অর্ণব ও শোয়েবের যৌথ পরিচালনায় শাস্ত্রীয় এবং সমকালীন সুরের অনন্য মেলবন্ধন এই গানটি

কোক স্টুডিও বাংলায় বর্ষার নতুন গান ‘মেঘ’

কোক স্টুডিও বাংলা সিজন ৪-এ মুক্তি পেয়েছে বর্ষার গান ‘মেঘ’। রাগ ‘মিয়াঁ কি মালহার’ অবলম্বনে তৈরি গানটিতে শাস্ত্রীয় ও সমকালীন সুরের মেলবন্ধন ঘটেছে।

কোক স্টুডিও বাংলায় বর্ষার নতুন গান ‘মেঘ’
২৯ জুন, ২০২৬ ০৯:৩২  

বাংলাদেশে বর্ষা মৌসুমের শুরুতে মুক্তি পেয়েছে ‘কোক স্টুডিও বাংলা’ সিজন ৪-এর নতুন গান ‘মেঘ’। ২৮ জুন, রবিবার সন্ধ্যা সাড়ে ৭টায় গানটি সব ডিজিটাল স্ট্রিমিং প্ল্যাটফর্ম এবং কোক স্টুডিও বাংলার অফিশিয়াল ইউটিউব চ্যানেলে প্রকাশ করা হয়। প্রকাশের পর প্রথম ঘণ্টাতেই গানটি হাজার বারের বেশি দেখা হয় এবং রাতেই ১০ হাজার ভিউয়ের মাইলফলক অতিক্রম করে।

আষাঢ়ের আবহকে ঘিরে তৈরি ৬ মিনিট দীর্ঘ এই গানটি মূলত বাংলা শাস্ত্রীয় সংগীতের ঐতিহ্য ও সমকালীন সুরের এক অনন্য সংমিশ্রণ। বর্ষার চিরায়ত শাস্ত্রীয় রাগ ‘মিয়াঁ কি মালহার’ থেকে অনুপ্রাণিত হয়ে গানটির সংগীতায়োজন করেছেন দেশের জনপ্রিয় সংগীতশিল্পী শায়ান চৌধুরী অর্ণব এবং শাস্ত্রীয় সংগীতশিল্পী ও সুরকার মোহাম্মদ শোয়েব। এতে বর্ষাকে ঘিরে মানুষের প্রতীক্ষা, নতুন শুরুর আশা এবং জীবনের পুনর্জাগরণের অনুভূতি ফুটিয়ে তোলা হয়েছে।

রবীন্দ্রনাথ ঠাকুরের সাহিত্য থেকে অনুপ্রেরণা নিয়ে এবং আধুনিক ‘স্পোকেন ওয়ার্ড’-এর সংযোজনে গানটিতে পরিচিত ভাবনাকে সম্পূর্ণ নতুন আঙ্গিকে উপস্থাপন করা হয়েছে। গানটিতে কণ্ঠ দিয়েছেন মাশা ইসলাম, মোহাম্মদ শোয়েব ও মৌসুমি। স্থানীয় সংগীত ঐতিহ্যকে নতুন প্রজন্মের কাছে সমকালীন ভাষায় পৌঁছে দেওয়ার ধারাবাহিক প্রচেষ্টার অংশ হিসেবেই গানটি তৈরি করা হয়েছে বলে জানানো হয়।

//ডিবিটেক/এসআই/ইকে//