হ্যাক হওয়া অ্যাকাউন্ট থেকে পরিচিতদের কাছে পাঠানো হচ্ছে ক্ষতিকর ফাইল, সতর্ক থাকার পরামর্শ
হোয়াটসঅ্যাপে ভুয়া ইনভয়েসে ম্যালওয়্যার ছড়াচ্ছে সাইবার অপরাধীরা: ক্যাসপারস্কি
হোয়াটসঅ্যাপকে ব্যবহার করে নতুন ধরনের ম্যালওয়্যার হামলার সতর্কতা দিয়েছে ক্যাসপারস্কি। হ্যাক হওয়া অ্যাকাউন্ট থেকে পরিচিত ব্যক্তির পরিচয়ে ভুয়া ইনভয়েস ও ব্যাংক নথির ছদ্মবেশে ক্ষতিকর ফাইল পাঠিয়ে ব্যবহারকারীদের কম্পিউটারের নিয়ন্ত্রণ নেওয়ার চেষ্টা করছে সাইবার অপরাধীরা।
হোয়াটসঅ্যাপ ব্যবহার করে ভুয়া ব্যবসায়িক নথির ছদ্মবেশে ম্যালওয়্যার ছড়ানোর নতুন কৌশল শনাক্ত করেছে বৈশ্বিক সাইবার নিরাপত্তা প্রতিষ্ঠান ক্যাসপারস্কি। ক্যাসপারস্কির বৈশ্বিক গবেষণা ও বিশ্লেষণ দল জানায়, সাইবার অপরাধীরা হ্যাক হওয়া হোয়াটসঅ্যাপ অ্যাকাউন্ট ব্যবহার করে পরিচিত ব্যক্তিদের কাছে ক্ষতিকর ফাইল পাঠাচ্ছে।
গবেষণায় দেখা গেছে, ফাইলগুলোকে ইনভয়েস, ব্যাংক হিসাব বিবরণী বা অর্থ পরিশোধ–সংক্রান্ত সাধারণ নথির মতো দেখানো হচ্ছে। বিভিন্ন ভাষায় ফাইলের নাম ব্যবহার করা হচ্ছে। ভেতরের তথ্যও এমনভাবে সাজানো হচ্ছে, যাতে সেটিকে বৈধ অপারেটিং সিস্টেম হালনাগাদ ফাইল বলে মনে হয়।
ক্যাসপারস্কির নিরাপত্তা গবেষক ফারিদ রাদজি বলেন, পরিচিত ব্যক্তির প্রতি ব্যবহারকারীর আস্থাকে কাজে লাগিয়েই এ হামলা পরিচালিত হচ্ছে। ক্ষতিকর ফাইল খোলার সঙ্গে সঙ্গে ধাপে ধাপে ম্যালওয়্যার স্থাপনের প্রক্রিয়া শুরু হয়। পরে ইন্টারনেট থেকে অতিরিক্ত ক্ষতিকর উপাদান নামিয়ে কম্পিউটারে চালু করা হয়।
প্রতিষ্ঠানটির তথ্যমতে, ম্যালওয়্যার প্রথমে ডিভাইসে নতুন ফোল্ডার তৈরি করে। এরপর স্ক্রিপ্টের মাধ্যমে অতিরিক্ত নির্দেশনা নামানো হয়। পরবর্তী ধাপে দূরবর্তী পর্যবেক্ষণ ও ব্যবস্থাপনা সফটওয়্যার স্থাপন করা হয়। এর মাধ্যমে সাইবার অপরাধীরা আক্রান্ত কম্পিউটারে দূর থেকে প্রবেশ করে নিয়ন্ত্রণ নিতে পারে।
এ ধরনের হামলা এড়াতে পরিচিত কারও কাছ থেকেও অপ্রত্যাশিত কোনো ফাইল এলে যাচাই ছাড়া না খোলার পরামর্শ দিয়েছে ক্যাসপারস্কি।
বিশেষ করে স্ক্রিপ্ট বা নির্বাহযোগ্য ধরনের ফাইল খোলার আগে এর সত্যতা নিশ্চিত করতে হবে। একই সঙ্গে কম্পিউটার ও মোবাইল ডিভাইসে নির্ভরযোগ্য সাইবার নিরাপত্তা সমাধান ব্যবহার এবং নিয়মিত হালনাগাদ রাখারও পরামর্শ দিয়েছে প্রতিষ্ঠানটি।
//ডিবিটেক/আরআই/এমআই//





