লিখিত পরীক্ষা ও সাক্ষাৎকারের মাধ্যমে নির্বাচিত প্রার্থীরা পাবেন হুয়াওয়েতে কাজের সুযোগ
বুয়েট-চুয়েটে হুয়াওয়ের ক্যাম্পাস নিয়োগ, অংশ নিলেন ৪০০ শিক্ষার্থী
তরুণ প্রকৌশলীদের কর্মসংস্থানের সুযোগ বাড়াতে বাংলাদেশ প্রকৌশল ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয় এবং চট্টগ্রাম প্রকৌশল ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয়ে ক্যাম্পাস নিয়োগ কর্মসূচি আয়োজন করেছে হুয়াওয়ে। এতে প্রায় ৪০০ শিক্ষার্থী অংশ নেন।
তরুণ প্রকৌশলীদের আন্তর্জাতিক প্রযুক্তি প্রতিষ্ঠানে কাজের সুযোগ দিতে বাংলাদেশ প্রকৌশল ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয় এবং চট্টগ্রাম প্রকৌশল ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয়ে ক্যাম্পাস নিয়োগ কর্মসূচি আয়োজন করেছে হুয়াওয়ে।
৩০ জুন, মঙ্গলবার হুওয়ায়ের পক্ষ থেকে জানানো হয়, ঢাকা ও চট্টগ্রামে গত ২০ জুন অনুষ্ঠিত এই কর্মসূচিতে দুই বিশ্ববিদ্যালয়ের বিভিন্ন বিভাগের প্রায় ৪০০ শিক্ষার্থী অংশ নেন। বহু নির্বাচনী প্রশ্নভিত্তিক পরীক্ষা ও সাক্ষাৎকার শেষে নির্বাচিত প্রার্থীদের হুয়াওয়েতে চাকরির সুযোগ দেওয়া হবে।
দুই বিশ্ববিদ্যালয়ের অনুষ্ঠানে হুয়াওয়ের পক্ষে উপস্থিত ছিলেন জ্যেষ্ঠ বিপণন ব্যবস্থাপক কৌশিক আহমেদ রেজা এবং মানবসম্পদ ব্যবস্থাপক ইফতেখার রহমান।
বাংলাদেশ প্রকৌশল ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয়ের অনুষ্ঠানে হুয়াওয়ের ডেলিভারি অ্যান্ড সার্ভিস বিভাগের সহসভাপতি শিয়েরেন উপস্থিত ছিলেন। অন্যদিকে, চট্টগ্রাম প্রকৌশল ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয়ের অনুষ্ঠানে অংশ নেন মানবসম্পদ বিভাগের উপপরিচালক মো. ফারা নেওয়াজ।
হুয়াওয়ে সাউথ এশিয়ার ব্যবস্থাপনা পরিচালক মাবেন বলেন, প্রতিষ্ঠানটি নিয়মিত স্থানীয় জনবল নিয়োগ করে, যার উল্লেখযোগ্য অংশ তরুণ স্নাতক। ক্যাম্পাস নিয়োগ কর্মসূচির মাধ্যমে মেধাবী শিক্ষার্থীদের আন্তর্জাতিক কর্মপরিবেশে কাজের অভিজ্ঞতা এবং শিল্পখাত-উপযোগী দক্ষতা অর্জনের সুযোগ করে দেওয়া হচ্ছে। তিনি আশা প্রকাশ করেন, এই কর্মসূচির মাধ্যমে দেশের তথ্যপ্রযুক্তি খাতের জন্য দক্ষ মানবসম্পদ তৈরি হবে।
বাংলাদেশ প্রকৌশল ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয়ের অধ্যাপক এ বি এম আলিম আল ইসলাম বলেন, শিক্ষা প্রতিষ্ঠান ও শিল্পখাতের মধ্যে সংযোগ তৈরিতে এ ধরনের উদ্যোগ গুরুত্বপূর্ণ ভূমিকা রাখে। এর মাধ্যমে শিক্ষার্থীরা বাস্তব কর্মপরিবেশ, আধুনিক প্রযুক্তি এবং শিল্পখাতের চাহিদা সম্পর্কে সরাসরি অভিজ্ঞতা অর্জনের সুযোগ পান।
চট্টগ্রাম প্রকৌশল ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয়ের অধ্যাপক মেহেদী হাসান চৌধুরী বলেন, এই কর্মসূচি শিক্ষার্থীদের বিশ্বের অন্যতম শীর্ষ প্রযুক্তি প্রতিষ্ঠানে কাজের সুযোগের দ্বার খুলে দিয়েছে। একই সঙ্গে এটি নতুন স্নাতকদের প্রযুক্তিগত দক্ষতা বাড়িয়ে শিল্পখাতের জন্য আরও প্রস্তুত হতে সহায়তা করবে।
হুয়াওয়ে জানায়, বাংলাদেশে প্রতিষ্ঠানটির অধিকাংশ কর্মীই স্থানীয়ভাবে নিয়োগপ্রাপ্ত। তাঁরা শুধু দেশের কার্যক্রমেই নয়, আঞ্চলিক ও বৈশ্বিক কার্যক্রমেও গুরুত্বপূর্ণ অবদান রাখছেন।
//ডিবিটেক/কেআইবি/এমএইচপিআর//





