বৈশ্বিক ব্র্যান্ড পরিচিতি উন্মোচন করল এআইভিত্তিক প্ল্যাটফর্ম ‘টিপসই’

বাংলাদেশে তৈরি কর্মী ব্যবস্থাপনা প্রযুক্তি এখন ১১ দেশে

কৃত্রিম বুদ্ধিমত্তাভিত্তিক কর্মী ব্যবস্থাপনা প্ল্যাটফর্ম টিপসই নতুন ব্র্যান্ড পরিচিতি উন্মোচন করেছে। আন্তর্জাতিক বাজারে সম্প্রসারণের লক্ষ্য নিয়ে লোগোসহ পুরো ব্র্যান্ড পরিচয়ে পরিবর্তন আনা হয়েছে। বর্তমানে বাংলাদেশে তৈরি এই প্রযুক্তি বিশ্বের ১১টি দেশে ব্যবহৃত হচ্ছে।

বাংলাদেশে তৈরি কর্মী ব্যবস্থাপনা প্রযুক্তি এখন ১১ দেশে
৬ জুলাই, ২০২৬ ০০:০০  

কৃত্রিম বুদ্ধিমত্তা (এআই)ভিত্তিক কর্মী ব্যবস্থাপনা (ওয়ার্কফোর্স ম্যানেজমেন্ট) প্ল্যাটফর্ম টিপসই (Tipsoi) আন্তর্জাতিক বাজারে সম্প্রসারণের অংশ হিসেবে নতুন ব্র্যান্ড পরিচিতি উন্মোচন করেছে। বাংলাদেশি প্রযুক্তি প্রতিষ্ঠান ইনোভেস টেকনোলজিস পরিচালিত এই প্ল্যাটফর্ম বর্তমানে বিশ্বের ১১টি দেশে ব্যবহৃত হচ্ছে।

নতুন ব্র্যান্ড পরিচয়ের আওতায় প্রতিষ্ঠানটি তাদের লোগোসহ সম্পূর্ণ ভিজ্যুয়াল আইডেন্টিটি ও ব্র্যান্ডিং কাঠামোতে পরিবর্তন এনেছে। নতুন লোগো বাংলা ও ইংরেজি—উভয় সংস্করণেই প্রকাশ করা হয়েছে। পাশাপাশি ডিজাইন, ভিজ্যুয়াল ভাষা এবং গ্রাহক যোগাযোগের বিভিন্ন উপাদানও নতুনভাবে সাজানো হয়েছে, যাতে দেশীয় ও আন্তর্জাতিক উভয় বাজারে একটি সমন্বিত ব্র্যান্ড অভিজ্ঞতা নিশ্চিত করা যায়।

প্রতিষ্ঠানটির ভাষ্য অনুযায়ী, টিপসইয়ের এআইভিত্তিক সফটওয়্যার, বায়োমেট্রিক এবং অ্যাক্সেস কন্ট্রোল প্রযুক্তি গ্রাহক প্রতিষ্ঠানের নিরাপত্তা জোরদারের পাশাপাশি উৎপাদনশীলতা এবং পরিচালনাগত দক্ষতা বৃদ্ধিতে সহায়তা করে।

বাংলাদেশ প্রকৌশল বিশ্ববিদ্যালয়ের (বুয়েট) একদল প্রকৌশলীর হাতে প্রতিষ্ঠিত টিপসই বর্তমানে ১০ হাজারের বেশি সক্রিয় ডিভাইসের মাধ্যমে ১,২০০টিরও বেশি প্রতিষ্ঠানে সেবা দিচ্ছে। প্ল্যাটফর্মটির ব্যবহারকারী সংখ্যা ২ লাখ ৩৮ হাজারের বেশি।

বাংলাদেশ ছাড়াও সংযুক্ত আরব আমিরাত, মরিশাস, মালয়েশিয়া, তুরস্ক ও পাকিস্তানসহ বিশ্বের মোট ১১টি দেশের বিমানবন্দর, ব্যাংক, শিক্ষাপ্রতিষ্ঠান, কারখানা, স্বাস্থ্যসেবা প্রতিষ্ঠান, এনজিও এবং বিভিন্ন শিল্পপ্রতিষ্ঠানে টিপসইয়ের প্রযুক্তি ব্যবহৃত হচ্ছে। একই সঙ্গে মধ্যপ্রাচ্য, ইউরোপ ও এশিয়ার আরও বিভিন্ন দেশে কার্যক্রম সম্প্রসারণের উদ্যোগ অব্যাহত রয়েছে।

প্রতিষ্ঠানটি জানায়, ২০২৫ সালে দেশীয় ও আন্তর্জাতিক বাজারে প্রায় তিন গুণ প্রবৃদ্ধি অর্জনের পর নতুন ব্র্যান্ড পরিচয়ে যাত্রা শুরু করা হয়েছে। ২০২৬ সালেও একই ধারা অব্যাহত রেখে আন্তর্জাতিক বাজারে আরও শক্তিশালী অবস্থান তৈরি এবং কৃত্রিম বুদ্ধিমত্তা ও স্মার্ট হার্ডওয়্যারভিত্তিক গবেষণায় বিনিয়োগ বাড়ানোর পরিকল্পনা রয়েছে।

টিপসইয়ের বিপণন বিভাগের প্রধান অর্ণব সিকদার বলেন, "একটি ব্র্যান্ডও প্রতিষ্ঠানের সঙ্গে সঙ্গে বিকশিত হয়। আমাদের প্রযুক্তি, প্ল্যাটফর্ম এবং লক্ষ্য—সবই বড় হয়েছে। নতুন এই ব্র্যান্ড পরিচয় আমাদের সেই অগ্রযাত্রার প্রতিফলন। এর মাধ্যমে নতুন বাজার, নতুন পণ্য এবং বাংলাদেশে তৈরি প্রযুক্তিকে আরও কার্যকরভাবে বৈশ্বিক পরিসরে উপস্থাপন করা সম্ভব হবে।"

টিপসইয়ের আন্তর্জাতিক সম্প্রসারণে সহায়তা করছে আন্তর্জাতিক বিনিয়োগ ও অ্যাক্সিলারেটর প্রতিষ্ঠান Accelerating Asia এবং Orbit Ventures। প্রতিষ্ঠান দুটি এশিয়ার সম্ভাবনাময় প্রযুক্তি কোম্পানিতে বিনিয়োগ ও ব্যবসা সম্প্রসারণে সহায়তা দিয়ে থাকে।

আগামী কয়েক মাসের মধ্যে টিপসইয়ের সফটওয়্যার প্ল্যাটফর্ম, বায়োমেট্রিক ও অ্যাক্সেস কন্ট্রোল ডিভাইস, ওয়েবসাইট, মোবাইল অ্যাপ এবং অন্যান্য গ্রাহকসেবামূলক প্ল্যাটফর্মে ধাপে ধাপে নতুন ব্র্যান্ড পরিচিতি চালু করা হবে।

//ডিবিটেক/এসআই/এমআই//