দক্ষ আইসিটি জনবল তৈরিতে সিসকোকে আরও উদ্যোগী হওয়ার আহ্বান

সিসকো ‘পার্টনার অব দ্য ইয়ার’ সম্মাননা অর্জন করল ইএসএল

বাংলাদেশে ডিজিটাল রূপান্তরে উদ্ভাবনী প্রযুক্তিগত অবদান ও ব্যবসায়িক সাফল্যের স্বীকৃতিস্বরূপ মর্যাদাপূর্ণ “Cisco Partner of the Year FY25 – Bangladesh” সম্মাননা অর্জন করেছে শীর্ষস্থানীয় আইসিটি সমাধান প্রদানকারী প্রতিষ্ঠান এক্সপ্রেস সিস্টেমস লিমিটেড (ইএসএল)। এই গৌরবময় অর্জন উদ্‌যাপনে ৬ জুলাই, সোমবার ঢাকার গুলশানের লেকশোর হোটেলে এক বিশেষ অনুষ্ঠানের আয়োজন করা হয়।

সিসকো ‘পার্টনার অব দ্য ইয়ার’ সম্মাননা অর্জন করল ইএসএল
৬ জুলাই, ২০২৬ ২২:৫৭  

বাংলাদেশের অন্যতম শীর্ষস্থানীয় তথ্য ও যোগাযোগ প্রযুক্তি (ICT) সমাধান ও সেবা প্রদানকারী প্রতিষ্ঠান এক্সপ্রেস সিস্টেমস লিমিটেড (ইএসএল), ‘Cisco India & South Asia Partner Confluence 2026’-এ মর্যাদাপূর্ণ “Cisco Partner of the Year FY25 – Bangladesh” সম্মাননায় ভূষিত হয়েছে। এই গৌরবময় অর্জন উদযাপনের লক্ষ্যে ৬ জুলাই, সোমবার ঢাকার গুলশানের লেকশোর হোটেলে এক স্বীকৃতি ও উদযাপন অনুষ্ঠানের আয়োজন করা হয়।

উদযাপন অনুষ্ঠানে এক্সপ্রেস সিস্টেমস লিমিটেডের চেয়ারম্যান আব্দুল ফাত্তাহ এই খাতে দক্ষ জনশক্তির তীব্র ঘাটতির কথা উল্লেখ করে বলেন, “আমাদের তৈরি করা অনেক কর্মীই এখন বহুজাতিক প্রতিষ্ঠানগুলোতে কাজ করছেন। প্রি-সেলস ও পোস্ট-সেলসে জনবলের ব্যাপক ঘাটতি রয়েছে। সিসকোর উচিত স্থানীয়ভাবে মানবসম্পদ তৈরিতে আরও বিনিয়োগ ও উদ্যোগ নেওয়া। তা না হলে আগামী দিনে দক্ষ লোক পাওয়া কঠিন হবে এবং পেলেও তা বেতন সীমার বাইরে চলে যাবে।” তিনি আরও জানান, দক্ষ তরুণ তৈরিতে ইএসএল সম্প্রতি একটি নিজস্ব ট্রেনিং ল্যাব (CSL ক্লাসরুম) স্থাপন করেছে, যেখান থেকে প্রতি ৩ মাসে অর্ধশত তরুণকে প্রশিক্ষণ দেওয়া সম্ভব।

অনুষ্ঠানে ‘গো বিগ, গো বোল্ড’ স্লোগানকে সামনে রেখে সিসকো বাংলাদেশের কান্ট্রি ডিরেক্টর আতিকুর রহমান বলেন, সিসকো বাংলাদেশে আনুষ্ঠানিক কার্যক্রম শুরুর আগে থেকেই ইএসএল এ দেশে সিসকো ব্র্যান্ড নিয়ে কাজ শুরু করে। অংশীদারদের লয়্যালটি ও দক্ষতার কারণেই সিসকো আজ বাংলাদেশে প্রবৃদ্ধি অর্জন করতে সক্ষম হচ্ছে।

অনুষ্ঠানে অন্যান্যের মধ্যে উপস্থিত ছিলেন এক্সপ্রেস সিস্টেমস লিমিটেডের ডেপুটি ম্যানেজিং ডিরেক্টর আলমগীর হোসেন, সিসকো ইন্ডিয়া ও সার্ক পার্টনার সেলসের চ্যানেল সেলস লিডার আনোয়ার হালিম এবং প্রোগ্রাম ম্যানেজার সি.এম. মোহন গণেশসহ প্রযুক্তি ও ব্যবসায়িক অঙ্গনের বিশিষ্ট ব্যক্তিবর্গ।

প্রসঙ্গত, অনুষ্ঠানে ইএসএল এবং সিসকোর দীর্ঘমেয়াদি অংশীদারিত্বের ভবিষ্যৎ পথচলাকে আরও সুদৃঢ় করার অঙ্গীকার ব্যক্ত করা হয়। ইএসএল-এর অন্যতম বড় সাফল্য হলো বাংলাদেশের প্রথম প্রতিষ্ঠান হিসেবে সিসকোর নেটওয়ার্কিং, সিকিউরিটি এবং কোলাবোরেশন পোর্টফোলিওতে ‘Preferred Partner’ স্বীকৃতি অর্জন করা। ২০১২ সালে সিসকোর সঙ্গে যাত্রা শুরু করার পর থেকে গত দেড় দশকে সরকারি ও বেসরকারি খাতের ১,০০০-এরও বেশি মিশন-ক্রিটিক্যাল প্রকল্প সফলভাবে বাস্তবায়ন করেছে প্রতিষ্ঠানটি। বর্তমানে ইএসএল-এ ২৫০ জনেরও বেশি সার্টিফাইড প্রকৌশলী কর্মরত আছেন, যা দেশে সিসকো-সার্টিফাইড দক্ষ জনবলের অন্যতম বৃহৎ সমন্বয়।

//ডিবিটেক/এমআই/ ইকে//