বিগ্ন নন। তার মতে, উদ্বোধনী ম্যাচের চাপ কাটিয়ে দল আরও ভালোভাবে ফিরতে পারবে।
//ডিবিটেক/এসএইচ/এমআই//





