স্থানীয় নেতৃত্বকে শক্তিশালী করে ডিজিটাল অবকাঠামো সম্প্রসারণে নতুন দায়িত্ব
ইডটকো বাংলাদেশের নতুন কান্ট্রি এমডি আল-বাতুনী মোহাম্মাদ সাঈদ আহমেদ
- সুনীল আইজ্যাকের স্থলাভিষিক্ত হলেন আল-বাতুনী মোহাম্মাদ সাঈদ আহমেদ
- টেলিযোগাযোগ খাতে তার রয়েছে দুই দশকের বেশি অভিজ্ঞতা।
- প্রায় ১৭ হাজার টাওয়ারের মাধ্যমে ২৮ হাজারের বেশি টেন্যান্সি সেবা দিচ্ছে ইডটকো বাংলাদেশ
ইডটকো বাংলাদেশের নতুন কান্ট্রি ম্যানেজিং ডিরেক্টর (এমডি) হিসেবে নিয়োগ পেয়েছেন আল-বাতুনী মোহাম্মাদ সাঈদ আহমেদ। এ নিয়োগের মাধ্যমে বাংলাদেশে স্থানীয় নেতৃত্বের বিকাশ এবং ডিজিটাল অবকাঠামো সম্প্রসারণে প্রতিষ্ঠানটির অঙ্গীকার আরও জোরদার হবে বলে জানিয়েছে ইডটকো।
এক সংবাদ বিজ্ঞপ্তিতে ৩০ জুন, মঙ্গলবার প্রতিষ্ঠানটি জানায়, টেলিযোগাযোগ ও ডিজিটাল পরিষেবা খাতে দুই দশকের বেশি অভিজ্ঞতাসম্পন্ন আল-বাতুনী মোহাম্মাদ সাঈদ আহমেদ ইডটকো বাংলাদেশের কৌশলগত নেতৃত্ব দেবেন। তিনি টেলিযোগাযোগ অবকাঠামো সম্প্রসারণ, উদ্ভাবন এবং দীর্ঘমেয়াদি প্রবৃদ্ধির বিভিন্ন উদ্যোগ বাস্তবায়নে নেতৃত্ব দেবেন।
বর্তমান দায়িত্ব গ্রহণের আগে তিনি প্রায় ১৭ বছর এরিকসনের বিভিন্ন জ্যেষ্ঠ নেতৃত্বের পদে দায়িত্ব পালন করেন। সেখানে নেটওয়ার্ক রূপান্তর ও ডিজিটাল আধুনিকায়নে গুরুত্বপূর্ণ ভূমিকা রাখেন। সর্বশেষ তিনি ইডটকো বাংলাদেশের স্ট্র্যাটেজি অ্যান্ড ট্রান্সফরমেশন বিভাগের পরিচালক হিসেবে দায়িত্ব পালন করেন এবং পরিচালনাগত দক্ষতা বৃদ্ধি ও দীর্ঘমেয়াদি ব্যবসায়িক প্রবৃদ্ধির বিভিন্ন উদ্যোগে নেতৃত্ব দেন।
নতুন দায়িত্বে তিনি সদ্য বিদায়ী কান্ট্রি ম্যানেজিং ডিরেক্টর সুনীল আইজ্যাক-এর স্থলাভিষিক্ত হলেন। সুনীল আইজ্যাকের নেতৃত্বে ইডটকো বাংলাদেশ সারাদেশে অবকাঠামো সম্প্রসারণের মাধ্যমে নিজেদের অবস্থান আরও শক্তিশালী করেছে। বর্তমানে প্রতিষ্ঠানটি প্রায় ১৭ হাজার টাওয়ারের মাধ্যমে ২৮ হাজারের বেশি টেন্যান্সি সেবা দিচ্ছে এবং দেশের টেলিযোগাযোগ অবকাঠামো উন্নয়নে গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করছে।
ইডটকো গ্রুপের প্রধান নির্বাহী কর্মকর্তা আদলান তাজুদিন বলেন, “বাংলাদেশ ইডটকো গ্রুপের জন্য অত্যন্ত গুরুত্বপূর্ণ একটি বাজার এবং দীর্ঘমেয়াদি প্রবৃদ্ধির অন্যতম চালিকাশক্তি। আল-বাতুনী মোহাম্মাদ সাঈদ আহমেদের টেলিযোগাযোগ খাত সম্পর্কে গভীর জ্ঞান, রূপান্তরমূলক নেতৃত্ব এবং কৌশলগত দূরদৃষ্টি ইডটকো বাংলাদেশের ভবিষ্যৎ প্রবৃদ্ধিকে আরও ত্বরান্বিত করবে।”
তিনি আরও বলেন, “অবকাঠামো শেয়ারিং, উদ্ভাবন এবং টেকসই প্রবৃদ্ধির মাধ্যমে দেশের নির্ভরযোগ্য ডিজিটাল অবকাঠামো গড়ে তুলতে তাঁর নেতৃত্ব গুরুত্বপূর্ণ ভূমিকা রাখবে।”
নবনিযুক্ত কান্ট্রি ম্যানেজিং ডিরেক্টর আল-বাতুনী মোহাম্মাদ সাঈদ আহমেদ বলেন, “ইডটকো বাংলাদেশ ইতোমধ্যে একটি শক্ত ভিত্তি তৈরি করেছে। এই ভিত্তির ওপর দাঁড়িয়ে টেলিযোগাযোগ খাতের সব অংশীজনের সঙ্গে সমন্বয়ের মাধ্যমে দেশের ডিজিটাল অবকাঠামোকে আরও শক্তিশালী করতে আমরা কাজ করব।”
তিনি বলেন, “সবার জন্য অন্তর্ভুক্তিমূলক ডিজিটাল সংযোগ নিশ্চিত করা এবং বাংলাদেশের দীর্ঘমেয়াদি অর্থনৈতিক ও ডিজিটাল অগ্রযাত্রায় অবদান রাখাই আমাদের মূল লক্ষ্য।”
প্রতিষ্ঠানটি জানিয়েছে, এই নিয়োগের মাধ্যমে স্থানীয় নেতৃত্বের বিকাশ, অবকাঠামো শেয়ারিং এবং দেশের ডিজিটাল ভবিষ্যৎ নির্মাণে ইডটকো বাংলাদেশের প্রতিশ্রুতি আরও দৃঢ় হয়েছে।
//ডিবিটেক/সিপিআর/এমআই//





