আনসারের ‘প্রান্তিক কণ্ঠস্বর’ মিডিয়া সেলের উদ্বোধন; ডিজিটাল নিরাপত্তা ও তথ্য ব্যবস্থাপনায় আধুনিক নেতৃত্বের ওপর জোর

সীমান্ত পাহারার চেয়েও এখন সাইবার নিরাপত্তা বেশি জরুরি: তথ্যমন্ত্রী

রাজধানীর খিলগাঁওয়ে বাংলাদেশ আনসার ও গ্রাম প্রতিরক্ষা বাহিনীর নতুন মিডিয়া সেল ‘প্রান্তিক কণ্ঠস্বর’-এর উদ্বোধন অনুষ্ঠানে তথ্য ও সম্প্রচারমন্ত্রী জহির উদ্দিন স্বপন বলেছেন, বর্তমান বিশ্বে সীমান্ত পাহারার চেয়েও সাইবার নিরাপত্তা নিশ্চিত করা বেশি গুরুত্বপূর্ণ। তিনি প্রযুক্তিনির্ভর নিরাপত্তা, ডিজিটাল নেতৃত্ব এবং তথ্য ব্যবস্থাপনায় আধুনিক চিন্তার ওপর গুরুত্বারোপ করেন।

সীমান্ত পাহারার চেয়েও এখন সাইবার নিরাপত্তা বেশি জরুরি: তথ্যমন্ত্রী
১ জুলাই, ২০২৬ ১৩:৩২  

সীমান্ত পাহারা বা প্রচলিত প্রতিরক্ষা ব্যবস্থার চেয়েও বর্তমান সময়ে সাইবার নিরাপত্তা নিশ্চিত করা বেশি জরুরি বলে মন্তব্য করেছেন তথ্য ও সম্প্রচারমন্ত্রী জহির উদ্দিন স্বপন। তিনি বলেন, ডিজিটাল প্রযুক্তির বিকাশের ফলে নিরাপত্তা, যোগাযোগ ও তথ্য ব্যবস্থাপনার ধারণায় মৌলিক পরিবর্তন এসেছে। এখন কোনো প্রতিষ্ঠানের সিন্দুক পাহারা দেওয়ার চেয়ে তার কম্পিউটারকে হ্যাকারমুক্ত রাখা এবং হাজার মাইলের সীমান্ত পাহারার চেয়ে সাইবার নিরাপত্তা নিশ্চিত করাই অধিক গুরুত্বপূর্ণ।

১ জুলাই, বুধবার রাজধানীর খিলগাঁওয়ে বাংলাদেশ আনসার ও গ্রাম প্রতিরক্ষা বাহিনীর সদর দপ্তরে বাহিনীর নতুন মিডিয়া সেল ‘প্রান্তিক কণ্ঠস্বর’-এর উদ্বোধনী অনুষ্ঠানে প্রধান অতিথির বক্তব্যে তিনি এসব কথা বলেন।

তথ্যমন্ত্রী বলেন, বর্তমান বিশ্বে যুদ্ধ শুধু সমরাস্ত্রের মধ্যে সীমাবদ্ধ নয় এবং যোগাযোগও কেবল মানুষের কণ্ঠস্বর বিনিময়ের বিষয় নয়। তিনি উল্লেখ করেন, বাংলাদেশ ব্যাংকের রিজার্ভ চুরির ঘটনা দেখিয়ে দিয়েছে, কীভাবে ডিজিটাল কারসাজির মাধ্যমে জাতীয় নিরাপত্তা হুমকির মুখে পড়তে পারে।

তিনি বলেন, বর্তমান বাস্তবতায় ডিজিটাল নেতৃত্ব, সাইবার নিরাপত্তা এবং প্রযুক্তিনির্ভর দক্ষতাই ভবিষ্যতের নিরাপত্তা ব্যবস্থার প্রধান ভিত্তি। শুধু ভৌত নিরাপত্তা নিশ্চিত করলেই চলবে না; তথ্যভান্ডার ও ডিজিটাল অবকাঠামোকে সাইবার হামলা থেকে সুরক্ষিত রাখাও সমান গুরুত্বপূর্ণ।

আনসার ও গ্রাম প্রতিরক্ষা বাহিনীর প্রায় ৬০ লাখ সদস্যকে প্রচলিত দায়িত্বের গণ্ডিতে সীমাবদ্ধ না রেখে প্রযুক্তি, তথ্য ব্যবস্থাপনা ও ডিজিটাল যোগাযোগের সঙ্গে সম্পৃক্ত করার উদ্যোগের প্রশংসা করেন তথ্যমন্ত্রী। তিনি বলেন, সরকারের তথ্য ব্যবস্থাপনা ও ডিজিটাল রূপান্তরের বৃহত্তর পরিকল্পনায় ‘প্রান্তিক কণ্ঠস্বর’ একটি গুরুত্বপূর্ণ অংশ হয়ে উঠবে। এই উদ্যোগ অন্যান্য সরকারি প্রতিষ্ঠানের জন্যও অনুকরণীয় দৃষ্টান্ত।

ডিজিটাল যুগে সবচেয়ে বড় চ্যালেঞ্জ হলো পুরোনো মানসিকতা থেকে বেরিয়ে এসে পরিবর্তনকে গ্রহণ করা—এমন মন্তব্য করে জহির উদ্দিন স্বপন বলেন, অ্যানালগ চিন্তা থেকে ডিজিটাল চিন্তায় রূপান্তর এবং ডিজিটাল নেতৃত্ব গড়ে তোলার বিকল্প নেই।

প্রযুক্তির পরিবর্তনকে একটি চলমান ও গতিশীল প্রক্রিয়া উল্লেখ করে তিনি বলেন, জ্ঞান ও চিন্তার জগৎকে স্থির রাখার কোনো সুযোগ নেই। প্রতিনিয়ত নিজেকে হালনাগাদ রাখতে হবে। অন্যথায় আজ যিনি আধুনিক, আগামীকালই তিনি অপ্রাসঙ্গিক হয়ে যেতে পারেন।

তিনি আশা প্রকাশ করেন, ‘প্রান্তিক কণ্ঠস্বর’ প্ল্যাটফর্মটি অন্যান্য সরকারি প্রতিষ্ঠানের জন্যও একটি অনুসরণযোগ্য মডেল হিসেবে প্রতিষ্ঠিত হবে।

অনুষ্ঠানে বিশেষ অতিথির বক্তব্যে সড়ক যোগাযোগ ও মহাসড়ক এবং রেলপথ প্রতিমন্ত্রী হাবিবুর রশিদ বলেন, বর্তমান সময়ে গুজব ও অপতথ্যের বিস্তার বড় চ্যালেঞ্জ হয়ে দাঁড়িয়েছে। যাচাইকৃত ও জনস্বার্থভিত্তিক তথ্য প্রচারের মাধ্যমে ‘প্রান্তিক কণ্ঠস্বর’ দায়িত্বশীল গণযোগাযোগের একটি নির্ভরযোগ্য প্ল্যাটফর্ম হিসেবে প্রতিষ্ঠিত হবে বলে তিনি আশা প্রকাশ করেন।

স্বাগত বক্তব্য দেন বাংলাদেশ আনসার ও গ্রাম প্রতিরক্ষা বাহিনীর মহাপরিচালক মেজর জেনারেল এ এম সাজ্জাদ মাহমুদ।

//ডিবিটেক/জেএন/এমআই//